'মানুষ টেন্ডুলকার' অনেক বড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুর আশীর্বাদ নিচ্ছেন টেন্ডুলকার। ছবি: টুইটার
গুরুর আশীর্বাদ নিচ্ছেন টেন্ডুলকার। ছবি: টুইটার

তাঁর বাবা বলেছিলেন কথাটা। ক্যারিয়ারের শুরুর ​দিকে: ‘সাফল্যকে কখনোই তোমার মধ্যে উদ্ধত আচরণের জন্ম দিতে দেবে না। যদি তুমি বিনয়ী হও, মানুষ তোমাকে সব সময় ভালোবাসবে, এমনকি খেলা ছাড়ার পরও। বাবা হিসেবে আমি তখনই বেশি খুশি হব, ‘‘শচীন দুর্দান্ত একজন ক্রিকেটার’ বলার চেয়েও মানুষ যেন বেশি করে বলে, শচীন মানুষ হিসেবে খুব ভালো’’।’
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। শচীন টেন্ডুলকার ক্রিকেটার হিসেবে যত বড় মাপের, তার চেয়েও বড় যেন তিনি মানুষ হিসেবে। দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে বলতে গেলে সে রকম কোনো বিতর্কের দাগই নেই। সব সময়ই মাটিতে পা রেখেছেন। অহংকার করেননি। অতীত ভুলে যাননি। ভুলে যাননি তাঁর জীবনের প্রথম গুরু রমাকান্ত আচরেকারের অবদানের কথা।
শুধু কি তা-ই, খেলা ছেড়েও এখনো গুরুর আশীর্বাদের জন্য ছুটে যান টেন্ডুলকার। যেমন গিয়েছিলেন গতকাল।
গতকাল ছিল গুরু পূর্ণিমা। এ দিন ভারতীয় সংস্কৃতিতে শিষ্যেরা গুরুর কাছে আশীর্বাদ নেয়। সংস্কৃত শব্দ ‘গুরু’র অর্থ হলো যিনি অন্ধকার​ ও অশিক্ষা দূর করেন। আচরেকারের কাছে তো শুধু ক্রিকেটই শেখেননি, টেন্ডুলকার শিখেছেন বড় মানুষও ​কীভাবে হতে হয়। স্কুল ক্রিকেটে একবার রান চুরি করেছিলেন বলে কী বকুনিই না খেয়েছিলেন। সেই শিক্ষার কথা এখনো ভোলেননি। এ কারণেই হয়তো টেন্ডুলকার ‘টেন্ডুলকার’ হতে পেরেছেন।
গুরু পূর্ণিমা উপলক্ষে গতকাল টেন্ডুলকার আচরেকারের বাসায় ছুটে যান। পা ছুঁয়ে পদধূলি নেন। গুরুও প্রিয় শিষ্যকে কাছে টেনে নেন। আশীর্বাদ করেন। আচরেকারকে গুরু মা​নার পর থেকে এ দিনটিতে কখনোই গুরুর আশীর্বাদ নিতে ভোলেননি টেন্ডুলকার। এমনকি বিদেশ সফরে থাকলেও ফোন করে আশীর্বাদ নিতেন।
এখন হয়তো আর ক্রিকেট খেলেন না। কিন্তু জীবনের ২২ গজে গুরুর আশীর্বাদের প্রয়োজন এখনো এতটুকু কমেনি তাঁর কাছে!