
তিনি দলে নেই, তবে দলের সঙ্গেই আছেন। যে দলের অপরিহার্য অংশ হয়ে ছিলেন এত দিন, সেই সম্পর্ক তো এখনই শেষ হওয়ার নয়! জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ দলের সবাইকে দেখেছেন খুব কাছ থেকে। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারকে নিয়ে আবদুর রাজ্জাকের ধারাবাহিক লেখা
ক্রিকেট নিয়ে বলতে গিয়ে ব্যক্তিজীবন টেনে আনা উচিত নয়। কিন্তু ঝড় দেখে বালুতে মুখ গুঁজে থাকাও সব সময় বুদ্ধিমানের কাজ নয়। এ মুহূর্তে রুবেলকে নিয়ে বলতে গেলে গত কিছুদিনে ওর ব্যক্তিজীবনের প্রসঙ্গ আসবেই। দল যখন বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত, তখন ওকে মাঠের বাইরের বিব্রতকর একটি ব্যাপার নিয়ে ছুটোছুটি করতে হয়েছে। মানসিকভাবেও অনেক ধকল গেছে। বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি অবশ্যই নয়। তবে এটা একটা সুযোগও, নেতিবাচকতাকে ইতিবাচকে রূপ দেওয়ার। এসব আলোচনা-সমালোচনাকে রুবেল অনুপ্রেরণা হিসেবে নিক। বল হাতে জ্বলে উঠুক। মাঠের পারফরম্যান্সেই আড়াল করে দিক মাঠের বাইরের সব প্রসঙ্গ!
এত কিছু হয়ে যাওয়ার পরও রুবেলকে বিশ্বকাপ দলে নেওয়া জরুরি ছিল কি না, এই প্রশ্ন তুলেছেন অনেকে। আমি বলব, অবশ্যই জরুরি ছিল। বিশ্বকাপে রুবেলকে আমাদের লাগবে। রুবেল যে ধরনের বোলার, ওর বলের যেটি সহজাত লেংথ, সেটি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খুবই কার্যকরী হওয়ার কথা। স্লগ ওভারেও আমাদের মূল ভরসা রুবেল। আমার তো ধারণা, বিশ্বকাপে আমাদের বোলিং আক্রমণের মূল অস্ত্রই হতে যাচ্ছে রুবেল। শুরুতে, মাঝে, শেষে—প্রয়োজন হলেই রুবেলের দিকে তাকাতে হবে অধিনায়ককে। আমি বিসিবি ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাব যে, কঠিন সময়ে ওর পাশে থেকেছে, খুব ভালোভাবে সামলেছে পরিস্থিতি।
রুবেলকে আমি প্রথম দেখি বাগেরহাটে, একটি অনুষ্ঠানে। আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। রুবেল তখন বাগেরহাট লিগে-টিগে খেলত। পেসার হান্টে নির্বাচিত হয়েছে বলে ওকেও সংবর্ধনা দেওয়া হলো। পরে দেখলাম একাডেমিতে, ইমরান স্যার (সরওয়ার ইমরান) ওকে নিয়ে কাজ করতেন। জাতীয় দলের নেটেও আনা হতো মাঝেমধ্যে। ইমরান স্যারের কাছে ওর খোঁজখবর নিতাম কেমন করছে। নিজ জেলার ছেলে বলে আমি একটু বাড়তি নজর রাখছিলাম। তবে রুবেল এত জোরে এবং এত ভালো বোলিং করছিল যে, এমনিতেই সবার নজর কেড়েছিল। দেখতে দেখতে জাতীয় দলেও চলে এল। অভিষেকে শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে ৪ উইকেট। পরের ম্যাচেই মুরালিধরনের হাতে ক্রিকেট-শিক্ষা। মুদ্রার দুটি পিঠই দেখা হয়েছিল খুব দ্রতই, বুঝে গিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট খুব সহজ নয়।

এরপর আজ যেখানে থাকার কথা, সত্যি বলতে অত দূর আসতে পারেনি রুবেল। দারুণ কিছু পারফরম্যান্স অবশ্যই আছে। নিউজিল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করার সিরিজে শেষ ম্যাচে কী বোলিংটাই না করল! পরেরবারও প্রথম ম্যাচটি তো একাই জিতিয়ে দিল হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে। কিন্তু এই পারফরম্যান্সগুলো এসেছে বিচ্ছিন্নভাবে। এত দিনে আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা ছিল ওর। না পারার অনেক কারণ আছে। কিছু ওর নিজের হাতে ছিল, কিছু নিজের হাতে নয়। তবে আমার মনে হয়েছে, ওর পরিণত হতে একটু বেশি সময় লেগেছে। অনেকে পরিণত হয় দ্রুত, ও হয়েছে আস্তে আস্তে। তবে ২০১২-১৩ সালের সময়টায় খুব ভালো বোলিং করেছে। উইকেটের সংখ্যা দেখে যা বোঝা কঠিন। ওর দুর্ভাগ্য, এর পরই কাঁধের চোটে পড়ল। অস্ত্রোপচার করিয়ে আবার মাঠে ফেরার পর ছন্দ ফিরে পেতে সময় লেগেছে। তত দিনে তাসকিন-আল আমিনরা উঠে এসেছে, মাশরাফিও চোট কাটিয়ে নিয়মিত খেলছে। একাদশে জায়গা পেতে লড়তে হয়েছে। কিছু ম্যাচে বাদ পড়েছে, এতে আর আত্মবিশ্বাসও একটা ধাক্কা খেয়েছে। মরিয়া হয়ে চেষ্টা করেছে, অনেক সময় উল্টো ফল মিলেছে। যা-ই হোক, গত জিম্বাবুয়ে সিরিজে ওর বোলিং দেখে মনে হলো আবার আগের ধার ফিরে পেয়েছে।
বিশ্বকাপে রুবেল কতটা ভালো করতে পারে, সেই ধারণা সম্ভবত ওর নিজেরও নেই। আমাদের এখানে মরা উইকেটেও কতবার ঝড় তুলেছে রুবেল, কত নামী ব্যাটসম্যানকে ভুগিয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বলই কথা বলবে। তাই সহজাত বোলিং করতে পারলেই ও অনেক ভালো করবে। সেই ভালোর কোনো সীমা নেই। রুবেলের সামর্থ্য আছে সবার ভাবনার সীমাকে ছাড়িয়ে যাওয়ার।
বিশ্বকাপে ভালো করতে না পারলে আবার অনেক কথা হবে। অনেকেই বলবে ব্যক্তিগত জীবনের সমস্যার প্রভাব পড়েছে ক্রিকেটে। আমি চাই রুবেল এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আরও অনুপ্রাণিত হোক। বিশ্বকাপ থেকে ফেরার পর আলোচনার ঝড়টা ক্রিকেটার রুবেল ও রুবেলের ক্রিকেট নিয়েই উঠুক!