ক্রিকেটের নতুন রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিরাট কোহলিকে মাত্র ৩ রানেই ফিরিয়ে দিয়ে বোলার রুবেল হোসেনের উল্লাস। ২০১৫ বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা বাংলাদেশ অবশ্য জিততে পারেনি। তবে হারলেও সম্ভবত মেলবোর্নের ওই ম্যাচ থেকেই শুরু বাংলাদেশ-ভারত ক্রিকেট-যুদ্ধের নতুন অধ্যায় l ফাইল ছবি
ভারতের বিরাট কোহলিকে মাত্র ৩ রানেই ফিরিয়ে দিয়ে বোলার রুবেল হোসেনের উল্লাস। ২০১৫ বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা বাংলাদেশ অবশ্য জিততে পারেনি। তবে হারলেও সম্ভবত মেলবোর্নের ওই ম্যাচ থেকেই শুরু বাংলাদেশ-ভারত ক্রিকেট-যুদ্ধের নতুন অধ্যায় l ফাইল ছবি

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনাটা হাস্যকর হবে। কত শত বছরের ইতিহাস! ১৪০ বছর আগে টেস্ট ক্রিকেট শুরুরও কত আগে এই প্রতিদ্বন্দ্বিতার শুরু!

ভারত-পাকিস্তানের সঙ্গেও তুলনা চলে না। এটিও অনেক পুরোনো এবং শুধুই ক্রিকেট নয়। ঐতিহাসিক-রাজনৈতিক জটিল সব অঙ্ক জড়িয়ে এর সঙ্গে।

তুলনা না-ই হলো। তবে ক্রিকেটে নতুন একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু গত কিছুদিনে ডানা মেলতে শুরু করেছে। বাংলাদেশ বনাম ভারত!

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার শতাব্দীপ্রাচীন লড়াইয়ে আভিজাত্য আছে। ভারত-পাকিস্তানের ছয় দশকেরও পুরোনো বৈরিতায় জাতিগত শত্রুতা। বাংলাদেশ-ভারত বয়সে নবীন এবং চরিত্রেও আলাদা। তবে গত বছর দুয়েকের ইতিহাস দেখুন, এটিই হয়ে উঠেছে উপমহাদেশীয় ক্রিকেটে সবচেয়ে ঝাঁজালো প্রতিদ্বন্দ্বিতা।

এর একটা কারণ তো অবশ্যই ভারত-পাকিস্তানের ঝাঁজ কমে যাওয়া। আইসিসি টুর্নামেন্ট ছাড়া দুই দলের এখন দেখাই হয় না। যখন দেখা হয়, পাকিস্তান অসহায় আত্মসমর্পণ করে। এই চ্যাম্পিয়নস ট্রফিতেই যেমন ভারতের কাছে আবারও পাকিস্তানের উড়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, এই ম্যাচ নিয়ে এত ঢক্কা-নিনাদ বাজানোর কী আছে!

সেই তুলনায় গত কিছুদিনের বাংলাদেশ-ভারত অনেক বেশি রোমাঞ্চকর। ভালো খেলা হচ্ছে, সেই খেলার আগে-পরে বাতাসে ছড়াচ্ছে উত্তেজনার রেণু, খেলার মধ্যে প্রায়ই চলে আসছে খেলার বাইরের অনেক কিছুও। যেটি শালীনতা-ভব্যতার সীমানা ছাপিয়ে যাচ্ছে প্রায়ই। যদিও খেলার বাইরে যা হচ্ছে, তার সবকিছুই দুই দেশের সমর্থকদের মধ্যে। খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্কে যেটির বিন্দুমাত্র প্রতিফলন নেই। যে কথাটা ভারত-পাকিস্তানের ক্ষেত্রেও সত্যি।

এমনিতে ইতিহাস-ঐতিহ্যে দুই দলের তুলনা হয় না। ভারত সেই কবে থেকে টেস্ট খেলছে, অর্থে-বিত্তে-প্রতিপত্তিতে অনেক দিনই ছড়ি ঘোরাচ্ছে বিশ্ব ক্রিকেটে। আর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নবীনতম, কিছুদিন আগেও যাদের জয় বিবেচিত হতো ‘অঘটন’ বলে। দুই মেরুতে থাকা এই দুই দলের খেলা হঠাৎই অন্য মাত্রা পেতে শুরু করল মেলবোর্নের সেই ঘটনাবহুল রাত থেকে।

২০১৫ বিশ্বকাপের বিতর্ক জর্জরিত সেই কোয়ার্টার ফাইনাল ভারতীয়দের অনেকেরই নাকি সেভাবে মনে নেই। রবি শাস্ত্রী যেমন ভারতীয় দলের টিম ডিরেক্টর হয়ে ভারতের ড্রেসিংরুমে থাকার পরও ওই ম্যাচের অনেক কিছুই ভুলে গেছেন বলে দাবি করছেন। কাল সংবাদ সম্মেলনে বিরাট কোহলিও ‘ওটা তো ২৪ মাস আগের কথা’ বলে প্রসঙ্গটায় ঢুকলেনই না। যা শুনে মনে হচ্ছে, মেলবোর্নের রাত শুধু বাংলাদেশই মনে রেখেছে!

