ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে ভারত, পিসিবির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরিয়ার খান। ফাইল ছবি
শাহরিয়ার খান। ফাইল ছবি

রাজনীতির মতো ক্রিকেটেও ভারত-পাকিস্তানের সম্পর্কটা সাপে-নেউলে। দুই পক্ষেই অভিযোগের অন্ত নেই। এবার যেমন চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির বিরুদ্ধে খেলায় রাজনীতি ঢোকানোর অভিযোগ আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ভারতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর সাধারণ মানুষের পাশাপাশি সেনাবাহিনীরও বেশ কজন মারা গেছেন। ভারত বরাবরই অভিযোগ করেছে, পাকিস্তান এসব সন্ত্রাসীদের মদদ দেয়। এই অভিযোগের রেশ গিয়ে পড়েছে বলিউড পর্যন্ত। সেখানে পাকিস্তানি শিল্পীদের বয়কট করার আন্দোলনই যেন শুরু হয়ে গেছে।
ক্রিকেটও এর বাইরে নেই। গতকাল যেমন গৌতম গম্ভীর পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন। এর আগে সাবেক ক্রিকেটারদের অনেকে এমন মন্তব্য করেছিলেন। পিসিবির বক্তব্য, ক্রিকে​ট ও খেলার মধ্যে রাজনীতি টেনে না আনাই ভালো। বরং দুই দেশের সেতুবন্ধ হতে পারে খেলাটাই। ভারতের বিপক্ষে খেলাটা সব সময়ই লাভজনক বলে পিসিবি এই দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে ​বেশি আগ্রহী।
আগ্রহ যে ভারতেরও নেই, এমন নয়। দুই বছর আগে দুই বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছিল, আট বছরে ছয়টি সিরিজ খেলার ব্যাপারে। কয়েক বছর ধরে পিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এই চুক্তির প্রতি সম্মান দেখানোর অনুরোধ করে যাচ্ছে। কিন্তু বিসিসিআই বারবারই তা উপেক্ষা করেছে। ভারতকে আর এ বিষয়ে পাকিস্তান অনুরোধ করবে না বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। বরং পিসিবি চাপ প্রয়োগ করবে। পিসিবি মনে করে, বিসিসিআইকে চাপ দেওয়ার অধিকার তাদের আছে সমঝোতা চুক্তি অনুযায়ী।

চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দুই দেশের মধ্যে ৬টি সিরিজ খেলার কথা। যদিও বিষয়টি ভারত সরকারের অনুমোদনের ওপর নির্ভর করবে বলে চুক্তিতে উল্লেখ করা আছে। পিসিবি চায় অনুরাগ ঠাকুরের বোর্ড কথা রাখুক। প্রসঙ্গটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় তুলবেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার।

শাহরিয়ার বলেছেন, ‘নিজেদের মধ্যে করা সমঝোতা চুক্তি অনুযায়ী ভারত আর পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আসন্ন সভায় পাকিস্তান অভিযোগটি তুলবে। এ বিষয়ে আমাদের পরামর্শ দেওয়ার জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি। এসিসির সভাটি যদিও উন্নয়ন সম্পর্কিত, আমরা দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে ভারতের সঙ্গে আলাদাভাবে আলোচনা করব।’
কলম্বোতে এসিসির সভাটি হবে আগামী ১৭ ডিসেম্বর কলম্বোতে। এতে সভাপতিত্ব করবেন শাহরিয়ারই। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০০৭ সাল থেকে একে অপরের সঙ্গে টেস্ট সিরিজ খেলেনি দেশ দুটি। সূত্র: ডিএনএ।