ক্রিকেটেই মনোযোগ ইংল্যান্ডের

আফগানিস্তান সিরিজ মাত্রই শেষ হয়েছে। ক্ষণিকের জন্য যেন জিরিয়ে নিচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। টিম হোটেলে অবশ্য কাল দেখা গেল ভিন্ন ছবি। মাশরাফি-সাকিবদের ছুটি থাকলেও ইংল্যান্ড দল ভীষণ ব্যস্ত। টিম ম্যানেজমেন্ট ঠিক করছে দিনের কর্মপরিকল্পনা। ব্যক্তিগত কাজে লবিতে ঘোরাফেরা করছেন জস বাটলার-আদিল রশিদরা। তাঁদের মুখচ্ছবি দেখে অবশ্য বোঝার উপায় নেই যে নিরাপত্তা তাঁদের সামান্যতম উদ্বেগ আছে!
নিরাপত্তার বিষয়টি বাংলাদেশের হাতে ছেড়ে দিয়ে ইংল্যান্ডের সব মনোযোগ এখন ক্রিকেটেই। বিকেল সাড়ে তিনটায় যখন ইংল্যান্ড দল মিরপুরে এল, বোঝা গেল নিরাপত্তা কাকে বলে! বিকেলে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক জস বাটলার জানিয়ে দিলেন, এখন তাঁদের ভাবনাজুড়ে শুধুই ক্রিকেট, ‘একবার খেলা শুরু করে দিলে এসব বিষয় চলে যাবে পেছনের পাতায়। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ খেলছে। আমাদের এখন প্রস্তুত হওয়া দরকার। আমরা সবাই চাই খেলার মধ্যে থাকতে। একবার যখন খেলায় ঢুকে যাব, তখন আশা করি ক্রিকেট নিয়েই কথা বলতে ভালো লাগবে।’

সেই লক্ষ্যেই বিকেলে বিসিবি একাডেমি মাঠে ইংল্যান্ড শুরু করে দিয়েছে অনুশীলন। তিন নেটের দুটিতে তোপ দাগলেন পেসাররা। আরেকটিতে দেখা গেল আদিল রশিদ ও মঈন আলীর ঘূর্ণি। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে খেলতে এমনিতেই বেগ পেতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ইংল্যান্ড দলে থাকা আরেক ‘রশিদ’ আসন্ন সিরিজে তামিমদের যে বড় পরীক্ষা নেবেন, সেটি বোঝা গেল নেটেই। ইংলিশ লেগ স্পিনারকে খেলতে বেশ গলদঘর্ম অবস্থা তাঁর সতীর্থ ব্যাটসম্যানদেরই!
বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংলিশ ব্যাটসম্যানদের জন্যও। আফগানিস্তান সিরিজে বাংলাদেশের স্পিনাররা যেভাবে সাফল্য পেয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষেও নিশ্চয়ই তাঁরা সেটির পুনরাবৃত্তি করতে চাইবেন। ইংলিশ অধিনায়ক সেটি বুঝতে পারছেন, ‘নিজেদের কন্ডিশনে আত্মবিশ্বাসী এক দলের সঙ্গে আমাদের খেলতে হবে। বাংলাদেশ দলের দিকে যদি তাকান, তাদের স্পিনাররা খুবই ভালো করছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমাদের তৈরি হতে হবে। নিজেদের নিয়েই আমরা ভাবছি। তারুণ্যনির্ভর দল আমাদের। আমরা এভাবেই এগোতে চাই।’
২০১৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত ঘরের মাঠে একটি ওয়ানডে সিরিজও হারেনি। এর মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের উজ্জ্বল স্মৃতি আছে মাশরাফিদের। তালিকায় ইংল্যান্ডও যোগ হবে কি না সময়ই বলে দেবে। তবে কাজটা সহজ হবে না, সেটি নিয়ে বাংলাদেশকে সাবধানই করে দিচ্ছেন বাটলার, ‘এটা আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। গত শীতে দুবাইয়ে আমরা সিরিজ খেলেছি। সেখানে ভালোও করেছি। এই কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং কীভাবে জিততে হয় আমরা শিখেছি। এখানেও আমরা আক্রমণাত্মক খেলতে চাই। যতটা পারা যায় দ্রুত রান তুলতে চাই। তবে অতীত অভিজ্ঞতা বলে কন্ডিশন আমাদের কাজটা কঠিন করে তুলবে। আমার মনে হয় মানিয়ে নিতে ১০-১৫ বল লাগবে। যদি এই সময়টা কাটিয়ে দিতে পারেন, পিচের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন। আমরা আমাদের মানের ক্রিকেটই খেলব।’
চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইংল্যান্ড। আফগানিস্তান সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশও নিশ্চয়ই তৈরি সেটি নিতে। এবার অপেক্ষা জমজমাট লড়াইয়ের।