
একটি ক্রিকেট ম্যাচ অনন্তকাল ধরে পরিত্যক্ত থেকে যাবে। স্কোরকার্ডে লেখা থাকবে ফিল হিউজ আহত অবসর ৬৩। কোনো দিন আর অসমাপ্ত ইনিংসটা খেলা হবে না ফিল হিউজের। তাঁর ২৬তম জন্মদিনটা চিরকাল তিনটি দিন দূরে থেকে যাবে। জন্মদিনের কেক কাটা হবে না কোনো দিন। ক্রিকেট মাঠ, ক্রিকেট নামের একটি রোমাঞ্চকর খেলা এবং জীবন থেকেই চিরদিনের মতো সরে গেছেন ফিলিপ জোয়েল হিউজ। বলের আঘাত পেয়ে মৃত্যুর সঙ্গে তিন দিনের লড়াইয়ে হার মেনেছেন। ১৬ বছরেরও বেশি আগে ঢাকায় ভারতীয় ক্রিকেটার রমণ লাম্বার মৃত্যুকে ফ্ল্যাশব্যাকে ফিরিয়েই যেন সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কাল মারা গেলেন অস্ট্রেলিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে (অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট) সাউথ অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলস চার দিনের ম্যাচটি শুরু হয়েছিল গত মঙ্গলবার। টস জিতে অধিনায়ক ইয়োহান বোথা বেছে নিয়েছিলেন ব্যাটিং। মার্ক কসগ্রোভকে নিয়ে ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন হিউজ। ওপেনিং জুটিতে তুলে ফেলেন ৬১ রান। শেন ওয়াটসনের বলে কসগ্রোভ আউট হওয়ার পর জুটি বাঁধেন ক্যালাম ফার্গুসনের সঙ্গে। দ্বিতীয় উইকেটেও ৬১ রানের জুটি হওয়ার পর ফার্গুসনকে ফেরান ডগ বলিঞ্জার। উইকেটে জমে গিয়েছিলেন হিউজ। তাঁকে আউট করা যাচ্ছিল না। ভারতের সঙ্গে ৪ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার একাদশে তাঁর ফেরাটা মনে হচ্ছিল অবশ্যম্ভাবী। শর্ট বলে দুর্বলতা ছিল। এটিই অস্ট্রেলিয়া দলে তাঁর জায়গাটাকে পাকা হতে দেয়নি। ২০০৯ সালে টেস্ট অভিষেক হলেও তাই খেলেছেন মাত্র ২৬ টেস্ট। ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন আরও কম—২৫টি। তাঁকে আউট করতে নিউ সাউথ ওয়েলস অধিনায়ক ব্র্যাড হাডিন ওই শর্ট বলকেই কাজে লাগাতে চাইলেন। আক্রমণে ফিরিয়ে আনলেন দীর্ঘদেহী ফাস্ট মিডিয়াম বোলার শন অ্যাবোটকে। অ্যাবোটের দশম ওভারের তৃতীয় বলটি ছিল শর্টপিচড বাউন্সার। ছাড়ার উপায় ছিল না বাউন্সারটা। শট খেলতে গিয়ে ভুল হলো। বলটা লাগে হেলমেটের নিচে বাঁ কানের নিচে, ঘাড়ে। কয়েক মুহূর্ত পরই মাটিতে দুই হাঁটু গেড়ে নুয়ে পড়লেন হিউজ। খানিকপর ক্রিজে লুটিয়ে পড়ে হারালেন জ্ঞান। ছুটে এলেন প্রতিপক্ষ নিউ সাউথ ওয়েলসের ফিল্ডাররা—অ্যাবোট, ওয়ার্নার, হাডিন। স্ট্রেচার গাড়িতে নেওয়া হলো মাঠের বাইরে। কয়েক মিনিট পর আসে অ্যাম্বুলেন্স। তাঁর আশ্রয় তখন সেন্ট ভিনসেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র। সেখানেই জরুরি ভিত্তিতে হলো অস্ত্রোপচার। কিন্তু জীবনাশঙ্কা তাতে দূর হলো না। কৃত্রিম কোমায় ছিলেন। চিকিৎসকেরা আশার বাণী শোনাতে পারেননি কখনোই। ৪৮ ঘণ্টা পর সেই হাসপাতালের চিকিৎসকেরাই দিয়েছেন অমোঘ ঘোষণাটি—ফিল হিউজ আর নেই। সংবাদমাধ্যমকে পরে তাঁর মৃত্যুসংবাদটি জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের চিকিৎসক পিটার ব্রুকনার, ‘আপনাদের জানানো আমার দায়িত্ব যে, কিছুক্ষণ আগে ফিলিপ হিউজ আমাদের ছেড়ে চলে গেছেন। মঙ্গলবার চোট পাওয়ার পর কখনোই তাঁর চেতনা ফেরেনি। যন্ত্রণাহীন মৃত্যুর আগে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা তাঁর পাশে ছিলেন।’
এটি নির্ভুল যে, ক্রিকেট বলের নির্মম আঘাতে মৃত্যু। আগে জানা গিয়েছিল, মাথার খুলিতে চিড় ছিল, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল প্রচুর। তবে কাল জানা গেল এই মৃত্যু খানিকটা অদ্ভুতুড়ে। কারণ বলের আঘাত লেগেছিল হেলমেটের নিচে, ঘাড়ের মেরুদণ্ডজাত ধমনিতে, যেটি মস্তিষ্কে রক্তসংবহনের অন্যতম প্রধান ধমনি। এতে ধমনি যায় ছিঁড়ে। এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে যায় মস্তিষ্কে। অস্ত্রোপচারেও তাই কোনো কাজ হয়নি।
ক্রিকেটের আকাশে বিষণ্ন মেঘটা জমেছিল মঙ্গলবার হিউজ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পরই। কাল শোকের বর্ষণ হলো ক্রিকেট-পৃথিবীর সব প্রান্তে। ক্রিকেটের আজ মন খারাপ। ক্রিকেটের আজ শোকের দিন। শোক গুমরে গুমরে ফিরছে চারদিকে। শোক জানিয়েছে আইসিসি, ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকা। ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির মাঠ লর্ডসে অর্ধনমিত সংস্থাটির পতাকা। তাঁর দল নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ইংলিশ কাউন্টির হ্যাম্পশায়ার, মিডলসেক্স, আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস শোকাচ্ছন্ন। সব দেশের ক্রিকেট বোর্ড শোকাহত, ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তবে এসব শোকবার্তার কী ক্ষমতা যে, হিউজের পরিবারকে ওলটপালট করে দেওয়া শোকের ঝড়কে তা থামায়! ২৫ বছর বয়সে কেন এভাবে একটা লাল বলের ছোবলে ঝরে যাবে ম্যাকসভিলের গ্রেগ হিউজ ও ভার্জিনিয়া হিউজ দম্পতির তিন সন্তানের একটি? ক্রিকেটের লাল চেরিতে মৃত্যুর একটা চোরাগলি আছে জেনেও যিনি ক্রিকেটার হয়ে ক্রিকেটেই বেঁধেছিলেন জীবন?