ক্রিকেটে বর্ণবাদকে বড় অপরাধ হিসেবে দেখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার জেসন হোল্ডার। ফাইল ছবি
বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার জেসন হোল্ডার। ফাইল ছবি

ডোপের অপরাধে পদক কেড়ে নেওয়া অ্যাথলেটের দিকে সব সময় ঘৃণাভরে তাকায় ক্রীড়াবিশ্ব। বল টেম্পারিংয়ের অভিযোগেও ক্রিকেটাররা শাস্তি পাচ্ছেন নিয়মিতই। বর্ণবাদের অপরাধেও এমন কঠিন শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর বর্ণবাদ ইস্যু আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সারা বিশ্বে। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ড্যারেন স্যামি, ক্রিস গেইলরা। মাঠে সব সময়ই এসব ঘটনার প্রতিবাদ করছেন ক্রিকেটারেরা। তবে শুধু প্রতিবাদ বা আন্দোলন নয়, এই বিষয়কে আরও বেশি গুরুত্ব দিতে চান হোল্ডার।

বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভের কথাটা জানিয়ে হোল্ডার বলেন, ‘আমার কাছে মনে হয় না বর্ণবাদের শাস্তির সঙ্গে ম্যাচ পাতানো বা ডোপিংয়ের কোনো পার্থক্য থাকা উচিত। আমি ক্রীড়াঙ্গনে বর্ণবাদ দেখি। আমাদের এসব সমানভাবে দেখা দরকার।’

অবশ্য আইসিসি বর্ণবাদের বিষয়ে সব সময়ই জিরো টলারেন্স। আইসিসির আইনে আছে যদি কেউ প্রথমবার মাঠে বর্ণবাদী আচরণে দোষী হন তাহলে তার চার থেকে আট ডিমেরিট পয়েন্ট যোগ হয় নামের পাশে। দ্বিতীয়বার আইন ভাঙলে কমপক্ষে একটা টেস্ট বা দুটি ওয়ানডে বা সমানসংখ্যক টি- টোয়েন্টি নিষিদ্ধ হতে পারেন। আর তিনবার এমন ঘটনা ঘটালে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন সেই খেলোয়াড়।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফর করছে। ৮ জুলাই সেখানে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ শুরুর আগেও খেলোয়াড়দের বর্ণবাদ সম্পর্কে সতর্ক করে দেওয়া উচিত বলে মনে করেন হোল্ডার, ‘ডোপ বা দুর্নীতি নিয়ে যেভাবে সবাইকে সতর্ক করা হয় সেভাবে বর্ণবাদ নিয়েও সিরিজ শুরুর আগে সবাইকে সতর্ক করা উচিত। সবার প্রতি আমার বার্তা হচ্ছে এটা দূর করতে আরও বেশি শিক্ষার দরকার আমাদের। আমি যদিও সরাসরি কোনো সময় বর্ণবাদের শিকার হইনি, তবে আশপাশ থেকে অনেক কিছু শুনেছি। এই ব্যাপারটা এমন কিছু যা মেনে নেওয়া যায় না।’

গত বছর দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার আন্দিলে ফিকোয়াওকোকে বর্ণবাদী মন্তব্য করে দুটি ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ নিষিদ্ধ হন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ইংলিশ পেসার জফরা আর্চারও বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন মাঠে। তাই তো বর্ণবাদের বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলতেই সোচ্চার হোল্ডারের মতো অনেকেই।