১ উইকেটে ৮৮ রান নিয়ে দিনটা শুরু করেছিল জিম্বাবুয়ে। সেটা যখন মধ্যাহ্নবিরতির আগেই ৬ উইকেটে ১৩৯ হয়ে গেল, সামনে ফলো অনের শঙ্কা। শ্রীলঙ্কা বোধ হয় তখনো আন্দাজ করতে পারেনি, জিম্বাবুয়ের ইনিংসের সবচেয়ে বড় প্রতিরোধটা আসবে এর পর।
ষষ্ঠ উইকেট পড়ার পর মাঠে নেমেছিলেন গ্রায়েম ক্রেমার। এই টেস্টের আগে জিম্বাবুইয়ান লেগ স্পিনারের ব্যাটিং গড় ছিল ১০.৭৫। দিনের খেলা মিনিট পনেরো বাকি থাকতে যখন জিম্বাবুয়ে অলআউট হয়ে গেল, স্কোরবোর্ডে রান ৩৭৩। ক্রেমার অপরাজিত ১০২ রানে! ফলো অনের শঙ্কা কেটে গেছে। সবচেয়ে বড় কথা, ক্যারিয়ারের প্রথম এই সেঞ্চুরি দিয়েই রেকর্ড বইয়ের অনেক অভিজাত তালিকায় নিজের নাম তুলেছেন ক্রেমার। দেশের শততম টেস্টে সেঞ্চুরি করা ষষ্ঠ ক্রিকেটার তিনি, অধিনায়ক হিসেবে দ্বিতীয়।
এর আগে বল হাতেও শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন। একই টেস্টে সেঞ্চুরি ও ৪ উইকেট নেওয়া সপ্তম অধিনায়ক ক্রেমার। প্রথম জিম্বাবুইয়ান তো অবশ্যই। তাঁর আগে ৮ নম্বর বা এর নিচে ব্যাট করে জিম্বাবুয়ের হয়ে টেস্টে সেঞ্চুরি আছে মাত্র একজনের। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই কীর্তি গড়েছিলেন দলটির এখনকার কোচ হিথ স্ট্রিক। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫৩৭ ও ৩ ওভারে ৫/০ (করুণারত্নে ১*, সিলভা ৩*; পোফু ০/০, ক্রেমার ০/৫)। জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৭.৫ ওভারে ৩৭৩ (মায়োয়ো ৪৫, চারি ৫, মাসাকাদজা ৩৩, আরভিন ১২, উইলিয়ামস ১০, ওয়ালার ২২, মুর ৭৯, ক্রেমার ১০২*, তিরিপানো ৪৬, মুম্বা ১, লাকমল ২; লাকমল ৩/৬৯, কুমারা ১/৯০, হেরাথ ৩/৯৭, পেরেরা ২/৬৬, গুনারত্নে ০/২৩, ডি সিলভা ০/১০, মেন্ডিস ১/১০)।