ক্রীড়ামন্ত্রীকে ধুয়ে দিলেন মালিঙ্গা

লাসিথ মালিঙ্গার বুকের পাটা আছে বলতে হবে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর সমালোচনার জবাব তিনি দিয়েছেন কড়া ভাষাতেই। প্রশ্ন রেখেছেন দেশের খেলাধুলায় ক্রীড়ামন্ত্রীর অবদান নিয়ে।
চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার চরম ব্যর্থতায় বেশ ক্ষুব্ধ দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী দায়াসিরি জয়াসেকেরা সম্প্রতি লঙ্কান ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মালিঙ্গা-ম্যাথুসদের ফিটনেস ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে খারাপ।
একটি পত্রিকার ওয়েবসাইটে জয়াসেকেরার এ মন্তব্যের জবাব দিতে গিয়ে মালিঙ্গা রূপকের আশ্রয় নিয়েছেন, ‘যখন টিয়া পাখিকে খাঁচায় পুরে রাখা হয়, খাঁচার বাইরের বানররা খুব চেঁচামেচি করে। কেবল টিয়া পাখিই বোঝে খাঁচায় থাকার যন্ত্রণাটা কেমন। টিয়া পাখির উচিত বিষয়টি সম্পর্কে বলা, বানরের নয়। বানর যদি খাঁচায় থাকার যন্ত্রণা নিয়ে আলাপ করা শুরু করে, তাহলে সমস্যা তৈরি হয়।’
মালিঙ্গার সেই ‘বানর’ যে ক্রীড়ামন্ত্রী জয়াসেকেরা, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আর ‘টিয়া পাখি’ শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ফিল্ডিংয়ে ক্যাচ ফেলা নিয়েও ক্রীড়ামন্ত্রীর সমালোচনার জবাব দিয়েছেন, ‘আরামকেদারায় বসে অনেক কিছুই বলা যায়। ক্রিকেটে বিশ্বের সেরা ফিল্ডারও ক্যাচ ফেলতে পারে। ক্রিকেটের কোনো বাস্তব জ্ঞান ছাড়া ক্রিকেট নিয়ে যারা কথা বলে, তারাই বলবে ফিটনেসের সমস্যার কারণে ক্যাচ পড়ে। আমার আসলে এ ধরনের লোকজনের মন্তব্যের জবাব দেওয়ার সময় নেই।’
মালিঙ্গার ক্ষোভ এখানেই শেষ হয়নি। ৩৩ বছর বয়সী এই ফাস্ট বোলার বলেন, ‘শ্রীলঙ্কা পাঁচটি বিশ্বকাপের (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) ফাইনালে খেলেছে। এখন সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই অনেক কথা বলতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা এখন বড় বড় কথা বলছেন, দেশের খেলাধুলায় তাদের অবদান কী?’ সূত্র: দ্য আইল্যান্ড।