ক্রিকেটে কোচেরই দরকার নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিব জাভেদ, টম মুডি, ডিন জোন্স—পাকিস্তান দলের ভার কার হাতে তুলে দেওয়া যায়, তা নিয়ে বেশ আলোচনা চলছে। তবে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদির এই কোচ নিয়োগেরই বিরুদ্ধে। ক্রিকেট খেলায় বিশেষ করে জাতীয় দলগুলোতে কোচ নিয়োগের যুক্তি দেখেন না তিনি, ‘কোচ রাখা মানেই অর্থের অপচয়, আর কিছু না। ক্রিকেটে কোচের কোনো দরকার নেই। অধিনায়কই এখানে প্রধান।’
পিসিবিকে তাই কোচের পেছনে টাকা ঢালতে নিষেধ করছেন তিনি। সাবেক এই লেগ স্পিনারের যুক্তি, ‘আমাকে বলুন, আন্তর্জাতিক ক্রিকেটাররা কোচের কাছ থেকে কী এমন শিখতে পারে? খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা বা পরিকল্পনার জন্য অধিনায়কই যথেষ্ট।’
ক্রিকেটে কোচ নিয়ে এমন আগ্রহ কিংবা ‘বাড়াবাড়ি’র পেছনে আইসিসিরই দোষ ধরছেন কাদির, ‘আইসিসিকে অনুরোধ করব কোচ পাঠানো বা অন্য দেশে কোচ পাঠানোর ব্যাপারটা নিরুৎসাহিত করা হয়। কারণ এতে আসলে কোনো লাভ নেই।’ সূত্র: মিড-ডে।