ক্রিকেটে ন্যায়পাল চায় টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সাল থেকে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন প্রকাশ করে আসছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। তারই ধারাবাহিকতায় এবারের বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদনের প্রতিপাদ্য হচ্ছে ক্রীড়া বা খেলাধুলা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি) এ উপলক্ষে কাল প্রথমবারের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
যদিও পুরো ক্রীড়াঙ্গনের চিত্রটা এতে উঠে আসেনি। বাংলাদেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন মিলিয়ে সংখ্যাটা প্রায় ৪০, সবগুলোতেই কমবেশি অনিয়মের কথা বাতাসে ওড়ে। সরকারি প্রতিষ্ঠানগুলো নিয়েও আছে দুর্নীতির অভিযোগ। তবে শুধু বাংলাদেশের ক্রিকেটকেই আনা হয়েছে এই প্রতিবেদনে। সেটিও মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুর্নীতির আলোচিত বিষয়গুলোই। কাল সকালে ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন উঠল, শুধু ক্রিকেট কেন?
সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জবাব দিলেন, ‘ক্রিকেট এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই এই খেলার ওপর আমরা গবেষণা চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছি। ভবিষ্যতে সুযোগ এলে অন্য খেলায়ও নজর দেওয়ার চেষ্টা করব।’
ক্রিকেটকে বেছে নেওয়ার আরেকটি কারণ, ‘বাংলাদেশের ক্রিকেটের সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণে’ বিসিবির সঙ্গে টিআইবি কাজ করছে ২০১৩ সাল থেকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা ‘দুর্নীতিকে না বলুন’ প্রচারণায়ও অংশ নিয়েছেন। খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিকসহ ২৯ জনের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের সংবাদও তারা বিবেচনায় নিয়েছে।
‘বাংলাদেশের ক্রিকেট: সুশাসনের চ্যালেঞ্জ এবং পাতানো খেলা’ শিরোনামে একটি প্রবন্ধও প্রকাশ করেছে টিআইবি। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের মতো বাংলাদেশের ক্রিকেটেও ম্যাচ গড়াপেটার মতো অনিয়মের প্রভাব পড়ছে। এটা বন্ধ করতে না পারলে খেলাটির পথ হয়ে পড়বে কণ্টকাকীর্ণ। ম্যাচ গড়াপেটার পূর্বাপর তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, ম্যাচ গড়াপেটার সঙ্গে পাকিস্তানের ছয়জন, ভারতের পাঁচজন, বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলসহ বিভিন্ন দেশের আরও কয়েকজনের নাম এসেছে। এটা থেকে বেরিয়ে ক্রিকেটকে আরও স্বচ্ছ করতে হবে। বাংলাদেশের ক্রিকেটে বিভিন্ন ব্যবস্থাপনা, সুশাসনের ঘাটতি, বোর্ড ও ক্লাব স্তরে রাজনৈতিক প্রভাব এবং বিসিবি পরিচালনায় সুশাসনের চ্যালেঞ্জের নানা দিকও তাঁর কথায় উঠে এসেছে আলাদা করে।
টিআইবি মূলত দুর্নীতির ঝুঁকি এড়ানো এবং বিসিবিতে সুশাসনের দিকটির ওপরই সবচেয়ে বেশি আলো ফেলেছে। ক্রিকেটের জন্য একজন স্বাধীন ন্যায়পাল নিয়োগ দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে পাতানো খেলা, স্পট ফিক্সিং এবং অন্য সব প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করতে যুগোপযোগী আইন প্রণয়নের জন্যও সুপারিশ করেছে সংস্থাটি। বিপিএলে পাতানো খেলায় একটি দলের সংশ্লিষ্টতার বিষয় তুলে এনে বলা হয়েছে, খেলাটির এগিয়ে চলার পথে এসব বড় প্রতিবন্ধকতা সরানো জরুরি। একই সঙ্গে প্রয়োজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিচারে সুনির্দিষ্ট আইনের ঘাটতি দূর করা। বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটকে আরও শক্তিশালী করতে দীর্ঘ মেয়াদে দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়নের কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে। বিসিবির কাঠামোগত দুর্বলতা ও পরিচালনায় উন্নতি আনতে সংসদীয় স্থায়ী কমিটির তদারকিরও সুপারিশ করা হয়েছে।