ক্রিকেটের 'ভ্রাতৃত্রয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকমল ভাইয়েরা।
আকমল ভাইয়েরা।

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পাড় করছে জিম্বাবুয়ে দল। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই আয়ারল্যান্ড দলও চলে এসেছে জিম্বাবুয়েতে। গতকাল হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ ঘোষণার পরপরই ক্রিকেটে অভিজাত এক রেকর্ডের অংশ হয়ে গেল জিম্বাবুয়ে দল। আরও নির্দিষ্ট করে বললে মাসাকাদজা পরিবার। গতকাল জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে ওয়েলিংটন মাসাকাদজার। ফলে এক পরিবার থেকে তিনজন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন—এমন একটি তালিকায় স্থান করে নিল মাসাকাদজা পরিবার।
হ্যামিল্টন মাসাকাদজা জিম্বাবুয়ের দলের অংশ অনেক দিন ধরেই। শিঙ্গিরাইও জিম্বাবুয়ে দলের নিয়মিত মুখ। এবার দলে ঢুকে পড়লেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন। একই পরিবার থেকেই তিন তিনজন আন্তর্জাতিক ক্রিকেটার! তবে ক্রিকেটে এ রকম ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। বর্তমান ক্রিকেটারদের মাঝেই যেমন আকমল ভাইয়েরা আছেন। কামরান, উমর এবং আদনান তিনজনই নিকট অতীতে পাকিস্তান দলের হয়ে খেলেছেন। আকমল ভাইদের আগের ঘটনাটি অবশ্য জিম্বাবুয়ের প্রতিবেশী দেশ কেনিয়াতেই ঘটেছিল। ওবুইয়া ভাইদের কথা বলা হচ্ছে। একসময় বাংলাদেশ দলের জন্য বিশাল মাথা ব্যথার কারণ ছিলেন কেনেডি ওটিয়ানো ওরফে কেনেডি ওবুইয়া। আর ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার সেমিফাইনাল খেলার পেছনে কেনেডির ভাই কলিন্স ওবুইয়ার লেগ স্পিনের ছিল অনেক বড় অবদান। ওই বিশ্বকাপেই কেনিয়া দলে খেলেছেন আরেক ভাই ডেভিড ওবুইয়া।
আন্তর্জাতিক ক্রিকেট এক পরিবার থেকেই তিন ভাইকে খেলতে দেখেছে আরও সাত বার। শুরুটা হয়েছিল ক্রিকেটের অন্যতম বিখ্যাত এক নাম দিয়ে। ডব্লিউ জি গ্রেসের নাম ক্রিকেট সংশ্লিষ্ট সবারই জানা কিন্তু ১৮৮০ সালে ওভাল টেস্টে মাঠে যে তাঁর দুই ভাইও ছিলেন সেটি জানা নেই অনেকেরই। এডওয়ার্ড এবং ফ্রেডরিকও ইংল্যান্ডের হয়ে সেদিন টেস্ট খেলতে নেমেছিলেন উইলিয়ামের (ডব্লিউ জি) সঙ্গে। ইংল্যান্ডের আরও তিন ভাইয়ের ক্রিকেট খেলার ঘটনা আছে। ১৮৯১-৯২ মৌসুমে হার্ন পরিবারের দুই ভাই অ্যালেক, জর্জ ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তৃতীয় ভাই ফ্রাঙ্ক অবশ্য দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন ওই টেস্টে! দক্ষিণ আফ্রিকার হয়ে অগাস্টাস, ভিনসেন্ট এবং লুইস ট্যানক্রিডেরও টেস্ট খেলার সৌভাগ্য হয়েছিল। অস্ট্রেলিয়ার চ্যাপেল ভাইদের কথা ভুললেও চলবে না। ইয়ান, গ্রেগ এবং ট্রেভর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। ইয়ান এবং গ্রেগ তো অস্ট্রেলিয়াকে নেতৃত্বও দিয়েছিলেন। তবে ছোট ট্রেভর বড় দুই ভাইয়ের মতো প্রতিভাবান না হওয়ায় খুব বেশিদিন খেলতে পারেননি অস্ট্রেলিয়া দলে। এই তালিকায় শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নামও আছে। অর্জুনার দুই ভাই দাম্মিকা এবং সঞ্জীবাও সাদা পোশাকে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন। বাংলাদেশের স্থানীয় ক্রিকেটের খুব পরিচিত এক নাম সেলিম এলাহী। তিনিও আছেন এই তালিকায়। মঞ্জুর, জহুর এবং সেলিম এলাহী তিন ভাইই পাকিস্তান দলের হয়ে খেলেছেন।
এক দিক দিয়ে পাকিস্তানের ‘মোহাম্মদ’ ভাইয়েরা এই তালিকার মাঝেও নিজেদের আলাদা করে রেখেছেন। কারণ চার চারজন ‘মোহাম্মদ’ ভাইকে দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট। হানিফ, মুশতাক, সাদিক এবং ওয়াজি মোহাম্মদ টেস্ট খেলেছেন পাকিস্তানের হয়ে। চার ভাইয়ের টেস্ট খেলার এই রেকর্ড এখনো অধরা রয়ে গেছে ক্রিকেটে। আর বর্তমান প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বিতাময় ক্রিকেটে রকম ঘটনা ঘটার সম্ভাবনাও বেশ দুরূহ!