ক্রিকেটে লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে ক্রিকেট মাঠে এবার থেকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। খেলোয়াড়দের যে লাল কার্ড দেখানোর প্রস্তাব করেছে এমসিসি! ক্রিকেটে আইন-কানুন প্রণয়নকারী এই সংস্থার নতুন প্রস্তাব, মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আম্পায়ারদের হাতে দেওয়া হোক সর্বোচ্চ ক্ষমতা। যে ক্ষমতাবলে একজন খেলোয়াড়কে চাইলেই মাঠের বাইরে পাঠাতে পারবেন তাঁরা। তবে নির্দিষ্ট কিছু অপরাধের জন্যই পেতে হবে চূড়ান্ত এই শাস্তি। কোনো খেলোয়াড় যদি আম্পায়ারকে হুমকি দেন, প্রতিপক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, মাঠে সহিংস আচরণ করেন অথবা অন্যদের বর্ণ, যৌনতা নিয়ে হেনস্তা করেন, তবেই তাঁকে মাঠ থেকে বের করা যাবে। শীর্ষ পর্যায়ে আপাতত চালু না হলেও ইংল্যান্ডের স্কুল ক্রিকেট ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু হবে এ আইন। তবে আসলেই লাল কার্ড দেখানো হবে কি না, তা নিয়ে এখনো তর্ক-বিতর্ক চলছে। টেলিগ্রাফ।