ক্রিকেটারদের যত অদ্ভুত নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বল করেছেন বল’—এমন লাইন লিখতে হয়েছে জ্যাক বলের জন্যই। ছবি: গার্ডিয়ান
‘বল করেছেন বল’—এমন লাইন লিখতে হয়েছে জ্যাক বলের জন্যই। ছবি: গার্ডিয়ান

‘বল করছেন বল’—বাক্যটা পড়ে নিশ্চয় একটু ধন্দে পড়ে যেতে পারেন। ‘বল’ আবার কীভাবে বল করেন? তবে বোলারের নামই যদি হয় বল, তাহলে সেটা হতেই পারে। ইংল্যান্ডের জ্যাক বলের জন্যই কাল এমন বাক্যও লিখতে হয়েছে ক্রিকেট সাংবাদিকদের। বল নামের ক্রিকেটার আগেও ছিল, তবে আন্তর্জাতিক ক্রিকেট দেখল এই প্রথম।
ক্রিকেটের সুপ্রাচীন ইতিহাসে অদ্ভুত নামের খেলোয়াড়ের সংখ্যা কম নেই। এর মধ্যে কিছু নাম আসলেই ভড়কে দেওয়ার মতো। চিন্তা করুন তো, ‘পেঁয়াজ’ কোনো মানুষের নাম! গ্রাহাম ওনিয়ন্সের নামের অর্থ তো তা–ই দাঁড়ায়। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ওনিয়ন্স, এই মুহূর্তে অবশ্য দলে নেই।
কয়েক দিন ঢাকা প্রিমিয়ার লিগে খেলে যাওয়া একজন ক্রিকেটারের নাম অনেকেরই মনে থাকার কথা। শচীন নামটা ঠিক আছে, সেটা নিয়ে সমস্যাও নেই কোনো, কিন্তু পরের নামটা ‘বেবি’ হয়ে যাওয়াতেই যত গোল বেঁধেছে। শচীন বেবি নামের শচীন এসেছে টেন্ডুলকারের নাম থেকেই, আর বেবি তাঁর বংশপদবি। আদরের কারও কাছে নয়, সবার কাছেই তিনি ‘বেবি’!
বল আর ওনিয়ন্স যদি থাকতে পারেন, তাহলে দেশের নামে ক্রিকেটার থাকতে পারবেন না কেন? পিকি ইয়া ফ্রান্স নামের এই ক্রিকেটার অবশ্য কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, নামিবিয়ায় প্রথম শ্রেণি ক্রিকেট পর্যন্তই তাঁর দৌড়। তবে নামের সঙ্গে ‘ফ্রান্স’ থাকাটা একটু বিস্ময়েরই।
শুধু বাংলা ভাষার হিসেবেই কিছু কিছু নাম যেমন বেশ অদ্ভুত শোনাবে। একজন মানুষের নাম ‘সুজি’ হয় কী করে? কেনিয়ার মার্টিন সুজিকে বাংলাদেশের অনেকেরই মনে থাকার কথা। ১৯৯৭ আইসিসি ট্রফির ফাইনালে হাসিবুল হোসেনের ওই শেষ রান তো এসেছিল সুজির বল থেকেই। তাঁর ভাই টনি সুজিও কেনিয়ায় খেলেছেন।
শওকত দুকানওয়ালা নামটা শুনলেও ভুরু কুঁচকে যেতে পারে। একটা মানুষের নাম ‘দুকানওয়ালা’, কেমন যেন বেখাপ্পা শোনায় না? দুই কান তো সবার থাকে, সেটার নামের সঙ্গে জুড়ে দেওয়ার দরকার কী? এই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে খেললেও জন্মেছিলেন ভারতের মুম্বাইতেই। নামটাও বোধ হয় মারাঠি ভাষা থেকেই এসেছে।
আচ্ছা, আইনস্টাইন ও নেপোলিয়ন একই সঙ্গে কারও নাম হতে পারে। ভারতে কিন্তু এই নামের একজন ক্রিকেটার আছেন, ২০০৮ সালে বিরাট কোহলির অধীনে অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছিলেন। বাবা-মা সম্ভবত তাঁকে আইনস্টাইনের মতো মেধাবী বা নেপোলিয়নের মতো ওজস্বী দেখতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত বিজ্ঞানী বা সমরনায়ক নন, তিনি হয়েছেন ক্রিকেটার।