
অ্যাডিলেডের আজকের সকালটা হবে অন্য রকম। কাজ ফাঁকি দিয়ে সকাল সকাল মাঠে আসার জন্য তোড়জোড় করতে হবে না। মাঠে দুপুরের খাবার সেরে নেওয়ারও দরকার নেই, ওটা বাসা থেকেই সেরে আসা যাবে। চাইলে কাজ সেরে বিকেলের দিকেও মাঠে ঢুঁ মারা যেতে পারে। সূর্যটা তখন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান প্যাভিলিয়নের পেছনে হেলে পড়বে বটে, কিন্তু টেস্টের প্রথম দিনটি তখন দুপুরেই পৌঁছায়নি। আর সন্ধ্যায় খেলা বন্ধ হওয়া দূরে থাক, ফ্লাডলাইটের আলোয় ভেসে যাওয়া অ্যাডিলেড ওভালে খেলাটা তখনো চলছে! গোলাপি বলে রাতে খেলা হচ্ছে, আজ অ্যাডিলেডে ক্রিকেটের নতুন ইতিহাসই হবে লেখা।
যে যেখানেই থাকুন, ক্রিকেট রোমান্টিকদের সবাই আজ একবার হলেও টিভি পর্দায় চোখ রাখার চেষ্টা করবেন। ১৩৮ বছরের টেস্ট ক্রিকেট অনেক রংই দেখেছে। তবে আজ যেটা হবে, সেটা রীতিমতো বিপ্লব! লাঞ্চ সেশন বলে কিছু নেই, চা-বিরতির পর একেবারে ডিনার সেশন—ব্যাপারটা আসলে দূরতর কোনো কল্পনাতেই ছিল!
অ্যাডিলেড টেস্টের দিবারাত্রির কাব্যে মূল কুশীলব গোলাপি বল। ৭০-৮০ হাজার দর্শকের সেই কাল টেস্টে অতীত হয়ে গেছে কবেই, সারা বিশ্বেই গড়পড়তা হাজার বিশেক দর্শক থাকলে ধন্য ধন্য রব ওঠে। টেস্টে দর্শক ফিরিয়ে আনতেই এই বৈপ্লবিক চিন্তা, আজ দর্শক চল্লিশ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমন মাহেন্দ্রক্ষণের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দুই অধিনায়ককেও ছুঁয়ে যাচ্ছে রোমাঞ্চ। পার্থের আগের টেস্ট শেষ হয়েছিল ম্যাড়মেড়ে ড্রয়ে। নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম শেষ দিনের রোমাঞ্চের সম্ভাবনায় এখনই শিহরিত, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আশা করি, কোনো ঝামেলা ছাড়াই সবকিছু হবে। যদি পঞ্চম দিনের শেষ সেশনটা ফ্লাডলাইটের নিচে হয়, আর একটা যদি ফল আসে, টেস্ট ক্রিকেটের জন্য সেটার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’
>স্থানীয় সময় বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম সেশন * ২০ মিনিট বিরতি * বিকেল ৪–২০ িম. থেকে ৬–২০ মি. পর্যন্ত দ্বিতীয় সেশন * ৪০ মিনিট ডিনারের বিরতি * সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শেষ সেশন
অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথও ইতিহাসে নাম লেখানোর আগে রোমাঞ্চিত, ‘আমার তো একদমই তর সইছে না। আমার মনে হয়, দর্শকদের অবস্থাও তাই। প্রথম দুই টেস্ট দর্শকদের সেভাবে টানেনি। প্রথম দিনে অন্তত ঠাসা গ্যালারি থাকাই উচিত।’ স্মিথের আশা বোধ হয় পূর্ণই হচ্ছে, হু হু করে বিকোচ্ছে টিকিট। অথচ অ্যাডিলেডে ২০০৭ সালে দুই দলের সর্বশেষ টেস্ট দর্শক দেখেছিল ১৬ হাজার। এবার অন্তত সে রকম কিছু হচ্ছে না।
তবে দিবারাত্রির টেস্টে গলাগলি করে আছে অনিশ্চয়তা ও শঙ্কা। গোলাপি বল ফ্লাডলাইটের আলোয় ঠিকঠাক খেলা যাবে তো? ব্যাটসম্যানরা বলটা ভালোভাবে দেখতে পাবেন? গোলাপি বলটা কি খুব দ্রুত রং হারিয়ে ফেলবে? রাতে কি একটু বেশি সুইং করবে? কেভিন পিটারসেনদের মতো কেউ কেউ যেমন ব্যাপারটাকে বলছেন ‘পাগলামি’। ম্যাককালাম অবশ্য এখনই এত জুজু দেখছেন না, ‘কিছু অনিশ্চয়তা তো আছেই। তবে যারা এর আগে রাতে নতুন বলে খেলেছে, তারা বলেছে খেলাটা অসম্ভব না হলেও চ্যালেঞ্জিং। তার মানে এই নয়, আপনি রান পাবেন না বা টিকে থাকতে পারবেন না। পরের দিন ব্যাট করাটা সহজ হবে, ততক্ষণ পর্যন্ত টিকে থাকাটা নিশ্চিত করাই চ্যালেঞ্জ।’
এই ডামাডোলে সিরিজের প্রেক্ষাপটটাই অনেকটা পেছনে চলে যাচ্ছে। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১-০ ব্যবধানে, এই টেস্ট ড্র হলেই ট্রান্স তাসমান ট্রফিটা তাদেরই থাকবে। আর ২০১৩ সালের পর কোনো সিরিজ না হারার কৃতিত্ব ধরে রাখতে হলে নিউজিল্যান্ডকে এই টেস্ট জিততেই হবে। আরেক দিক দিয়েও টেস্টটা নতুন সূর্যোদয়ের, আজ থেকেই অস্ট্রেলিয়ার মিচেল জনসন-পরবর্তী যুগের শুরু। পিটার সিডল নাকি জেমস প্যাটিনসন, জনসনের জায়গা কে নেবেন এখন সেটির জন্য অপেক্ষা। একটু উদ্বিগ্ন ম্যাককালামও, পিঠের চোট থেকে সেরে ট্রেন্ট বোল্ট কি আজ নামতে পারবেন?
তবে আপাতত এসব আলোচনা পেছনের পাতায়। ফ্লাডলাইটে টেস্ট হচ্ছে—ক্রিকেট-বিশ্বের সব মনোযোগ এখন সেদিকেই! এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।