ক্রুইফের সর্বকালের সেরা ১১
ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে গত ২৪ মার্চ অন্যলোকে পাড়ি জমিয়েছেন ইয়োহান ক্রুইফ। মৃত্যুর এত দিন পর আগামী মাসে প্রকাশিত হতে যাচ্ছে হল্যান্ড, বার্সেলোনা ও আয়াক্স কিংবদন্তির আত্মজীবনী মাই টার্ন: আ লাইফ অব টোটাল ফুটবল। সেখানেই দেওয়া হয়েছে ক্রুইফের চোখে সর্বকালের সেরা এই একাদশ।
তো কারা আছেন একাদশে? দলে নিজের নামটিই রাখেননি টোটাল ফুটবলের স্বপ্নবাহক। তবে এমন ১১ জনকে রেখেছিলেন, যাঁদের সবাই অবসর নিয়েছেন অনেক আগে। দুটি নাম খুব সহজেই অনুমেয়—পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। সর্বকালের সেরা দুই কিংবদন্তির পাশে আক্রমণে ক্রুইফ রেখেছিলেন হল্যান্ড ও আয়াক্স সতীর্থ পিট কাইজারকে, ডাচ্ লেখক নিকো শিপমেকার যাঁর ব্যাপারে বলেছিলেন, ‘ক্রুইফ সেরা, তবে কাইজার তাঁর চেয়েও ভালো।’
৩-৪-৩ ফরমেশনে মিডফিল্ডের দুই পাশে থাকছেন ব্রাজিল ও আর্জেন্টিনার দুই কিংবদন্তি। বাঁ পাশে রিয়াল মাদ্রিদকে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতানো আলফ্রেডো ডি স্টেফানো, ডান পাশে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের গারিঞ্চা। আর মাঝে বার্সেলোনায় ক্রুইফের ‘ড্রিম টিমে’র অধিনায়ক পেপ গার্দিওলার সঙ্গী ইংল্যান্ড কিংবদন্তি ববি চার্লটন।
রক্ষণেও নামগুলো যথেষ্ট উজ্জ্বল—১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক কার্লোস আলবার্তো, খেলোয়াড় ও কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জেতানো ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও আয়াক্স কিংবদন্তি রুড ক্রল। গোলকিপার? আর কে, লেভ ইয়াসিন! মার্কা।
সেরা একাদশ: লেভ ইয়াসিন, কার্লোস আলবার্তো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রুড ক্রল, আলফ্রেডো ডি স্টেফানো, গারিঞ্চা, পেপ গার্দিওলা, ববি চার্লটন, পিট কাইজার, পেলে, ম্যারাডোনা।