ক্রিকেটাররা কেন এত চোটে পড়ছেন?

• জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব।
• পরে চোটে পড়েছেন তামিম, মিরাজ, তাসকিন, নাসিরও।
• গত তিন মাসে চোটে পড়েছেন বাংলাদেশ দলের অন্তত সাত ক্রিকেটার।
জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেলেন সাকিব আল হাসান। চোটটা তাঁকে এবং বাংলাদেশ দলকে কতটা ভুগিয়েছে, সেটি দেখাই গেছে। চোট থেকে সেরে উঠতে বাঁহাতি অলরাউন্ডারকে যেতে হয়েছে থাইল্যান্ড-অস্ট্রেলিয়ায় পর্যন্ত। সাকিব এখন চোটমুক্ত হলেও জাতীয় দলে চোটের মিছিল থামেনি। গত তিন মাসে চোটে পড়েছেন বাংলাদেশ দলের অন্তত সাত ক্রিকেটার।
এঁদের মধ্যে তামিম ইকবালই চোটে পড়েছেন দুবার। ফেব্রুয়ারিতে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাহুর ঊর্ধ্বাংশে (বাইসেপস) চোট পেলেন। পরে বাঁ হাঁটুর চোটে পড়লেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে। চোট নিয়েই পরে খেলেছেন নিদাহাস ট্রফি। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে কবজিতে চোট পান মুশফিকুর রহিম। যদিও চোটের কারণে ম্যাচ হাতছাড়া হয়নি তাঁর।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষে পুনর্বাসনে আছেন পিঠে চোট পাওয়া তাসকিন আহমেদ আর কাঁধে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজ। ছুটিতে বাগেরহাট গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রুবেল হোসেন। মুঠোফোনে জানালেন, কদিন ধরে জ্বর, সর্দি, কাশি ভোগাচ্ছে তাঁকে। চোটের তালিকায় সর্বশেষ সংযোজন নাসির হোসেন। আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা–নির্ধারণী ম্যাচ জিতে গিয়েছিলেন ছুটিতে। ছুটি থেকে ফিরলেন ক্রাচে ভর দিয়ে। ডান হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন ২৬ বছর বয়সী এ অলরাউন্ডার।
খেলতে গেলে চোট হানা দিতেই পারে। কিন্তু গত কিছুদিনে ক্রিকেটারদের চোটে পড়ার হারটা একটু বেশিই। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী অবশ্য বলছেন, ‘সাম্প্রতিক সময়ে খেলোয়াড়েরা বেশি চোটে পড়ছে, বিষয়টি তা নয়। গত কদিনে জাতীয় দলের কজন খেলোয়াড় একই সময়ে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেছে বলে এমনটা মনে হতে পারে। চোট দুই ধরনের। হঠাৎ পাওয়া আঘাত, যেটা নাসির পেয়েছে। আরেকটি হচ্ছে ক্রনিক চোট, যেটি অনেক দিন ধরে খেলোয়াড়েরা বয়ে বেড়ায়। তামিম-তাসকিন-মিরাজ পড়েছে এ ধরনের চোটে। একই সঙ্গে সবাই চোটে পড়ছে সেটা বলা যাবে না। হঠাৎ এক সঙ্গে রিকভার করতে এসেছে। ইতিবাচক দিক হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম, ফিজিও থেরাপি ভালো বলে তারা দ্রুত সেরেও উঠছে।’

গত বছর অস্ট্রেলিয়া সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার পরপরই অ্যাংকলে চোট পান সাকিব। কীভাবে এ চোট পেয়েছিলেন তিনি, সেটি অবশ্য জানায়নি বিসিবি। গত চ্যাম্পিয়নস ট্রফির পর এমন এক ভুতুড়ে চোটে পড়েন রুবেল। সবশেষ নাসির গুরুতর চোটে পড়লেন, সেটিও ক্রিকেটীয় কারণে নয়। বারবার রহস্যময় চোটে পড়ায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ দলের খেলোয়াড়েরা চোট নিয়ে কতটা সচেতন?
দেবাশীষ চৌধুরীর দাবি, নিজেদের ফিটনেস ও চোট ব্যবস্থাপনা নিয়ে ক্রিকেটাররা যথেষ্ট সচেতন, ‘খেলতে গেলে চোটে পড়তেই পারে। সব সময়ই শতভাগ চোটমুক্ত থাকা কঠিন। তবে ফিটনেস ঠিক রাখতে হলে আপনাকে বুঝতে হবে, কোন খেলাটা খেলব আর কোনটা খেলব না। অনেক সময় পরিস্থিতি এমনই থাকে বাধ্য হয়ে খেলতে হয়। পরে সেটির ধকল যেন কাটিয়ে ওঠা যায়, সে দিকটিও খেয়াল রাখতে হবে।’
স্বস্তির খবর হচ্ছে এ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের কোনো ব্যস্ততা নেই। খেলোয়াড়দের হাতে তাই যথেষ্ট সময় থাকছে পুনর্বাসনপ্রক্রিয়া শেষে পুরোপুরি চোটমুক্ত হয়ে মাঠে ফেরার। তবে তারকা ক্রিকেটারদের অবশ্যই মিস করবে কাল থেকে শুরু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএল।