ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত স্কোরকার্ড কি এটাই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর ব্যাটেই এই অবিশ্বাস্য কাণ্ড! ছবি: ওয়েবসাইট
তাঁর ব্যাটেই এই অবিশ্বাস্য কাণ্ড! ছবি: ওয়েবসাইট

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে একটি স্কোর কার্ড। হবে না-ই বা কেন! স্কোর কার্ডটিতে আসলেই যে মজার একটি বিষয় রয়েছে। একটি দলের মোট রান ১৬৯। এর মধ্যে একজনই করেছেন ১৬০! বাকি প্রত্যেকের নামের পাশে ‘০’! তবু জিতেছে তাঁর দল। আক্ষরিক অর্থেই এক হাতেই জিতিয়ে দিলেন শানিয়া-লি সোয়ার্ট!

কীভাবে সম্ভব এটা? অসম্ভব মনে হলেও চোখ কচলে স্কোর কার্ডটি আরেকবার দেখে নিন। আসলেই ঘটেছে এমনটি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি প্রতিযোগিতার ম্যাচ ছিল এটি। পরশু প্রিটোরিয়াতে হওয়া ম্যাচটিতে এমপুমালাঙ্গার হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন সোয়ার্ট। করেন ৮৬ অপরাজিত ১৬০ রান। এর মধ্যে ১৪৪ রানই আসে বাউন্ডারি থেকে। মারেন ১৮টি চার ও ১২টি ছয়।
৮ উইকেটে ১৬৯ রান তোলা দলটির পক্ষে আর কেউ কোনো রান করতে পারেননি। ৯ রান আসে অতিরিক্ত খাত থেকে। নবম উইকেটে ৬১ রান তোলেন সোয়ার্ট। ১০ নম্বরে নামা নিকোলেট ফিরি খেলেন মাত্র ৩ বল। কোনো রান পাননি। দলের ৪২ রানের জয়ে বল হাতেও অবদান রাখেন সোয়ার্ট। ২১ রানে নেন ২ উইকেট।

এই সেই স্কোর কার্ড, যা নিয়ে আলোচনা। ছবি: ক্রিকইনফোর স্কোরকার্ড
এই সেই স্কোর কার্ড, যা নিয়ে আলোচনা। ছবি: ক্রিকইনফোর স্কোরকার্ড

দলের রানের সিংহভাগ করা সোয়ার্টের জন্য অবশ্য নতুন নয়। গত শুক্রবার ৫০ ওভারের একটি ম্যাচে তাঁর দল ৩৫২ রান করে। এর মধ্যে সোয়ার্ট করেন ২৮৯ রান। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও সোয়ার্টের মনোযোগে যে কোনো বিচ্যুতি ঘটে না টি-টোয়েন্টি ম্যাচটিই এর প্রমাণ। শুধু তো বিচ্যুতি নয়। ক্রিকেটে অন্য প্রান্তের সঙ্গী ঠিকমতো সঙ্গ না দিলে রান করা তো সম্ভবই নয়। তাই বাকি ১০ জনের প্রত্যেকে ০ রান করেও সোয়ার্টের এত বড় ইনিংস খেলতে পারাটা বিস্ময়ের। একমাত্র যে উপায় ছিল, সেটাই করেছেন সোয়ার্ট। এবার সিংহভাগ রান নয়, ব্যাটসম্যানদের ব্যাট থেকে যা রান এল, এত শতভাগই তাঁর ব্যাটে!
কীভাবে খেলতে পারলেন এমন ইনিংস? সেই ব্যাখ্যা মিলবে সোয়ার্টের বাবা ব্যালটুসের কাছে, ‘ও আপনাকে তিনটি চার মারবে, এরপর যদি দেখে ওর সঙ্গী ধুঁকছে তাহলে শেষ বলে এক রানও নিতে পারবে। এতে আবারও সে স্ট্রাইকে ফিরে পরের ওভারটিও এভাবে একাই খেলবে। এখানে তা-ই ঘটেছে।’
এমন প্রতিভাবান একজন ব্যাটসম্যান হলেও সোয়ার্ট ক্রিকেটের শুরুটা করেছিলেন ফাস্ট বোলার হিসেবে। কিন্তু ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেস বোলিং বাদ দিয়ে স্পিন বল করতে শুরু করেন। সোয়ার্টের একজন ভালো হকি খেলোয়াড়ও। কতটা ভালো তা বললেন তাঁর বাবা, ‘ও একজন ভালো হকি খেলোয়াড়ও। আগামী বছর ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার হয়ে খেলার প্রস্তাবও পেয়েছে।’ সূত্র: ক্রিকইনফো।