ক্রিকেটের বর্ষসেরা জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন
মিচেল জনসন

তাঁর আগুনে গোলাতেই পুড়ে ছাই হয়েছিল ইংলিশরা। ৫-০ ব্যবধানে ধবলধোলাই হয়ে বিখ্যাত ভস্মাধারটা তুলে দিয়েছিল অস্ট্রেলিয়ানদের হাতে। ৫ টেস্টে ৩৭ উইকেট। সর্বশেষ অ্যাশেজে তর্কাতীত সেরা ছিলেন মিচেল জনসনই। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচে ২২ উইকেট পেলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার, এবারও সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এই দুই সিরিজের পারফরম্যান্স দিয়েই আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারি সোবার্স ট্রফিটা জিতে নিয়েছেন ৩৩ বছর বয়সী জনসন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন এই বাঁহাতি পেসার। গত বছরও বর্ষসেরা ও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল অস্ট্রেলীয়দের হাতে, দুটিই জিতেছিলেন মাইকেল ক্লার্ক।
কাল এই পুরস্কার জিতে রিকি পন্টিংয়েরও পাশে বসলেন ২০০৯ সালে প্রথমবার বর্ষসেরা হওয়া জনসন। দুবার বর্ষসেরা হয়েছেন শুধু এই দুজনই। পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে ২০১৩ সালে ২৬ আগস্ট থেকে এ বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স। এই সময়টায় ৮ টেস্টে ১৫.২৩ গড়ে ৫৯ ও ১৬ ওয়ানডেতে ২১ উইকেট নিয়েছেন জনসন। বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন পাওয়া এবি ডি ভিলিয়ার্স হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়।
জনসনের এই সাফল্যের রহস্য কী? জনসন মনে করেন দৃষ্টিভঙ্গি, ‘আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি, বিশ্বাস ও আত্মবিশ্বাসেরই পুরস্কার এটা।’
এবার খেলোয়াড়ি মানসিকতা দেখানোর জন্য ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ক্যাথেরিন গ্রান্ট। দক্ষিণ আফ্রিকার এক ব্যাটারকে আম্পায়ার আউট দিয়ে দিলেও সবাইকে অবাক করে দিয়ে রেফারেল চেয়েছিলেন বোলার গ্রান্ট। রেফারেলে বদলে যায় সিদ্ধান্ত। আইসিসি বিজ্ঞপ্তি।
আইসিসি বর্ষসেরা ২০১৪
বর্ষসেরা ক্রিকেটার (গ্যারি সোবার্স ট্রফি)
মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার
গ্যারি ব্যালান্স (ইংল্যান্ড)
বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার
প্রেস্টন মমসেন (স্কটল্যান্ড)
বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা নারী ক্রিকেটার (ওয়ানডে)
সারা টেলর (ইংল্যান্ড)
বর্ষসেরা নারী ক্রিকেটার (টি-টোয়েন্টি)
মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড
ক্যাথেরিন ব্রান্ট (ইংল্যান্ড)
বর্ষসেরা আম্পায়ার (ডেভিড শেফার্ড ট্রফি)
রিচার্ড কেটেলবরো
পিপলস চয়েস অ্যাওয়ার্ড
ভুবনেশ্বর কুমার (ভারত)