ক্রোর পরামর্শেই গাপটিলের বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাপটিল
গাপটিল

ব্রেন্ডন ম্যাককালামের মতো বিধ্বংসী এক ব্যাটসম্যান খেলেন তাঁর দলে। আছেন কেন উইলিয়ামসনের মতো দারুণ প্রতিভাবান একজনও, এই সময়ে যাঁকে মনে করা হয় বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। নিজের দিনে কোরি অ্যান্ডারসন আর রস টেলররাও ভয়ংকর হয়ে ওঠেন বলে প্রতিপক্ষের ভয় থাকে তাদের নিয়েও। এতজনের মাঝে আড়ালে থেকে যাওয়াই যেন মার্টিন গাপটিলের নিয়তি ছিল এত দিন। সেই গাপটিলই ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ইনিংসটা খেলে কেড়ে নিলেন সবটুকু আলো। টানা দুই সেঞ্চুরিতে এখন এ বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান তাঁর। প্রতিপক্ষের বড় দুশ্চিন্তার নামও তিনি। কীভাবে এই বদলে যাওয়া?
রহস্যটা কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়া সেই ইনিংসের পরেই খোলাসা করেছেন কিউই ওপেনার। কিংবদন্তি নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্টিন ক্রোর পরামর্শই বদলে দিয়েছে তাঁকে। ক্রোর কথামতোই ফুটওয়ার্ক আর স্টান্স নিয়ে কাজ করেছেন। ব্যাট হাতে তাই যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সাবলীল।
এখন ক্যানসারের সঙ্গে চূড়ান্ত লড়াই চলছে ক্রোর। তবে ক্রিকেটের প্রতি মমতা থেকেই এখনো নিয়মিত মাঠে যাচ্ছেন, যাচ্ছেন ধারাভাষ্যকক্ষে। এই প্রজন্মের কিউই ক্রিকেটারদের সাহায্য করার বেলায়ও তিনি উদার। টেকনিক নিয়ে গাপটিল তাঁর কাছে পরামর্শ চাওয়ার পর তাই সানন্দেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে সেই পরামর্শ সাফল্যের সঙ্গে কাজে লাগানোর জন্য গাপটিলকেই বেশি কৃতিত্ব দিয়েছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক, ‘২৮ বছর বয়সে এসে নিজেকে বদলানোর সিদ্ধান্তটাই বেশ সাহসী। সে শুধু ওয়ানডে নয়, টেস্টেও সফল হতে চায়। আমার মনে হয়, সে ঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
কোয়ার্টার ফাইনালে গাপটিলের ওই অসাধারণ ইনিংসের পরই তাঁকে একটা খুদে বার্তাও পাঠিয়েছেন মার্টিন ক্রো। কী লেখা ছিল সেখানে শুনবেন? শুধু ‘ওএমজি’। তবে এই ‘ওএমজি’র মানে নাকি বিস্ময় প্রকাশ করে ‘ওহ মাই গড’ বলা নয়। তাহলে কী? সেটা ব্যাখ্যা করেছেন ক্রো নিজেই, “এর মানে হতে পারে ‘ওহ মার্টিন গাপটিল’ অথবা ‘ওহ মাই গ্যাপ’। কয়েক মাস ধরে আমাদের যতবার কথা হয়েছে আমি তাঁকে বলেছি, ব্যাট করার সময় ফিল্ডার নয়, গ্যাপ দেখবে শুধু। আর যত বেশি গ্যাপ খুঁজবে, তত বেশি সেটা পাবে।”
পরপর দুই ম্যাচে এমন ছন্দে থাকা গাপটিলকে দেখে অবশ্য মনে হচ্ছে এখন তিনি শুধু চোখে ‘গ্যাপ’ই দেখেছেন! এএফপি।