ক্রিকেটে ঘামের গন্ধ দূর করতে এমন অদ্ভুত বিজ্ঞাপন!

বিগ ব্যাশে আম্পায়ারদের শার্টে থাকছে হাতার নিচের থাকছে এই বিজ্ঞাপনছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাটা বিজ্ঞাপনদাতাদের খুব প্রিয়। এ খেলার ধরনটাই এমন যে বিজ্ঞাপন দেওয়ার প্রচুর সুযোগ থাকে। একসময় মাঠের চারদিকে হোর্ডিং বসিয়ে বিজ্ঞাপন দেওয়া হতো, এখন বিজ্ঞাপনের এত চাপ, সেই হোর্ডিং রূপ নিয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে। সেই সঙ্গে ‘আবিষ্কৃত’ হয়েছে অজস্র উপায়।

খেলোয়াড়দের জার্সির বুকে বিজ্ঞাপনের লোগোসংবলিত স্টিকারের ব্যাপারটি পুরোনো হয়েছে বহু বছর আগেই। টেলিভিশনের রমরমা যুগে বিপণন বিশেষজ্ঞরা নিজেদের পণ্যের লোগো বসাতে কত জায়গা যে খুঁজে পেয়েছেন, তার ইয়ত্তা নেই!

ব্যাটসম্যানদের হেলমেট থেকে শুরু করে আম্পায়ারের শার্ট—নতুন নতুন জায়গাও খোঁজা হচ্ছে নিরন্তর। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশে’ এবার বিজ্ঞাপনদাতারা এমন এক স্থান খুঁজে নিয়েছেন, যেটি যে কাউকেই অবাক করতে পারে।

পরক্ষণেই তাঁদের ভুল ভাঙতে বাধ্য, পণ্যের ধরন অনুযায়ী সেটির লোগো বসানোর এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে!

আম্পায়ারদের শার্টের বগলের বেশ নিচে দেওয়া হচ্ছে একটি ডিওডোরেন্ট ব্র্যান্ডের লোগো। তাঁরা আউট দেওয়া বা ছক্কা কিংবা অন্য যেকোনো সিগন্যাল দেওয়ার সময়ই যেন টেলিভিশন দর্শকেরা সেই লোগো দেখতে পারেন, সে ব্যবস্থাই করা হচ্ছে।

বিজ্ঞাপনদাতা একটি বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের একটি চুক্তিও হয়েছে। প্রতিষ্ঠানটি এ ধরনের বিজ্ঞাপন প্রচারের মূলমন্ত্রও জানিয়েছে এক বিবৃতিতে—গ্রীষ্মের খরতাপে ঘণ্টার পর ঘণ্টা মাঠে থাকা আম্পায়ারদের ঘামের দুর্গন্ধ থেকে সুরক্ষা দেওয়াই এই প্রচারের মূল।

ক্রিকেটারদের জার্সির অনেক জায়গাতেই বিভিন্ন ধরনের বিজ্ঞাপনী লোগো দেখা যায়। ইদানীং আম্পায়ারদের শার্টও এর বাইরে নয়। তবে ঠিক এবার বগলের নিচে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারটি খুব সম্ভব ইতিহাসে প্রথম।

আজ বিগ ব্যাশের দশম আসর শুরু হচ্ছে। হোবার্টে আজ সিডনি সিক্সার্স ও হোবার্ট হারিকেনের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই টি-টোয়েন্টি লিগ। আজই আম্পায়ারদের শার্টে নতুন ধরনের এই বিজ্ঞাপন দেখতে পাবেন দর্শকেরা।

বিগ ব্যাশে আম্পায়ারদের শার্টে নতুন ধরনের এই বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন দর্শকেরা।
Md. Mehedi Hassan

ব্যাপারটা কিছুটা কৌতুককর হলেও এ ধরনের বিজ্ঞাপন কিন্তু দুনিয়াতে একেবারেই নতুন নয়। এর চেয়েও অদ্ভুত স্থানে বিজ্ঞাপনের লোগো লাগানোর একটা ঘটনা আছে বক্সিংয়ে।

২০০০ সালে ম্যানচেস্টারে মাইক টাইসনের সঙ্গে জুলিয়াস ফ্রান্সিসের হেভিওয়েট লড়াইয়ে বিখ্যাত ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর তাদের লোগো দিয়ে রেখেছিল ফ্রান্সিসের বুটের তলায়। এমন অদ্ভুত জায়গায় লোগো দেওয়ার কারণ অবশ্যই ছিল।

মাইকে টাইসনের সামনে ফ্রান্সিস যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, সেটি আগে থেকেই আন্দাজ করেই এই বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ফ্রান্সিস নকআউট হবেন, তিনি রিংয়ে পড়ে থাকবেন আর তাঁর বুটের নিচে ডেইলি মিররের বিজ্ঞাপনটি দেখা যাবে—উদ্দেশ্য ছিল এমনই!

মিররের উদ্দেশ্য সফল হয়েছিল। লড়াই শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় টাইসনের কাছে নকআউট হয়েছিলেন ফ্রান্সিস। মিররের লোগোটিও খুব ভালোভাবেই দেখেছিলেন দর্শকেরা। তবে এ ধরনের প্রচারণা প্রশ্নেরও জন্ম দিয়েছিল যথেষ্ট।

করোনার এই সময় আর্থিক সংকটে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া এবার বিগ ব্যাশ থেকে ৭০ মিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে।