ক্রিকেটে ফিরছেন অ্যাবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে ফিরছেন শন অ্যাবট ছবি: রয়টার্স।
ক্রিকেটে ফিরছেন শন অ্যাবট ছবি: রয়টার্স।

তাঁর বাউন্সারেই জীবনপ্রদীপ নিভে গেছে ফিল হিউজের। এই দুঃখজনক ঘটনায় নিজেকে হারিয়ে ফেলেছিলেন নিউ সাউথ ওয়েলস পেসার শন অ্যাবট। হিউজের দুঃসহ স্মৃতি তাঁকে কুরে খাচ্ছিল। তাঁর মৃত্যুর জন্য নিজেকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে যাচ্ছিলেন নিরন্তর। মনোবিজ্ঞানীর অধীনে তাঁর চিকিৎসাও চলছিল। ২২ বছর বয়সী এই উদীয়মান ক্রিকেটার আদৌ আবার ক্রিকেটে ফিরতে পারবেন কি না, এ নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল অস্ট্রেলীয় ক্রিকেটে। কিন্তু সব জল্পনা-কল্পনা আর শঙ্কা পেছনে ফেলে মাঠে ফিরছেন অ্যাবট। আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডের একটি ম্যাচের জন্য নিউ সাউথ ওয়েলস দলের ১২ জনের স্কোয়াডে আছেন এই পেসার।
গত ২৫ নভেম্বর এই নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কুইন্সল্যান্ডের ম্যাচেই অ্যাবটের বাউন্সারে আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন হিউজ। দুদিন পর সিডনির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হিউজকে হারানোর ওই ম্যাচটি অবশ্য পরবর্তী সময়ে বাতিল ঘোষণা করা হয়। বাতিল ঘোষণা করা হয় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টও। অস্ট্রেলীয় ক্রিকেট পরিবার হিউজের শোক কাটিয়ে উঠতে পারেনি এখনো।
শেফিল্ড শিল্ডের আসন্ন ম্যাচটির জন্য ১২ জনের দল ঘোষণা করলেও নিউ সাউথ ওয়েলস এ ম্যাচটি খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক করছে না। নিউ সাউথ ওয়েলস ক্রিকেট জানিয়েছে, এই ১২ জনের দল থেকে যেকোনো খেলোয়াড়ই নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারেন। এ ম্যাচটি খেলা কারও জন্য বাধ্যতামূলক নয়।’ সূত্র: রয়টার্স।