ক্রিকেটে 'অতিমানবীয়' কীর্তি
>বল হাতে ১০ উইকেট। ব্যাট হাতে ১০০ ও ৫২। বাংলাদেশ ক্রিকেট লিগের সর্বশেষ রাউন্ডে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স শুভাগত হোমের। বাংলাদেশের অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরিটা পেয়ে গেলে নাম লেখাতে পারতেন ক্রিকেট ইতিহাসের অতিমানবীয় কিছু পারফরম্যান্সের তালিকায়। ‘অতিমানবীয়’ সেসব পারফরম্যান্স নিয়ে লিখেছেন মোহাম্মদ সোলায়মান
এডওয়ার্ড ওয়াকার ২০*, ১০৮; ১০/৭৪, ৪/১৭
ইংল্যান্ড-সারে, ওভাল, ১৮৫৯
সাত ভাই। সাতজনই খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। লন্ডনের সাউথগেটের সেই ওয়াকার পরিবারের হাতেই ১৯৬৪ সালে প্রতিষ্ঠা কাউন্টি দল মিডলসেক্সের। সাত ভাইয়ের মধ্যে ক্রিকেটটা সবচেয়ে ভালো খেলতেন এডওয়ার্ড ওয়াকার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ১০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনিই। ওয়াকারের কীর্তিটা ১৮৫৯ সালে ওভালে সারের বিপক্ষে অবশিষ্ট ইংল্যান্ড একাদশের হয়ে গড়া। প্রথম ইনিংসে অপরাজিত ২০ রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি; মাঝে সারের প্রথম ইনিংসের ১০টি উইকেটই তুলে নিয়েছিলেন স্লো আন্ডারআর্ম বোলিংয়ে।
ই এম গ্রেস ১৯২*; ৫/৭৭, ১০/৬৯
এমসিসি-জেন্টলম্যান অব কেন্ট, ক্যান্টারবেরি, ১৮৬২
এডওয়ার্ড মিলস গ্রেস। তবে নামের আদ্যক্ষর দিয়েই পরিচিত ই এম গ্রেস। ডব্লিউ জি গ্রেসের বড় ভাই ক্রিকেট ইতিহাসের অন্যতম বিস্ময়কর অলরাউন্ড কীর্তি গড়েছিলেন ১৮৬২ সালে। স্লো আন্ডারআর্ম বোলিংয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট, এরপর এমসিসির একমাত্র ইনিংসে আদ্যন্ত ব্যাট করে অপরাজিত ১৯২ রান। এতটুকুতেই (!) সন্তুষ্ট না থেকে দ্বিতীয় ইনিংসে কেন্টের ১০ ভদ্রলোককেই আউট করে দলকে ইনিংস ব্যবধানে জয় পাইয়ে দেন ই এম।
জর্জ গ্রিফিন ২৭১; ৯/৯৬, ৭/৭০
দক্ষিণ অস্ট্রেলিয়া-ভিক্টোরিয়া, অ্যাডিলেড, ১৮৯১-৯২
পাঁচ বছর আগে অল্পের জন্য ‘অতিমানবীয়’ পারফরম্যান্সে নাম ওঠেনি গ্রিফিনের। ১৮৮৬ সালে ভিক্টোরিয়ার বিপক্ষেই দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে দুই ইনিংসে ১৭ উইকেট (৯ ও ৮) নিয়েছিলেন, তবে দ্বিতীয় ইনিংসে ১৮ রানের জন্য সেঞ্চুরি পাননি অস্ট্রেলিয়ার হয়ে ৩১টি টেস্ট খেলা গ্রিফিন। পাঁচ বছর পর একই দলের বিপক্ষে একই মাঠে একমাত্র ইনিংসে ২৭১ রান করার পর প্রথম ইনিংসে ৯৬ রানে ৯ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট গ্রিফিনের।
বার্নার্ড বোসানকোয়েট ১০৩, ১০০*; ৩/৭৫, ৮/৫৩
মিডলসেক্স-সাসেক্স, লর্ডস, ১৯০৫
গুগলির আবিষ্কারক—এই একটি পরিচয়েই আটকে নেই ইংলিশ অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়া প্রথম খেলোয়াড়ও বোসানকোয়েট। সাসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৫ মিনিটে সেঞ্চুরি পেয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে তিন অঙ্ক ছুঁলেন মাত্র ৭৫ মিনিটেই। বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৮। কাউন্টির এই পারফরম্যান্স অবশ্য টেস্ট ক্রিকেটে অনূদিত করতে পারেননি বোসানকোয়েট। তাই মাত্র সাত টেস্টেই থেমে যায় ১৯০৫ সালের উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার।
জর্জ হার্স্ট ১১১, ১১৭*; ৬/৭০, ৫/৪৫
ইয়র্কশায়ার-সমারসেট, বাথ, ১৯০৬
৩৬ বছর বয়সী এক ক্রিকেটার, যাকে কিনা আবার পুরোনো চোটের কারণে পুরো মৌসুমে বল করতে হয়েছিল হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে। ১৯০৬ সালে ইংলিশ মৌসুমে সেই হার্স্ট কিনা ২০০০ রান করার পাশাপাশি পেলেন দুই শর বেশি উইকেট। ক্রিকেট ইতিহাসের একমেবাদ্বিতীয়ম এই কীর্তি গড়ার পথেই সমারসেটের বিপক্ষে ম্যাচে জোড়া সেঞ্চুরির পাশাপাশি দুই ইনিংসেই ৫-এর বেশি উইকেট হার্স্টের । প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে ম্যাচে জোড়া সেঞ্চুরি ও দুবার ৫ উইকেট নেওয়ার একমাত্র কীর্তিটা তাঁরই।
ফ্র্যাঙ্কলিন স্টিভেনসন ১১১, ১১৭; ৪/১০৫, ৭/১১৭
নটিংহ্যামশায়ার-ইয়র্কশায়ার, ট্রেন্টব্রিজ, ১৯৮৮
কখনো টেস্ট না খেলা সেরা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। স্টিভেনসনের নামের পাশে চিরতরেই লেগে গেছে তকমাটা। নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ট্যুরে গিয়েই সুযোগটা হারিয়েছিলেন স্টিভেনসন। সেই স্টিভেনসন ১৯৮২ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। তাঁর সেঞ্চুরি-খরা কাটল ১৯৮৮ সালে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ার-ইয়র্কশায়ার ম্যাচে জোড়া সেঞ্চুরি করে। ওই ম্যাচেই ১১ উইকেটও নেন এই ফাস্ট বোলার। পরের বছর উইজডেনের বর্ষসেরার স্বীকৃতিও পেয়ে যান মৌসুমে ১ হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ করে।