ক্রিকেটাররা গরমকে জয় করছেন যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গরমে মাংসপেশিতে টান লাগার অসহনীয় অভিজ্ঞতা হচ্ছে অনেকেরই। ছবি: প্রথম আলো
এই গরমে মাংসপেশিতে টান লাগার অসহনীয় অভিজ্ঞতা হচ্ছে অনেকেরই। ছবি: প্রথম আলো

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (সকাল ১১টা পর্যন্ত) ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গা পুড়িয়ে দেওয়া এই গরমে যেখানে ১০ মিনিট দাঁড়িয়ে থাকা কঠিন, সেখানে ঘণ্টার পর ঘণ্টা ঝাঁ ঝাঁ রোদ্দুরে খেলতে হচ্ছে ক্রিকেটারদের! তীব্র এই গরমের মধ্যেই যে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা-নির্ধারণী পর্ব—সুপার লিগ!
বেশির ভাগ খেলোয়াড় ও ক্লাব যদিও চেয়েছিল অসহনীয় গরম থেকে বাঁচতে সুপার লিগ অন্তত কিছুদিন পিছিয়ে দেওয়া হোক। আয়োজক সিসিডিএম এ দাবি কানেই তোলেনি। নিরুপায় ক্রিকেটাররা তাই গরমের চিন্তা বাদ দিয়ে মাঠেই মনোযোগ দিতে বাধ্য হচ্ছেন।
তীব্র এই গরমে প্রিমিয়ার লিগে প্রায় প্রতি ম্যাচেই খেলোয়াড়দের পানিশূন্যতা থেকে মাংসপেশিতে টান বা ক্র্যাম্পের সমস্যায় পড়তে হচ্ছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার জহুরুল ইসলামের মাংসপেশিতে টান লেগেছে দুবার। ৩ মে বিকেএসপিতে পারটেক্সের বিপক্ষে এই চোটে পড়ে সেঞ্চুরির স্বপ্ন বিসর্জন দিয়ে ৯৬ রানে ফিরে আসতে হয়েছে তাঁকে।
জহুরুল বললেন, ক্র্যাম্প থেকে বাঁচতে অনেক চেষ্টাই করছেন, তবু এড়ানো যাচ্ছে না, ‘পানি খাচ্ছি বেশি। কিন্তু যে পরিমাণ ঘাম হয়, তাতে পানি খেয়ে কুলিয়ে ওঠা যায় না। খেলার মাঠে পানি-ডাব খাওয়াতেই যদি ব্যস্ত থাকেন, খেলবেন কখন? চোট কাটিয়ে উঠতে রাতে স্যালাইন দিয়েছি। আমাদের তো খেলতেই হবে। ঢাকা প্রিমিয়ার লিগ ছেড়ে দিতে পারব না। গরমের বিষয়টি বিবেচনা করা উচিত বোর্ডের।’
শুধু অভিজ্ঞ নয়, তরুণ খেলোয়াড়েরা একই চোটে পড়ছেন। ক্র্যাম্প থেকে বাঁচতে মুমিনুল হক তাই কিছু সতর্কতা অবলম্বন করছেন, ‘গরম শরীর দুর্বল করে দেয়। আমার ঘাম একটু কম হওয়ায় ক্র্যাম্প কম হয়। ম্যাচের আগের দিন পুরো বিশ্রামে থাকি। তবে অতিরিক্ত গরমে রানিং করতে পারছি না, যেটা ম্যাচের আগে খুব জরুরি। এই সময় পানি আর ফল বেশি খাই। ডায়েটও করা যায় না। তাহলে ম্যাচের আগে শক্তি হারাতে হবে। একটা বড় ইনিংস খেললে প্রায় দুই দিন লেগে যায় সেটার ধকল কাটিয়ে উঠতে।’
গরমের ধকল সবচেয়ে বেশি সইতে হচ্ছে পেসারদের। কাল রাতে যখন প্রাইম ব্যাংকের পেসার আল আমিনের সঙ্গে কথা হলো, তিনি যাচ্ছিলেন মেডিকেল রিপোর্ট আনতে। দুদিন ধরে জ্বরে ভুগছেন আল আমিন। জাতীয় দলের আরেক পেসার কামরুল ইসলাম রাব্বী অবশ্য এখনো বড় কোনো চোট পড়েননি। গরমকে জয় করে ফিট থাকার কিছু কৌশল বললেন মোহামেডানের এই পেসার, ‘ম্যাচের দুই দিন আগ থেকে প্রস্তুতি নিই। ম্যাচের পরের দিন পূর্ণ বিশ্রামে থাকি। বাসায় তরলজাতীয় খাবার বেশি খাই। ম্যাচের আগে অনুশীলন পর্যন্ত চলে এই রুটিন। অনুশীলনের পর আবারও বিশ্রামে থাকার চেষ্টা করি। এ সময় জিমটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে মাংসপেশি দুর্বল না হয়।’
প্রস্তুতি বা সতর্কতার পরও মাংসপেশিতে টান লাগে, যেটি একজন খেলোয়াড়ের জন্য দুর্বিষহ এক অভিজ্ঞতা। তীব্র গরমে আশঙ্কা আছে হিট স্ট্রোকেরও। গরমে যেহেতু খেলা বন্ধ থাকছে না, চোট থেকে বাঁচতে কিছু উপায় বাতলে দিচ্ছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ‘মাঠে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খেতে হবে। আইসবাথ ও গোসলের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। পানি পানের বিরতিতে আইস-তোয়ালে ও ছাতা নিয়ে যেতে হবে। চারপাশে আইসবক্স থাকলে ভালো হয়, যাতে খেলোয়াড়েরা সহজেই পানি খেতে পারে। ধকল কাটিয়ে ওঠার সব ব্যবস্থা নেওয়া জরুরি।’
শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন বায়েজিদ, ‘ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে খেলার আগের রাত থেকে। পানিশূন্যতা নিয়ে ঘুমানো যাবে না। ঘুমানের আগে প্রচুর তরল খাবার, যেমন: পানি, স্যালাইন, ফলের রস, ডাবের পানি খেতে হবে। এরপরও ক্র্যাম্প হয়ে গেলে দ্রুত তাকে ছায়ায় নিতে হবে। ঠান্ডা পানি খাওয়াতে হবে, ঠান্ডা পরিবেশে রাখতে হবে। ক্র্যাম্পের মাত্রা না কমলে নিকটস্থ হাসপাতালে নিতে হবে।’
জাতীয় দলে খেলার সময় সর্বোচ্চ সুযোগ-সুবিধাই পান খেলোয়াড়েরা। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু নেই বললেই চলে। দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে থাকে না মেডিকেল টিম, থাকে না অ্যাম্বুলেন্স! গরমে চোট থেকে বাঁচতে শুধু খেলোয়াড়েরা নন, সতর্ক থাকা জরুরি আয়োজকদেরও।