ক্রিকেটে ফিরছেন নিষিদ্ধরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ক্রিকেটারদের প্রতি বোধ হয় কিছুটা নমনীয় হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে যেন ওই ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে পারেন, সে বিষয়ে চিন্তাভাবনা করছে আইসিসি।
দুবাইয়ে আজ শুরু দুদিনের আইসিসির বোর্ড সভায় দুর্নীতি দমন নীতিমালায় কিছু সংশোধনী আনার কথাও ভাবছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সংশোধিত নীতিমালা এরই মধ্যে অনুমোদিত হয়েছে সংশ্লিষ্ট কমিটিতে। বোর্ড সভায়ও পাস হবে বলে ধারণা করা হচ্ছে।
নিয়মটা সব নিষিদ্ধ বোলারদের জন্যই প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে লাভবান হতে পারেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আমির। তাঁর সতীর্থ সালমান বাট পেয়েছেন ১০ বছরের নিষেধাজ্ঞা ও মোহাম্মদ আসিফ নিষিদ্ধ হয়েছেন সাত বছর। তিনজনই বিভিন্ন মেয়াদে কারাবাস করেছেন ইংল্যান্ডে। বাট ও আসিফের শাস্তিটা মেনে নিলেও আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে বেশ তৎপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পাওয়ার পরেই ২২ বছর বয়সী আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র এনে দিতে আপিল করতে চায় পিসিবি। এএফপি।