ক্রিকেটের সবচেয়ে পুরোনো রেকর্ড
রেকর্ড হয়ই নাকি ভেঙে যাওয়ার জন্য। বললেই হলো! কিছু রেকর্ডের জন্মই যেন অমরত্বের দাবি নিয়ে। যেমন স্যার ডন ব্র্যাডম্যানের টেস্ট ব্যাটিং গড়। যেটি কোনো দিনই ভাঙার নয়। চার্লস ব্যানারম্যানের রেকর্ডটি আরও বিস্ময়-জাগানিয়া। যেটির বয়স টেস্ট ক্রিকেটের সমান। সমাপ্ত ইনিংসে সবচেয়ে বেশি অবদান রাখার এই রেকর্ড ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে, যা টিকে আছে ১২৯ বছর। কে জানে, হয়তো টিকে থাকবে চিরদিনই।

চার্লস ব্যানারম্যান
৬৭.৩৪%
টেস্ট ক্যারিয়ারে একটিই সেঞ্চুরি। আর সেটিতেই নিশ্চিত হয়ে গেছে অমরত্ব। টেস্ট ক্রিকেটের প্রথম বলটি খেলেছিলেন বলে এমনিতেও অমর হয়ে থাকার কথা ছিল অস্ট্রেলীয় ওপেনারের। টেস্টে প্রথম সেঞ্চুরিটিও তাঁর। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৪৫ রানের ১৬৫-ই তাঁর ব্যাট থেকে। শতকরা হিসাবে যা ৬৭.৩৪। জর্জ উলিয়েটের বল ডান হাতের মধ্যমায় ছোবল দেওয়ায় আহত হয়ে অবসর নিতে হয়েছিল, নইলে সেটি হয়তো আরও বাড়ত। আবার ডাবল ফিগারে পৌঁছানোর আগেই দেওয়া সহজ ক্যাচটি জন আর্মিটেজ ভুঁড়িতে লাগিয়ে ফেলে না দিলে শুধু টেস্ট ক্রিকেটের প্রথম বলটি খেলাই বলার মতো একমাত্র ‘কীর্তি’ হয়ে থাকত ব্যানারম্যানের। মাত্র তিন টেস্টের ক্যারিয়ার। ইতিহাসের প্রথম তিন টেস্ট। তিনটিই মেলবোর্নে। বাকি পাঁচ ইনিংসে সর্বোচ্চ মাত্র ৩০!
অস্ট্রেলিয়া ২৪৫, ব্যানারম্যান ১৬৫
বিপক্ষ ইংল্যান্ড, মেলবোর্ন, ১৮৭৭
ফল: অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়ী
কাছাকাছি এসেছিলেন যাঁরা

মাইকেল স্ল্যাটার
৬৬.৮৪%
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, দলীয় রানের ৬৮.৩৩ শতাংশই তাঁর। অস্ট্রেলিয়া এর পর আরও ৪ রান যোগ করায় ব্যানারম্যানের পেছনে পড়ে যান স্ল্যাটার। আফসোস করাটা ঠিক হতো না, কারণ ৩৫ রানেই রানআউট ছিলেন। বেঁচে যান আম্পায়ার সাইমন টোফেলের ভুলে। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছিল মার্ক ওয়াহর ২৪, আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কও ছুঁতে পারেননি।
অস্ট্রেলিয়া ১৮৪, স্ল্যাটার ১২৩
বিপক্ষ ইংল্যান্ড, সিডনি, ১৯৯৯
ফল: অস্ট্রেলিয়া ৯৮ রানে জয়ী

ভেঙ্কট লক্ষ্মণ
৬৩.৯৮%
ভিভিএস মানে যে ‘ভেরি ভেরি স্পেশাল’ও করা যায়, ক্রিকেট বিশ্বকে প্রথম বুঝিয়েছিলেন এই ইনিংসে। লক্ষ্মণ তখন ওপেনার, প্রথম ইনিংসে ৪০২ রানে পিছিয়ে পড়ার পর ভারতের দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই তাঁর ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি। ১১৪ বলে প্রথম টেস্ট সেঞ্চুরি, ১৬৭ রানের ইনিংসে ২৭টি চার। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছিল সৌরভ গাঙ্গুলীর ২৫। টেস্ট সিরিজের পর অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন, এই ইনিংসের পর রেখে দেওয়া হয় লক্ষ্মণকে।
ভারত ২৬১, লক্ষ্মণ ১৬৭
বিপক্ষ অস্ট্রেলিয়া, সিডনি, ২০০০
ফল: অস্ট্রেলিয়া ১ ইনিংস ও ১৪১ রানে জয়ী

ক্রেইগ ব্রাফেট
৬৩.৫১%
বারবাডিয়ান ওপেনারের নিঃসঙ্গ লড়াইয়ের এই কীর্তি যে দিনে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পারলে সেটি ইতিহাস থেকে মুছে ফেলে! তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের হাতে ছিল প্রথম ইনিংসের ৪ উইকেট। ৫ ওভারে তা হারিয়ে ফলো অন করতে নেমে ৩৬.৩ ওভারে অলআউট! দ্বিতীয় ইনিংসে শুধু ব্রাফেটই যা একটু প্রতিরোধ গড়েন। আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে (চোট পাওয়ায় ১১ নম্বর ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রিয়েল ব্যাটিং করতে পারেননি)।
ওয়েস্ট ইন্ডিজ ১৪৮, ব্রাফেট ৯৪
বিপক্ষ অস্ট্রেলিয়া, হোবার্ট, ২০১৫
ফল: অস্ট্রেলিয়া ১ ইনিংস ও ২১২ রানে জয়ী

গর্ডন গ্রিনিজ
৬৩.৫০%
জোড়া সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ভিভ রিচার্ডসও। তবে প্রথম ইনিংসে গ্রিনিজ যেন জ্বলন্ত ডেকে দাঁড়িয়ে থাকা সাহসী বালক। ২৬ রানে পড়েছিল ৪ উইকেট, ফ্রেডেরিকস-রিচার্ডস-কালীচরণ-লয়েডের মিলিত অবদান ৬ রান। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছিলেন কলিস কিং। ১১ নম্বরে নামা ওয়েইন ড্যানিয়েল ছাড়া আর কারও দুই অঙ্কে যাওয়া হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ ২১১, গ্রিনিজ ১৩৪
বিপক্ষ ইংল্যান্ড, ওল্ড ট্রাফোর্ড, ১৯৭৬
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪২৫ রানে জয়ী
দলীয় রানে ৬০ শতাংশ বা এর বেশি অবদান রাখার কীর্তি আছে আরও ১১টি