
অস্ট্রেলিয়ান ক্রিকেটের অনেক উত্থান-পতনের সাক্ষী তিনি। ঝড়-ঝাপটা কম যায়নি তাঁর ওপরও। কিন্তু কখনো মাইকেল ক্লার্ককে এত বিধ্বস্ত মনে হয়নি, যতটা মনে হয়েছে কাল বিকেলে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। গায়ে ফ্লানেলের শার্ট, ট্রাউজারের এক পায়ে একটা বিষণ্ন মুখ, সেই মুখে ক্লার্কের হৃদয়ের বিষণ্নতারই বার্তা। চোখের কোণে জল নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক এসে বসলেন সাংবাদিকদের সামনে। পাশে স্ত্রী কাইলি, ক্লার্কের মতোই প্রায় ভগ্নদশা তাঁরও। দেখে মনে হয়নি কথা বলার মতো মানসিক শক্তি আছে ক্লার্কের। তবু বলতে হলো। বন্ধু ফিল হিউজের জন্য। যে বন্ধু তাঁকে ছেড়ে চলে গেছেন এর ঘণ্টা খানেক আগে। এমন এক দেশে যেখান থেকে ফেরে না কেউ।

সেন্ট ভিনসেন্ট হাসপাতালে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে আসলে আসার কথা ছিল হিউজের পরিবারের কারও। কিন্তু বাবা গ্রেগ, মা ভার্জিনিয়া, ভাই জেসন কিংবা বোন মেগান কারোরই তখন কথা বলার মানসিক শক্তি নেই। ছিল না ক্লার্কেরও। পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিটাই শুধু পড়ে গেলেন তিনি। বার কয়েক গলা কেঁপে উঠল, চেপে আসা কান্নাটাকে সামলাতে বেশ কয়েকবার থেমে গেলেন। ‘আমরা আমাদের প্রিয় পুত্র, ভাই ফিলিপের মৃত্যুতে শোকাহত। এ আমাদের খুব কঠিন সময়। ফিলিপের বন্ধু, সতীর্থ, ক্রিকেট অস্ট্রেলিয়া, সাধারণ মানুষ যাঁরা সহমর্মিতা জানিয়েছেন সবাইকে ধন্যবাদ। ক্রিকেটই ছিল ফিলিপের জীবন’—এটুকু পড়ার পরই চোখ ভিজে উঠল উপস্থিত সাংবাদিকদেরও। হিউজের ক্যারিয়ারের শুরু থেকেই অনেকে চেনেন তাঁকে, বন্ধু ছিলেন তো তিনি তাঁদের অনেকেরও।
ক্রিকেটার হিসেবে কত বড় ছিলেন সেটা বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু তাঁকে যাঁরা চেনেন, যাঁরা তাঁর সতীর্থ কিংবা প্রতিপক্ষ হিসেবে খেলেছেন, সবাই একটা ব্যাপারে একমত—ক্রিকেট আসলেই তাঁর জীবন ছিল। আর কিনা সেই ক্রিকেটই শেষ পর্যন্ত তাঁর জীবন নিল! কতটা ক্রিকেট ভালোবাসতেন সেটা বোঝাতে গিয়ে প্রয়াত ক্রিকেট লেখক পিটার রোবাক একবার লিখেছিলেন, ‘ও কখনোই হতাশ হয়ে পড়ে না। জাতীয় দলে জায়গা পেল কি পেল না, নির্বাচকেরা তাঁকে কেন ডাকছেন না, এসব নিয়ে সে দুশ্চিন্তায় থাকে না। এই ছেলেটাকে দেখে মনে হয় শুধু ব্যাটিং করে যাওয়াতেই যেন তাঁর সব আনন্দ। এটাকে সে শ্বাস নেওয়ার মতো স্বাভাবিক ব্যাপার বানিয়ে ফেলেছে।’
সতীর্থদের কাছে প্রিয় ছিলেন আরও দুটি কারণে—বিনয়ী আর সদা হাস্যোজ্জ্বল। দল হেরে গেছে, কিংবা ফর্ম খারাপ যাচ্ছে বলে খুব চাপে আছে সবাই—এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমে সবচেয়ে প্রত্যাশিত মানুষটা ছিলেন হিউজ। নিজে হাসতেন, হাসাতেন সতীর্থদের, চাঙা করে রাখতেন সবাইকে। দলের চিকিৎসক পিটার ব্রুকনার তো বলেছেনই, ‘হিউজ আশপাশে থাকলে মুখ গোমড়া করে রাখার কোনো উপায় ছিল না।’ কাল প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বললেন, ‘মানুষ ফিলিপকে আমরা সবচেয়ে বেশি মিস করব। বিনয়ী, অমায়িক ও পরিশ্রমী। এ দেশের তরুণদের কীভাবে জীবনযাপন করা উচিত, সেটা সে দেখিয়ে গেছে।’
ছিল সাহসও। ২০০৯ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর অভিষেক টেস্টে ওপেনিং জুটিতে সঙ্গী ছিলেন সাইমন ক্যাটিচ। সামনে ডেল স্টেইন, মরনে মরকেল ও মাখায়া এনটিনিদের মতো বিধ্বংসী পেসার। অথচ ২০ বছরের হিউজ নাকি ক্যাটিচকে বলেছিলেন, তিনি শুরুতে স্ট্রাইক নেবেন। মাত্র ৪ বল খেলে শূন্য রানে আউট হয়ে গেছেন, কিন্তু ভয় পাননি। টেনেটুনে ৫ ফুট ৭ ইঞ্চি ছিলেন। শর্ট বলে একটু দুর্বলতা ছিল। সেটাকেই তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতেন বোলাররা। কিন্তু তাতে কখনো দমে যাননি হিউজ। অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করার পর বলেছিলেন, ‘আমি একজন ছোটখাটো বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান। ওরা (বোলাররা) তো চাইবেই আমাকে গুঁড়িয়ে দিতে। আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করি।’ উপভোগ করেছেন বলেই ডারবানে পরের টেস্টেও শুরুতে স্ট্রাইক নিয়েছেন এবং স্টেইন-মরকেল-এনটিনিদের শাসন করে জোড়া সেঞ্চুরিও করেছেন। গড়েছেন সবচেয়ে কম বয়সে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ডও।
নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ওই টেস্টে দুই দলের বাকি সব খেলোয়াড়ের মতো কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন হিউজ। পাকিস্তানে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক জানাতে সেদিন ম্যাচের আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়েছিল।
কে জানত বছর পাঁচেক পরেই সেই কালো আর্মব্যান্ড, সেই নীরবতা হবে হিউজের জন্য! সূত্র: ক্রিকইনফো ও সিডনি মর্নিং হেরাল্ড।