
নিউজিল্যান্ড ক্রিকেট শুনলে সবার আগে চোখের সামনে দুজন মানুষের ছবি ভেসে ওঠে। বোলিংয়ে রিচার্ড হ্যাডলি আর ব্যাটিংয়ে মার্টিন ক্রো। প্রথমজনকে সরিয়ে দেওয়ার ধারেকাছেও কেউ যেতে পারেননি। তবে ক্রো নিজেই বলেছিলেন, একদিন তাঁকে ভুলিয়ে দেবেন কেন উইলিয়ামসন। বর্তমান অধিনায়ক এখনো সে চূড়ায় উঠতে পারেননি। তবে এক কীর্তিতে কাল পূর্বসূরিকে ছুঁয়ে ফেলেছেন উইলিয়ামসন, ছাড়িয়ে গেছেন অন্য এক কীর্তিতে।
সেডন পার্কে কাল উইলিয়ামসন পেয়েছেন ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি। যে সেঞ্চুরি তাঁকে বসিয়েছে ক্রোর পাশে। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন এই দুজনের। পুরো দিনে ২১৬ বল খেলে অপরাজিত ১৪৮ রান করেছেন উইলিয়ামসন। ক্রোর পাশে বসেছেন ১৫১তম বলে। ইনিংসের দশম চারে পৌঁছে যান তিন অঙ্কে। তবে এর আগে ক্রোকে ছাড়িয়ে যেতে চার নয়, একেবারে ছক্কাই মেরেছিলেন। ভারনন ফিল্যান্ডারকে পুল করে ৫৭ থেকে ৬৩-তে পৌঁছানোর পথেই টেস্টে ৫ হাজার রান হয়ে গেছে তাঁর। এ মাইলফলক ছুঁতে ক্রোর লেগেছিল ১১৭ ইনিংস। উইলিয়ামসনের লাগল ১১০ ইনিংস। অধিনায়কের রেকর্ডময় দিন শেষে ৪ উইকেটে ৩২১ রান নিউজিল্যান্ডের। তৃতীয় দিন শেষে ৭ রানে এগিয়ে স্বাগতিকেরা।
যেভাবে উইলিয়ামসন ব্যাটিং করেছেন, সেটাও ছিল দেখার মতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে রেকর্ড ১৯০ রানের জুটিতে তাঁর সঙ্গী ছিলেন জিত রাভাল। উইলিয়ামসন যেখানে প্রায় ৭০ স্ট্রাইক রেটে রান তুলেছেন, সেখানে রাভালের ৮৮ রানের ইনিংসটি ছিল ২৫৪ বলের। উইলিয়ামসনের ব্যাটে এতটাই মুগ্ধ রাভাল, দুজনের ব্যাটিংয়ের তুলনা করতে সার্কাসের দুই চরিত্রের প্রসঙ্গও টানলেন, ‘মনে হচ্ছিল অন্য প্রান্তে মাস্টার (রিং) ব্যাটিং করছে, আর আমি দাঁড়িয়ে আছি সংয়ের মতো! তাকে ব্যাটিং করতে দেখার অভিজ্ঞতাটাও অবিশ্বাস্য।’ সার্কাসে রিংমাস্টার যেমন সবকিছু নিয়ন্ত্রণ করেন, পুরো দিনের খেলাটাই এভাবে নিয়ন্ত্রণ করেছেন উইলিয়ামসন।
অন্য প্রান্তে রাভালকে কাল আবারও হতাশ হতে হয়েছে। সেই কবে ১৯৫৩ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রান করেছিলেন জিওফ র্যাবোন। প্রোটিয়াদের বিপক্ষে নিউজিল্যান্ডের কোনো ওপেনারের টেস্ট সেঞ্চুরির সর্বশেষ ও একমাত্র উদাহরণ হয়ে আছে সেটি। ঠিক আগের ইনিংসেই (৮০) রাভালের মুঠো গলে বেরিয়ে গেছে কীর্তিটা, কাল আবারও! রাভালের বিদায়ের ২০ রান পর আরও ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। অবশ্য তারপরও কাল হাসিমুখেই মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৯.২ ওভারে ৩১৪ (ডি কক ৯০; হেনরি ৪/৯৩)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১০৪ ওভারে ৩২১/৪ (উইলিয়ামসন ১৪৮*, রাভাল ৮৮, ল্যাথাম ৫০; মরকেল ২/৭৪, রাবাদা ২/৮৩)।