ক্রীড়া প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

চাকরিসূত্রে আট বছর সৌদি আরবে থাকলেও দুই বছরে একবার দেশে আসা হয়ই। এবারও যেমন এলেন। তবে কোরবানির ঈদ পর্যন্ত ছুটি নিয়ে এবার আসার অন্য একটা উদ্দেশ্যও ছিল। কাল ফতুল্লা স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে দাঁড়িয়ে মিজানুর রহমানই জানাচ্ছিলেন, ‘বাংলাদেশের খেলা হলে সৌদিতে আমরা খুব মজা করে দেখি। বড় খেলা থাকলে অনেক সময় কাজেও যাই না। কিন্তু কখনো মাঠে এসে খেলা দেখিনি। এবার পরিকল্পনাই ছিল ভারতের খেলার সময় দেশে থাকব, খেলা দেখব।’ সৌদি আরবে খেলা দেখেন ইন্টারনেটে, খেলার খোঁজখবরও ইন্টারনেটেই রাখেন। কিন্তু গ্যালারিতে বসে দেশের খেলা দেখার আনন্দ কি আর তাতে পাওয়া যায়! ঝড়বৃষ্টি উপেক্ষা করে সকালে কুমিল্লা থেকে চলে আসার উদ্দেশ্য সেটাই। ঢাকায় ছোট একটা কাজ সেরে দুপুরের আগেই চলে এলেন স্টেডিয়ামে। কিন্তু ভাগ্য খারাপ। বৃষ্টির কারণে বলতে গেলে সারা দিনে খেলাই হলো না। মিজানুর রহমানের অবশ্য তাতেও আফসোস নেই, ‘আমার কোনো দুঃখ নেই। মাঠে আসতে পেরেছি, একটু খেলা দেখেছি, এটাই যথেষ্ট। আমি খুশি।’ ঢাকায় গিয়ে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোও দেখার ইচ্ছার কথা জানালেন, সঙ্গে সঙ্গে একটা অনিশ্চয়তাও ফুটে উঠল চেহারায়, ‘টিকিট পাব কি না, তা অবশ্য জানি না।’