ক্রিকেটে 'বিদ্রোহ' নিয়ে ভাবছে না ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুভাষচন্দ্রের মালিকানাধীন এসেল গ্রুপের নতুন প্রকল্পের কার্যকারিতা নিয়ে সন্দিহান ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাইল ছবি
সুভাষচন্দ্রের মালিকানাধীন এসেল গ্রুপের নতুন প্রকল্পের কার্যকারিতা নিয়ে সন্দিহান ভারতীয় ক্রিকেট বোর্ড। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে বড় ‘বিদ্রোহে’র পরিকল্পনায় বেশ আলোচনার ঝড় ক্রিকেট বিশ্বে। ভারতের আইসিএলের উদ্যোক্তা এসেল গ্রুপ পরিকল্পনা করছে, ক্রিকেট দুনিয়াকে ভাগ করে খেলাটির জন্য নতুন এক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার। অবশ্য এ ‘বিদ্রোহ’ নিয়ে খুব একটা ভাবিত নয় বলে দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং এর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছে তারা।

‘বিদ্রোহে’র কেন্দ্র যেহেতু ভারত, চিন্তাটা তাদেরই বেশি হওয়ার কথা। তবে এসেল গ্রুপের পূর্ব উদ্যোগের ফল নিয়ে ভালো ধারণা আছে বলেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ নিয়ে ভাবছে না খুব একটা। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর একটি বার্তা সংস্থাকে বললেন, ‘আইসিসি হচ্ছে ক্রিকেটের একমাত্র সর্বোচ্চ সংস্থা। এর আগেও এমন বহু উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত (আইসিএল ২০০৭-০৯), অস্ট্রেলিয়া (সত্তর দশকের শেষ দিকে ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট) কিংবা যেখানেই হোক; সবাই দেখেছে সেগুলো কীভাবে মুখ থুবড়ে পড়েছে।’

২০০৮ সালে আইসিএল কেবল বাংলাদেশেই নয়, মিলিয়ন ডলারের হাতছানি দিয়ে এলোমেলো করে দিয়েছিল ভারতসহ অনেক ক্রিকেট খেলুড়ে দেশকেই। ভারতীয় ও বিদেশি খেলোয়াড়দের দুই মৌসুম প্রলুব্ধ করতে পেরেছিল তারা। তবে বেশির ভাগ খেলোয়াড়কে পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বাণিজ্যিকভাবে সফলও হয়নি। পরে বিসিসিআইয়ের ‘অ্যামনেস্টি স্কিমের’ অধীনে ভারতীয় খেলোয়াড়েরা কিছু অর্থ পেলেও বিদেশিরা ফিরেছিলেন একরাশ হতাশা নিয়ে। অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারের অপমৃত্যু ঘটেছিল ওই টুর্নামেন্ট খেলতে যাওয়ার ‘অপরাধে’।


এ কারণে সাবেক ভারতীয় অলরাউন্ডার মদন লাল মনে করেন, আগের তিক্ত অভিজ্ঞতার কারণে এ ধরনের লিগে খেলোয়াড় টানা কঠিনই হবে, ‘অনেক খেলোয়াড়ই ক্যারিয়ার গড়তে চেয়েছিল সেখানে। কিন্তু আইসিএল তাদের সঠিক পরিচর্যা করতে পারেনি। বর্তমান খেলোয়াড়েরা অন্তত দশবার ভাববে এ ধরনের নতুন লিগে নাম লেখাতে। তা ছাড়া ভারতে বিসিসিআই থেকে খেলোয়াড় আনা খুবই কঠিন হবে।’
এ ক্ষেত্রে বিকল্প উপায় আছে এসেলের। তবে সে ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করতে হবে তাদের। একেবারে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে হবে। স্টেডিয়াম, অ্যাকাডেমিসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাও করতে হবে। মদন লাল তাই বললেন, ‘এমন প্রতিষ্ঠানকে দীর্ঘ মেয়াদে খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করতে হবে। একইসঙ্গে অবকাঠামোগত খাতেও তাদের বিনিয়োগ করতে হবে।’
শোনা গেছে, আইপিএলের ‘জন্মদাতা’, ভারতীয় বোর্ড থেকে এক রকম বিতাড়িত লোলিত মোদিকে এই উদ্যোগে হাত মেলানোর প্রস্তাব দিয়েছে এসেল গ্রুপ! এ উদ্যোগের সঙ্গে লোলিত মোদী আছেন কি না সেটি নিশ্চিত নয়। তবে মোদি হাত মেলাবেন না বলেই মনে হচ্ছে। তিনিও সংশয় প্রকাশ করে বলেছেন, ‘এটা এমন কাজ নয়, উদ্বোধন করলেই হলো। বহু বছর সময় লাগবে। সবাইকে এক করে টুর্নামেন্ট আয়োজন নয় এটি। একেবারে তৃণমূল থেকে খেলাটাকে দাঁড় করাতে হবে।’