ক্রিস রিডের ১০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার কাউন্টিতে ডারহামের বিপক্ষে নটিংহ্যামশায়ারের ম্যাচটা শুরুর সময় ক্রিস রিডের নামের পাশে ৯৯৮টি ডিসমিসাল। প্রথম ইনিংসে একটা আউটেই তাঁর অবদান থাকল। ডারহাম পেসার গ্রাহাম ওনিয়নসের ক্যাচ নিয়ে ৯৯৯-এ পৌঁছে গেলেন। এরপর শুধু সেই ‘ম্যাজিক ফিগার’ ছোঁয়ার অপেক্ষা। সেটা হয়ে গেল দ্বিতীয় ইনিংসেই। প্রতিপক্ষ অধিনায়ক পল কলিংউডের ক্যাচটা নিলেন, সঙ্গে সঙ্গেই ইতিহাসে নাম উঠে গেল ক্রিস রিডের। প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার ডিসমিসাল!
কীর্তিটা অবশ্য খুব বিরল নয়। তাঁর আগে আরও ২৫ জন উইকেটকিপার এ তালিকায় নাম তুলেছেন। তবে সংখ্যাটা ২৫ থেকে ২৬ হতে সময় লেগেছে দেড় যুগ! রিডের আগে সর্বশেষ এ কীর্তি গড়েছিলেন সাবেক ইংল্যান্ড উইকেটকিপার জ্যাক রাসেল, ১৯৯৭ সালে। রিডের আন্তর্জাতিক অভিষেক এরও দুই বছর পরে! ১৬৪৯ ডিসমিসাল নিয়ে এ তালিকায় সবার ওপরে সাবেক ইংল্যান্ড উইকেটকিপার বব টেলর।
১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন ক্রিস রিড। প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার ডিসমিসালের মাইলফলক ছুঁলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ডিসমিসাল কিন্তু মাত্র ৯৭টি! ১৯৯৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর প্রথম তিন বছর কেটেছে ডেভন ও গ্লস্টারশায়ারে। ১৯৯৮ সাল থেকে আছেন নটিংহ্যামশায়ারে, অনেক দিন ধরে দলের অধিনায়কও। এ অর্জনটা রিডের জন্য আরও আনন্দময় হয়ে এসেছে তাঁর দল ম্যাচটা জেতায়। ক্রিস রিডের উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না, ‘সতীর্থরা সবাই এসে আমাকে জড়িয়ে ধরেছে। ম্যাচ শেষে ওরা আমাকে ‘‘গার্ড অব অনার’’ও দিয়েছে, আমি এতটা আশা করিনি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।