ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন আমির

পাকিস্তান ক্রিকেটের জন্য খবরটা সত্যিই স্বস্তির। ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন স্পট ফিক্সিংয়ের অপরাধে বহিষ্কৃত পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। আজ বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ২২ বছর বয়সী আমিরকে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে।
২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো বল করে সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন আমির। আইসিসির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত হন তিনি। এ বছরের সেপ্টেম্বরে তাঁর শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
শাস্তির মেয়াদ শেষের আগেই ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ার বিষয়টাকে আইসিসি তাদের ‘একক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ‘নিজস্ব পরিচালনা পর্ষদ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতেই আইসিসি একক ক্ষমতাবলে মোহাম্মদ আমিরের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে। ’
মাত্র ১৮ বছর বয়সে নিছক লোভের বশেই স্পট ফিক্সিংয়ের মতো অপরাধে জড়িয়েছিলেন আমির। কেবল ক্রিকেট থেকে বহিষ্কারই নয়, যুক্তরাজ্যের আদালতে এই অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাবাসও করতে হয়েছে তাঁকে। কারাদণ্ড হয়েছিল সালমান বাট ও আসিফেরও।
২০১৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আমিরের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার একটি আবেদন করেছিল। ওই সময় বিষয়টির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটিও গঠন করা হয়। সেই কমিটি পরে একটি প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে বহিষ্কৃত খেলোয়াড়দের বহিষ্কারের মেয়াদ শেষ হওয়ার কিছু দিন আগ থেকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ার সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই আইসিসি আমিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এদিকে আমিরের ফেরা নিয়ে পাকিস্তান ক্রিকেটেই দ্বিমত রয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা ও পিসিবির সাবেক চেয়ারম্যান তৌকির জিয়া বেশ আগে থেকেই আমিরকে ফেরানোর বিরোধিতা করে আসছেন। রমিজ গত ডিসেম্বরেই বলেছিলেন, ‘একজন বিপথগামী তরুণকে জীবনের সঠিক পথের সন্ধান দেওয়ার বিরোধী নই আমি। কিন্তু ক্রিকেট খেলাকে যে কলুষিত করেছে, তাকে আবার ক্রিকেটে সুযোগ করে দেওয়ার তীব্র বিরোধিতা করি আমি। ’
পিসিবির বর্তমান চ্যাম্পিয়ন শাহরিয়ার খান জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান দলের অনেকেই নাকি তাঁকে জানিয়েছিলেন, আমির ক্রিকেটে ফিরলে তাঁর সঙ্গে সাজঘর ভাগাভাগি করতে তাঁদের ঘোরতর আপত্তি আছে।
এদিকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরে দারুণ আনন্দিত মোহাম্মদ আমির। তিনি প্রতিজ্ঞা করেছেন, এখন থেকে দারুণ একজন ক্রিকেটার হওয়ার আগে তিনি একজন ভালো মানুষ হয়ে নিজেকে প্রমাণ করবেন।
তিনি বলেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় খবর। আমি ক্রিকেটে ফিরতে পারছি। আমি এখন থেকে ক্রিকেট খেলতে পারব। ’
বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, ‘বহিষ্কৃত হওয়ার পর থেকে জীবনের কঠিনতম সময় আমি পার করছি। এখন মনে হচ্ছে বাজে সময়টা আমি পেরিয়ে এসেছি। আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে মুখিয়ে আছি। ’