ক্রিকেট-সম্মানের শিখরে মার্টিন ক্রো

এই ইডেন পার্কেই প্রথম আন্তর্জতিক ওয়ানডে খেলতে নেমেছিলেন ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে। আজ সেই একই মাঠে আইসিসির ‘হল অব ফেম’-এ আনুষ্ঠানিকভাবে ঢুকে গেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক-ব্যাটসম্যান মার্টিন ক্রো। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্যবিরতিতে স্মারক ক্যাপ তুলে দেওয়া হয় ক্রিকেট ইতিহাসের অন্যতম ‘স্টাইলিশ’ এই ব্যাটসম্যানের হাতে। আইসিসির ‘হল অব ফেম’-এ ৭৯তম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন এই কিংবদন্তি।
এই বিরল সম্মাননা আছে আরও দুজন নিউজিল্যান্ড খেলোয়াড়ের। রিচার্ড হ্যাডলি এবং ডেবি হকলের পর মার্টিন ক্রো তৃতীয়। দারুণ উচ্ছ্বসিত মার্টিন ক্রো বলেন, ‘নিজেকে আমার দারুণ সম্মানিত মনে হচ্ছে। আমি আরও খুশি কারণ বন্ধু রিচার্ড হ্যাডলির সঙ্গে একই দলে আমিও যোগ দিতে পারলাম।’ ৫২ বছর বয়সী ক্রো লড়ছেন দুরারোগ্য ক্যানসারের সঙ্গে। স্মারক ক্যাপ হস্তান্তরের সময় ইডেন পার্কে উপস্থিত প্রায় ৪০ হাজার দর্শক দাঁড়িয়ে সম্মান জানান তাঁকে।
১৩ বছরের ক্যারিয়ারে মার্টিন ক্রো নিউজিল্যান্ড দলের হয়ে খেলেছেন ৭৭টি টেস্ট ম্যাচ। তাঁর থলেতে আছে ১৭টি টেস্ট শতক। নিউজিল্যান্ড প্লেয়ারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটসম্যানও তিনি। ৪৫ দশমিক ৩৬ গড়ে টেস্টে তাঁর মোট রান ৫ হাজার ৪৪৪। ওয়ানডে তিনি খেলেছেন মোট ১৪৩টি। নিউজিল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের মাঠেই ১৯৯২ বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই সেমি ফাইনাল পর্যন্ত গিয়েছিল কিউইরা। যদিও সেমি ফাইনালের খেলায় তাঁর দল হেরে যায় সেবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে। সেই ম্যাচে মার্টিন ক্রো খেলেছিলেন ৯১ রানের চোখ জুড়ানো এক ইনিংস।
মার্টিন ক্রো তাঁর সম্মাননাটি উৎসর্গ করেছেন তাঁর বাবা-মাকে। একই সঙ্গে অভিভাবকদের সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ক্রিকেটের সঙ্গে ক্রো পরিবারের সম্পর্ক বেশ পুরোনো। তাঁর বাবা ডেভ ক্রো ছিলেন একজন ক্রিকেটার। বড় ভাই জেফ ক্রো তো নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম বড় তারকাই। এবারের বিশ্বকাপের ম্যাচ রেফারিদের মধ্যে তিনিও একজন।
আইসিসির পরিচালক ও ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস যখন মার্টিন ক্রোয়ের হাতে স্মারক ক্যাপটি তুলে দিচ্ছেন, ততক্ষণে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫১ রানেই গুটিয়ে ফেলেছে কিউইরা। এবার বিশ্বকাপ জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী তিনি। আশা করছেন ২৩ বছর আগে নিজে যা পারেননি, এবার সেই অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করবেন তাঁর উত্তরসূরিরা।