ক্রিকেটেরই জয়গান এলিয়টদের
হতাশায় ক্রিজেই শুয়ে পড়েছেন ডেল স্টেইন। সমবেদনার হাত বাড়িয়ে তাঁকে টেনে তুললেন গ্রান্ট এলিয়ট। টেনে তুললেন আসলে ক্রিকেটের চেতনাকেও। আরেক ধাপ ওপরেও কি নিলেন না? সত্যি বলতে, ছবিটা এখন ইতিহাসেরই অংশ। ইতিহাসের অংশ যেমন গ্রান্ট এলিয়টও।
স্টেইন লেংথ বল করলেন, সেটিকে ছয় মেরে ম্যাচ জিতিয়েছেন। নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো নিয়ে গেলেন বিশ্বকাপের ফাইনালে। তবে এমন অনন্য কীর্তির পরও উল্লাসে ভেসে যাচ্ছেন না এলিয়ট, ‘আমার মনে হয় তার জন্য (স্টেইন) আপনার সমবেদনা থাকা উচিত। জয়ে বা পরাজয়ে, বিনয়ী হওয়া দরকার। আমি এমনই। তার কথা ভেবে আমার দুঃখ লাগছে, দক্ষিণ আফ্রিকার অনেকের জন্যও আমি দুঃখিত।’
অথচ স্টেইনের জায়গায় থাকতে পারতেন এলিয়টও। পরাজয় যে কঠিন এক সত্যের নাম, তা জানেন তিনি। তাই অনুভব করছেন আফ্রিকানদের কষ্ট, ‘আমরাও তো হারতে পারতাম। শেষ দুই বল মিস করে আমিও ওইভাবে বসে থাকতে পারতাম। হতাশায় ভেঙে পড়তে পারতাম। সঙ্গে হতাশ হতো মাঠের ৪০ হাজার দর্শকও, আমি নিশ্চিত।’
ম্যাচের আধা ঘণ্টা পর ভিলিয়ার্সরা গিয়েছিলেন নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে, একসঙ্গে বিয়ার পান করেছেন। ব্রেন্ডন ম্যাককালামের মুখেও প্রোটিয়াদের চেতনার প্রশংসা, ‘ওরা দারুণ খেলেছে। শক্ত মানসিকতা দিয়েই পরাজয় মেনে নিয়েছে। পরাজয়েও অনেক বিনয়ী ছিল। ওদের হারাতে আমাদের অসাধারণ খেলতে হয়েছে।’
স্টেইনকে সমবেদনা জানানো সেই ছবির সঙ্গে এলিয়ট, ম্যাককালামদের সৌজন্য। জয় তো আসলে ক্রিকেটেরই! ক্রিকইনফো, ওয়ানইন্ডিয়া নিউজ।