ক্রিকেটের 'মাথা ঘুরিয়ে দেওয়া' নিলামগুলো
>কোনো ব্যক্তিগত স্মারকের নিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন। করোনার এই সময় সাবেক–বর্তমান ক্রীড়াবিদদদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিলামে বিক্রি করে সে অর্থ উপদ্রুতদের কল্যাণে কাজে লাগানোর একটা প্রবণতা শুরু হয়েছে। ক্রীড়াবিদদের বিভিন্ন ব্যবহার করা সামগ্রী নিলামে তোলার ব্যাপারটি দুনিয়াতে অবশ্য বেশ পুরোনোই। অনেক বড় বড় ক্রীড়াবিদদের জিনিসপত্র নিলামে বিক্রি করে সে টাকা মানুষের কল্যাণে ব্যবহার করা হয়েছে। আবার অনেক সময় ক্রীড়াবিদদের কোনো সামগ্রীর ঐতিহাসিক মূল্য বিবেচনায় এনে সেটিকে সংরক্ষণের জন্য নিলাম করা হয়েছে। ধনাঢ্য ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত সংগ্রহ সমৃদ্ধ করতেও অনেক সময় নিলামে খেলোয়াড়দের জিনিসপত্র কিনে থাকেন। এই লেখায় তুলে ধরা হয়েছে ক্রিকেটের কয়েকটি দামী নিলাম। বিখ্যাত ক্রিকেটারদের ব্যবহার করা সামগ্রী এই নিলামগুলোতে বিক্রি হয়েছিল অনেক চড়া দামে। এই সামগ্রীগুলোর ঐতিহাসিক মূল্য, ব্যবহারের প্রেক্ষাপট ও ব্যবহারকারীকে বিবেচনায় নিলে নিলামের গল্পগুলো পাঠকের ভালো লাগারই কথা।

স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি
১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সফরে এ টুপিটি ব্যবহার করেছিলেন অস্ট্রেলীয় কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। এ টুপিটি পরেই সে সফরে নিজের ২৯তম টেস্ট শতকটি করেছিলেন তিনি। ৩৫ বছর ধরে ব্র্যাডম্যানের সেঞ্চুরির সে রেকর্ডটি টিকে ছিল। ৩৫ বছর পর সুনীল গাভাস্কার ভাঙেন সে রেকর্ডটি। ব্যাগি গ্রিন টুপিটির গল্প এখানেই শেষ নয়। এটি পরেই ক্যারিয়ারের শেষ ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন ব্র্যাডম্যান। অথচ, সে ইনিংসে মাত্র ৪ রান করলেই ক্যারিয়ার গড় রাখতে পারতেন ১০০। এই টুপিটি যদি নিলামে ওঠে, তাহলে তো তা নিয়ে কাড়াকাড়ি পড়ে যাওয়ার কথা ধনাঢ্য মানুষদের মধ্যে। ২০০৩ সালে রিয়েলিটি শো 'হু ওয়ান্টস টু বি অ্য মিলিয়নিয়র' এর বিজয়ী টিম সারিসিয়ের ১ লাখ ৭০ হাজার পাউন্ডে ব্র্যাডম্যানের সে টুপিটি নিলামে কিনে নেন।

ধোনির সেই ছক্কা মারা ব্যাট
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দেশকে দারুণ এক ছক্কা মেরে জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিজেকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপজয়ী দলনায়ক কপিল দেব, ইমরান খান, অ্যালান বোর্ডার, অর্জুনা রানাতুঙ্গা কিংবা ক্লাইভ লয়েড, স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের কাতারে। বিশ্বকাপ ফাইনালে যে ব্যাটটি দিয়ে বিজয়ের ছক্কাটি ধোনি মেরেছিলেন, সেটি সে বছরই ১ লাখ পাউন্ডে নিলামে বিক্রি হয়ে যায়। এর ক্রেতা ছিল ভারতের একটি আর্থিক প্রতিষ্ঠান আরকে গ্লোবাল শেয়ার অ্যান্ড সিকিউরিটিস লিমিটেড।

গ্যারি সোবার্সের ৬ ছক্কার সেই ব্যাট
সোয়ানসেতে সে ম্যাচটি ছিল ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের। ১৯৬৮ সালের আগস্টে নটিংহ্যামশায়ার ও গ্ল্যামরগানের সেই ম্যাচটিতে এক ওভারে ৬ ছক্কা মেরে সারা ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্স। ছক্কাগুলো ছিল ম্যালকম ন্যাশ নামের এক বোলারের বলে। একজন বাঁ হাতি পেসার হয়েও সেদিন সোবার্সের বিপক্ষে পরীক্ষা–নিরীক্ষায় গিয়েছিলেন, বাঁ হাতি স্পিন বোলিং দিয়ে। জন্মের শিক্ষা হয়েছিল তাঁর। ২০০০ সালে সোবার্সের সেই ব্যাটটিই ৫৪ হাজার পাউন্ড দিয়ে ইংল্যান্ডের এক নিলাম থেকে কিনে নেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

সোবার্সেরই আরেক ঐতিহাসিক ব্যাট
কিংবদন্তি গ্যারফিল্ড সোবার্স ১৯৫৮ সালে জ্যামাইকার কিংস্টোনে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৩৬৫ রানের ইনিংস। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে সেটিই হয়ে ছিল সর্বাচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ১৯৯৪ সালে অবশ্য ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারা ভেঙে দেন সে রেকর্ড। এরপর অবশ্য ২০০৩ সালে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ভেঙে দিয়েছিলেন লারার ৩৭৫ রানের রেকর্ড। ২০০৪ সালে ৪০০ রানের ইনিংস খেলে লারা আবারও সেই রেকর্ড পুনরুদ্ধার করেন। ২০০৬ সালে শ্রীলঙ্কান তারকা মাহেলা জয়াবর্ধনেও খেলেন ৩৭৪ রানের এক ইনিংস। রেকর্ডের ভাঙা–গড়ার পরেও ১৯৫৮ সালে খেলা সোবার্সের সেই ৩৬৫* ইনিংসটা যে ক্রিকেট রোমান্টিকদের কাছে কতটা আকর্ষণীয় সেটির প্রমাণ মেলে ২০০০ সালেই। তাঁর ৬ ছক্কার ব্যাটের সঙ্গেই নিলামে বিক্রি হয় অপরাজিত ৩৬৫ রানের সেই ব্যাট। দাম ওঠে ৪৭ হাজার ৪৭৫ পাউন্ড।

ব্র্যাডম্যানকে হারিয়ে দিল শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন
ক্রিকেট ইতিহাসে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি সামগ্রী ছিল ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি। কিন্তু ২০২০ সালের জানুয়ারি মাসে সেটিকে পেছনে ফেলে ব্র্যাডম্যানের উত্তরসূরি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন। প্রলয়ংকরী বুশ ফায়ারে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ওয়ার্ন তাঁর ব্যাগি গ্রিন নিলামে তোলেন। ৪ লাখ ২৯ হাজার ৩৩৮ পাউন্ডের বিনিময়ে এটি বিক্রি হয় নিলামে। নিলামে এই বিডটি পেশ করেন 'এম. সি' অদ্যাক্ষরের এক ব্যক্তি।