ক্রিকেটারদের 'বায়োপিক' চান না গম্ভীর!

ক্রিকেট আর সিনেমা-দুটোই ভারতীয়দের খুব পছন্দের বিষয়। ক্রিকেট কিংবা ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমাও তাই বেশ চলে সেখানে। এই তো কিছুদিন আগে মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনের গল্প নিয়ে একটি ছবি মুক্তি পেয়েছে। হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সিনেমাও। কিন্তু এই ধারাটাই নাকি পছন্দ নয় ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীরের। বলেছেন, ‘দেশে অনেক বিখ্যাত মানুষ আছেন, যাদের অবদান অসামান্য। যদি জীবনের গল্প নিয়ে ছবি করতেই হয়, তবে তাদের গল্পই বেছে নেওয়া উচিত। ক্রিকেটারদের নয়।’
সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গম্ভীরের শীতল সম্পর্কের ব্যাপারটি অবশ্য গোপন কিছু নয়। ধোনির জীবনের গল্প নিয়ে তৈরি ছবিটি মুক্তি পেতে যাওয়ার আগে তাই গম্ভীরের এই মন্তব্যের অন্য মানেও খুঁজছেন অনেকে।
গম্ভীর অবশ্য নির্দিষ্ট কোনো সিনেমার নাম বলেননি। ক্রিকেটারদের নিয়ে ছবি বানানোর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে টুইটারে বলেছেন, ‘ক্রিকেটারদের জীবনের গল্প নিয়ে তৈরি ছবিতে আমার একেবারেই বিশ্বাস নেই। আমার মনে হয় দেশে জন্য ক্রিকেটারদের চেয়েও যাঁরা বেশি অবদান রেখেছেন, তাদের জীবনের গল্প নিয়েই ছবি হওয়া উচিত। দেশে এমন অনেক মানুষ আছেন, যাঁরা অনেক ভালো কাজ করেছেন।’
আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ধোনির জীবনের গল্প নিয়ে তৈরি ছবি, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’—ছবিটিতে ধোনির ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুক্তির আগেই সারা ভারতে বেশ আগ্রহের জন্ম দিয়েছে সিনেমাটি।
শচীন টেন্ডুলকারের জীবনী নিয়েও একটি ছবির কাজ চলছে বলে জানা গেছে। এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হানসি ক্রোনিয়ের জীবনী নিয়ে একটি ছবি মুক্তি পেয়েছিল।
বেশ কিছু দিন ধরেই বলিউডে বিখ্যাত ক্রীড়াবিদদের জীবনের গল্প নিয়ে ছবি তৈরির ধারা চলে আসছে। ইতিমধ্যেই ভারতের অলিম্পিয়ান দৌড়বিদ মিলখা সিং ও লন্ডন অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী নারী বক্সার মেরি কমের জীবনের গল্প তুলে আনা হয়েছে রুপালি পর্দায়। সূত্র: এনডিটিভি।