জনতার নায়ক হবেন নাসির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলে দারুণভাবে ফিরলেন নাসির। ছবি: প্রথম আলো
দলে দারুণভাবে ফিরলেন নাসির। ছবি: প্রথম আলো

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পরই যে প্রশ্নটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, নাসির হোসেন কেন দলে নেই? অবশেষে দলে ফিরেছেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে সেই আস্থার প্রতিদানও দিয়েছেন। আজ যখন, যে অবস্থায় নামলেন, নাসির শতভাগটাই দিয়েছেন। যদিও মাশরাফি বিন মুর্তজার ব্যাটিং-ঝলকে আড়ালেই পড়ে যাবে নাসিরের ২৭ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসটা। তবে মাশরাফিকে সঙ্গ দেওয়ার কাজটা করেছেন ঠিকভাবে। অষ্টম উইকেটে ৬৯ রানের জুটি, পুরো ইনিংসেই সর্বোচ্চ। এই জুটি না হলে খেলা তো অর্ধেকেই শেষ!

১৬৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার বাংলাদেশের অলআউট হওয়াটা সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। বিপর্যয়ের এই করুণ ছবি বদলে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মাশরাফি-নাসিরের অষ্টম উইকেট জুটি। ৪৯ বলের জুটিতে পাল্টা আক্রমণ করেছেন দুজন। প্রথমে মাশরাফি, পরে নাসির। যদিও শেষ তিন ওভারে মাত্র ২১ তুলল বাংলাদেশ, না হলে একসময় ২৫০ হবে বলেও মনে হচ্ছিল। 

মাশরাফির মতো একের পর এক স্লগ করতে পারেননি নাসির। প্রথম বাউন্ডারিটা পেয়েছেন ১৯ বলে খেলে। জ্যাক বলকে পরপর দুই বাউন্ডারিই নাসিরের ইনিংসের সবচেয়ে উজ্জ্বলতম দিক। বাউন্ডারির ফুলঝুরি হয়তো নেই, তবে শেষ দিকে উইকেটে নাসিরের উপস্থিতিটা অনেক কাজে দিয়েছে বাংলাদেশকে। এতে ব্যাটিংয়ে ঝড় তোলার ঝুঁকিটা নিতে পেরেছেন অধিনায়ক।
এমনিতে নাসির অনেক দিন ধরেই ব্রাত্য। দলে থাকেন ঠিকই, একাদশে সুযোগ পান না খুব একটা। গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপটা প্রায় বসেই কেটেছে তাঁর। আজ ওয়ানডে খেলতে নামলেন প্রায় এক বছর পর। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার জড়তা কাটিয়ে ৮ নম্বরে ব্যাটিং করে শেষ পর্যন্ত উইকেটে থেকে নিজের কাজটা দারুণভাবেই করেছেন।
ব্যাটিংয়ে হয়েছে, এখন নাসিরের ‘আসল’ কাজ বাকি। ইংল্যান্ডের সামনে ২৩৯ রানটা পাহাড়সম করে তুলতে বোলিংয়ে তাঁকে ভালো করতেই হবে। অবশ্য বোলিংয়ে অতীত পরিসংখ্যানও তাঁকে উজ্জীবিত করবে। ২০১৫ সালে ১৬ ওয়ানডেতে নিয়েছেন ১৬ উইকেট, বাংলাদেশের বোলারদের মধ্যে ছিলেন শীর্ষ পাঁচে।
ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে সহজাত অসাধারণ ফিল্ডিংয়ের প্রদর্শনীটাও যদি দেখা যায়, প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে নাসিরের। হয়ে উঠতে পারেন জনতার নায়কও!