সেই ম্যাচের রেশ থাকতে থাকতেই ভারতের বাংলাদেশ সফর। উথালপাথাল করে দেওয়া সেই সিরিজ। শুধু দুই দেশের ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেই এক আলোড়ন। তরুণ এক ফাস্ট বোলার মাঠে নেমেই উড়িয়ে দিচ্ছেন প্রবল পরাক্রান্ত ব্যাটিং লাইনআপকে, ক্রিকেটে এর চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে! অবিসংবাদিতভাবে সেটি মোস্তাফিজুর রহমানের সিরিজ। এবং সেই সিরিজে বাড়তি ‘মসলা’ যোগ হলো রান নিতে গিয়ে ধোনি মোস্তাফিজকে ধাক্কা দেওয়ায়।

মাশরাফি বিন মুর্তজা এই সেদিনই বাংলাদেশের ক্রিকেটের ব্যতিক্রমী একটা বৈশিষ্ট্যের কথা বলছিলেন। বাংলাদেশই একমাত্র দেশ, যারা টেস্টে ভালো না করেও ওয়ানডেতে ভালো করছে। কথাটা সত্যি। টেস্টে বাংলাদেশ-ভারত যেমন এখনো একপেশেই রয়ে গেছে। প্রতিদ্বন্দ্বিতা যা, তা শুধু ওয়ানডে ঘিরেই। যা টি-টোয়েন্টিতেও কিছুটা ছড়িয়েছে। গত বছর ঢাকায় এশিয়া কাপের ফাইনাল খেলল দুই দল। এর কদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুর ওই ব্যাখ্যাতীত ম্যাচ। ভারতে আয়োজিত বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে ফেলতে ৩ বলে মাত্র ২ রান লাগে। সেখান থেকে ওই ম্যাচ বাংলাদেশ কীভাবে হারতে সক্ষম হলো, সেই বিস্ময় এখনো কারও যায়নি।

বাংলাদেশ পারেনি, তবে ওই ম্যাচটাও দুই দেশের ক্রিকেটযুদ্ধে আরেকটু রং লাগিয়েছে। এই প্রেক্ষাপটেই এই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আজ আবার বাংলাদেশ-ভারত!

দুই দেশের ম্যাচে ঝাঁজটা না হয় নতুন, তবে এর বীজটা বোনা হয়েছিল অনেক আগে। সেই ২০০৭ বিশ্বকাপে। পোর্ট অব স্পেনে তারায় তারায় খচিত ভারতকে হারিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেটকেই টালমাটাল করে তুলেছিল বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে খুব কম ম্যাচই এমন বিশাল তাৎপর্য নিয়ে দেখা দিয়েছে। প্রথম পর্ব থেকেই ভারতের বিদায়ে আর্থিকভাবে বিপর্যস্ত আইসিসি এমন কিছুর পুনরাবৃত্তি ঠেকাতে বিশ্বকাপের ফরম্যাটই বদলে ফেলতে বাধ্য হলো।

আরেকটু যদি পেছনে যান, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বড় জয়ও কিন্তু এই ভারতের বিপক্ষেই। ২০০৪ সালের ডিসেম্বরে সেই জয় এসেছিল প্রলয়ংকরী সুনামির রাতে। নবীন ক্রিকেট সমর্থক যারা বাংলাদেশকে নিয়মিতই জিততে দেখতে অভ্যস্ত, এই জয়ের মাহাত্ম্য তাদের বোঝার কথা নয়। কিছুটা বুঝতে পারবেন, যখন জানবেন এর আগের ৬৪টি ম্যাচে বাংলাদেশের জয় ছিল মাত্র দুটি! তার একটি আবার হংকংয়ের বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সেই জয়ই খুলে দিয়েছিল আরও অনেক বড় বড় জয়ের দুয়ার।

সেদিন তা ছিল বড় এক অঘটন। এখন বাংলাদেশ জিতলে অবশ্যই তা নয়। ‘অঘটন’ যদি কেউ বলেনও, ‘বড়’ কথাটা আসবেই না। বাংলাদেশ-ভারত যে এখন ক্রিকেটে নতুন প্রতিদ্বন্দ্বিতার নাম!