ক্রিকেট-স্বপ্নের খামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শহরের উপকণ্ঠে কাপাশিয়ায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ চলছে স্বপ্নাতুর কিশোরদের l সৌজন্য ছবি
রাজশাহী শহরের উপকণ্ঠে কাপাশিয়ায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ চলছে স্বপ্নাতুর কিশোরদের l সৌজন্য ছবি

নাঈমুর রহমান দুর্জয়—অষ্টম শ্রেণির ছাত্র। খুব ভালো লেগ স্পিনার। লেগ স্পিনারদের বড় অস্ত্র গুগলি, ফ্লিপার এখনই তাঁর আয়ত্তে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ম্যানেজার ও হালে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ দারুণ উচ্ছ্বসিত ছোটখাটো গড়নের এই ছেলেটিকে নিয়ে। বগুড়ার এই ছেলেটির বাবা ছিলেন একজন ক্রিকেট-পাগল মানুষ। অকালে পৃথিবী ছেড়ে যাওয়া মানুষটির ক্রিকেট নিয়ে কতটা পাগলামি ছিল, সেটি তো বলে দেয় ছেলের নামকরণই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের নামে নাম রেখেই তাঁর স্বপ্নটা জানিয়ে গেছেন। ছোট্ট দুর্জয়ের লেগ স্পিনে হাতেখড়ি বাবার কাছেই। বাংলাদেশের ক্রিকেটে একজন ভালো মানের লেগ স্পিনারের অভাবটা তিনি উপলব্ধি করেছিলেন। খালেদ মাহমুদ বললেন, এই দুর্জয়কে আমরা যদি ভালো প্রশিক্ষণ দিতে পারি, সে যদি লেগে থাকতে পারে ধৈর্য নিয়ে, তাহলে জাতীয় ক্রিকেট দল আরেকজন ‘নাঈমুর রহমান’কে পেতেই পারে।

দুর্জয়ের মতোই এমন অনেক কিশোর রাজশাহী শহরের উপকণ্ঠে কাটাখালি পৌরসভার কাপাশিয়ায় অবস্থিত ‘বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি’কে ঘিরে স্বপ্ন দেখছে।  রাজশাহী ও এর আশপাশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের ছেলেরা এই একাডেমিতে নাম লিখিয়ে আগামী দিনের সাকিব-তামিম হতে চায়। কিশোরদের সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিয়েছে বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেড। বেসরকারি এই প্রতিষ্ঠানের উদ্যোগে সেই ২০০৮ সাল থেকেই ‘বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি’ নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছে; অবদান রাখছে দেশের ক্রিকেটে। এই একাডেমিরই ছাত্র তাইজুল ইসলাম আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশ। এই একাডেমিতে প্রশিক্ষণ নিয়েই মাইশুকুর রহমান খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলে, অভিষেক মিত্র, মোহাম্মদ সুজন আলী, নাঈম ইসলাম জুনিয়র, নিহাদ-উজ-জামান, তৌহিদ হৃদয়রা খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটু পেছনের দিকে অবস্থিত জায়গাটা। ঢাকা-রাজশাহী মহাসড়কের ঠিক ওপরে, হাতের ডান দিকে বিশাল সবুজ একটা মাঠ। সেদিকে একটু আগ্রহ নিয়ে তাকালেই বিশাল কর্মযজ্ঞ চোখে পড়বে। একই রঙের পোশাক পরে শত শত ছেলে দাপিয়ে বেড়াচ্ছে মাঠে। কেউ ব্যাটিং অনুশীলন করছে, কেউ ফিল্ডিং। দলবেঁধে মাঠের চারদিকে চক্কর দেওয়ার ব্যাপারটিও আপনার চোখ এড়াবে না। সবুজ প্রান্তরে পুরো ব্যাপারটিই অন্য রকম এক মুগ্ধতা ছড়াবে সবার মধ্যে। আগ্রহ তৈরি করবে, সেখানে আসলে কী হচ্ছে! একাডেমিটা ঘুরে দেখলে মুগ্ধ হতেই হয়। এত বড় জায়গায়, অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে একাডেমিটি যেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকেই (বিকেএসপি) টেক্কা দিতে চায়। ১১ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে রয়েছে ১টি বিশাল মাঠ, ২টি প্রশিক্ষণ মাঠ, তিন লেনের একটি ইনডোর, একটি জিম ও ৬০ জনের মতো ছাত্রের থাকা-খাওয়ার সুবিধা। ২টি বোলিং মেশিন, ২টি ম্যাটিং উইকেট, একটি ফ্লিক্স উইকেট, ২টি কংক্রিট উইকেট ও অনুশীলনের জন্য তিনটি টার্ফ উইকেট জানিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধার কথা। সবচেয়ে বড় ব্যাপার, এতসব আধুনিক সুযোগ-সুবিধা সত্ত্বেও ‘অলাভজনক প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে ওঠাটাই বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। রাজশাহী ও এর আশপাশের জেলার প্রায় ৬৫০ জন ছাত্র ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন নিয়ে এখানে এসেছে। এদের বেশির ভাগকেই (অর্ধেকেরও বেশি) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নামমাত্র অর্থ নিয়ে। দরিদ্র পরিবার থেকে উঠে আসা অনেক প্রতিভাকেই এই একাডেমি গড়ে তুলছে, একেবারে নিজেদের খরচে, বিনা মূল্যে।

একাডেমিতে ছাত্রদের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে ভাগ করে। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯—এই তিনটি গ্রুপকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আছেন সর্বোচ্চ পর্যায়ে খেলা সাবেক ক্রিকেটাররা। প্রধান কোচ খালেদ মাহমুদ। অন্যতম কোচ জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম ভোলা। এই দুজন ছাড়াও অন্তত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের লেভেল-২ কোচিং কোর্স করা এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলা আরও সাবেক ৫ ক্রিকেটার কোচ হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

কিশোর দুর্জয়ের মতোই গল্প এই একাডেমির অনেক ছাত্রেরই। জীবনসংগ্রামের পারিবারিক বলয়ে থেকে তাদের চোখে-মুখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নে পরিবারকে সচ্ছলতা দেওয়ার সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারটিও খুব বড় জায়গা করেই আছে। রাজশাহীর প্রত্যন্ত এই অঞ্চলের একটা প্রজন্মের মধ্যে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি স্বপ্নগুলোকে সঞ্চারিত করে বড় একটা সামাজিক দায়িত্বও পালন করে চলেছে।