ক্রিকেটের 'উভকর' বোলাররা

৬-৩-৫-৬। ঠিক ধরেছেন, একটি বিধ্বংসী বোলিং স্পেলের সংক্ষিপ্ত বর্ণনা এটি। তো বোলারটা কে? চমকে যেতে পারেন উত্তরটা শুনে। এই বোলিং ফিগার জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের। এসিসি ট্রফিতে ১৯৯৬ সালে জাপানের বিপক্ষে এমনই রূদ্রমূর্তিতে হাজির হয়েছিলেন বোলার আকরাম।
বাংলাদেশকে বিশ্বকাপের টিকেট পাওয়া, সেই ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়—বাংলাদেশের ক্রিকেটের আজকের এই অবস্থানের পেছনে আকরাম খানের ব্যাটিংয়ের অবদান অনেক। কিন্তু বল হাতে দলকে জেতাচ্ছেন আকরাম—এ রকম দৃশ্য দেখা গিয়েছিল কেবল সেদিনই। তবে বর্তমান নির্বাচকের এমন জ্বলে ওঠাটাও সেদিন এতটা চমকে দেয়নি দর্শকদের, যতটা দিয়েছিল টেটসু ফুজির বোলিং। সেদিন ফুজি উইকেট নিয়ে নয়, বল করেই চমকে দিয়েছিলেন সবাইকে।
জাপানি ক্রিকেটার ফুজির প্রোফাইলে লেখা ডানহাতি মিডিয়াম পেসার। কিন্তু সেদিন বাংলাদেশের বিপক্ষে ডান-বাম দুই হাত ব্যবহার করেই বল করেছিলেন তিনি। কে জানে, তাতেই বিভ্রান্ত হয়েই কি না বাংলাদেশের দুজন ব্যাটসম্যানই আউট হয়ে গেলেন তাঁর বলে। ৩ ওভার বল করে ৩৪ রান দিয়ে ২টি উইকেট। খুব আহামরি কিছু নয়। কিন্তু ওই তিনটি ওভারেই যে পৃথিবীর বিরলতম এক ক্লাবের অংশ হয়ে গেছেন ফুজি। একই ম্যাচে ডান হাত আর বাঁ হাত—দুই হাতেই বল করার ঘটনা ক্রিকেটে আসলেই খুব বেশি ঘটেনি।
জলে-স্থলে সমান বিচরণ যাদের, তাদের বলে উভচর। দুই হাত বা কর ব্যবহার করে যে বোলাররা বল করতে পারে, কী বলবেন তাদের? উভকর! বাংলা অভিধানে অবশ্য একটা ভালো শব্দ আছে দুই হাতেই সমান দক্ষদের জন্য, যদিও সেটি ভিন্নার্থে প্রয়োগের জন্যই সুখ্যাত—সব্যসাচী!
ফুজি কিন্তু ক্রিকেটের প্রথম সব্যসাচী বোলার নন। ফুজির ওই ঘটনার কিছুদিন আগেই যে তা করে দেখিয়েছেন শ্রীলঙ্কার হাশান তিলকারত্নে, তাও কিনা বিশ্বকাপে! শেষ ওভারে কেনিয়ার জয়ের জন্য দরকার ছিল ১৪৯ রান। তিলকারত্নের প্রথম তিনটি বল ছিল বাঁ হাতি স্পিন, পরের তিনটি করলেন ডানহাতি অফ স্পিন!
পাকিস্তানের হানিফ মোহাম্মদ কিন্তু এই কাজ করেছিলেন ৪৭ বছর আগে। গ্যারি সোবার্সের রেকর্ড গড়া ৩৬৫ রানের ইনিংসের দিনেই কিন্তু নিজের দুই হাত ঘুরিয়েছিলেন এই পাকিস্তানি। অনেকেরই দাবি, ডানহাতি এই অফ স্পিনারের বাঁহাতি স্পিনেই নাকি ৩৬৫তম রানটি নিয়েছিলেন সোবার্স। সে ঘটনার সত্যতা প্রমাণ করা না গেলেও দুই হাতে বোলিং করাটার ঘটনাটি সত্যি।
২০০৪ সালে সুনামিতে ক্ষতিগ্রস্তদের জন্য একটি প্রীতি ম্যাচ সিরিজের আয়োজন করেছিল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সেই সিরিজের এক ম্যাচে ড্যারিল টাফি হাসির হুলোড় তুলেছিলেন বোলিং করতে গিয়ে। ডান হাতি পেসার টাফি পুরো এক ওভার করেছিলেন বাঁ হাতি স্পিনার ডেনিয়েল ভেট্টরিকে নকল করে।
দুই হাতে বল করতে দেখলে হাসি আসতে পারে। কিন্তু যাঁকে কেন্দ্র করে ক্রিকেটের এই উভকর বোলারদের গল্পটার আয়োজন, সেই অক্ষয় কারনেওয়ার কিন্তু সিরিয়াসই ছিলেন। কদিন আগে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাতেই এই কাণ্ড করেছেন বরোদার এই স্পিনার!
কারনেওয়ারের দুই হাতেই বোলিং করার ভিডিও দেখুন:
আরও পড়ুন: