ক্রিকেটে হলুদ কার্ড চান ক্রো-রুটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এখন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মানেই আগুনে লড়াই। মাঠে ও মাঠের বাইরে নিয়মিত কথার লড়াই। টেস্ট সিরিজজুড়েই চলেছে মিচেল জনসন আর বিরাট কোহলির বাগ্যুদ্ধ। ত্রিদেশীয় সিরিজে এসেও বন্ধ হয়নি সেটা। মেলবোর্নে পরশু ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। শুধু তা-ই নয়, এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতেও জো রুটের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় হয়েছে ওয়ার্নারের। রোহিতের সঙ্গে মাঠে তর্কে জড়ানোর কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও গুনেছেন ওয়ার্নার। তবে এমন অল্প সাজাতে এটা বন্ধ করা যাবে না বলে মনে করেন সাবেক নিউজিল্যান্ড ওপেনার মার্টিন ক্রো। স্লেজিংয়ের জন্য আরও বড় সাজা চান তিনি। চান ফুটবলের মতো ক্রিকেটেও হলুদ-লাল কার্ডের প্রচলন।
ক্রিকইনফোতে এক কলামে কিউই কিংবদন্তি লিখেছেন, ‘শিগগির এমন একদিন আসবে যখন এই স্লেজিং ক্রিকেটের গায়ে কালিমা লেপন করবে। এসব ক্ষেত্রে যারা দোষী তাদের লম্বা সময়ের জন্য খেলার বাইরে পাঠাতে হবে।’ সেটা কীভাবে তাও উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ক্রো, ‘দুবার কেউ হলুদ কার্ড পেলে সেটা লাল কার্ডে পরিণত হবে এবং শাস্তি হিসেবে তাকে ছয় মাস নিষিদ্ধ হতে হবে।’ ক্রোয়ের প্রস্তাব সমর্থন করেছেন ইংলিশ অলরাউন্ডার জো রুটও, ‘খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। গত ছয় মাসে এমন সব ব্যাপার ঘটেছে যা ক্রিকেটের জন্য ভালো নয়।’
অবশ্য শাস্তি পেলেও ওয়ার্নার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘রোহিত আমাকে হিন্দিতে কিছু বলেছিল৷ আমি হিন্দি বুঝি না৷ তাই অত্যন্ত ভদ্রভাবেই তাকে বলেছিলাম, ইংরেজিতে কথা বলো। রোহিত পরে কথাটা ইংরেজিতেও বলে। কিন্তু কথাটির মানে যা দাঁড়ায়, সেটা আসলে প্রকাশের অনুপযুক্ত।’ এএফপি, ক্রিকইনফো।