ক্র্যাপ-টেন থেকে ক্যাপ্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করলেন জো রুট l রয়টার্স
টেস্ট অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করলেন জো রুট l রয়টার্স

অধিনায়কত্ব জো রুট আগেও করেছেন। তবে ইংল্যান্ড দলকে নয়, এর আগে নেতৃত্ব দিয়েছেন কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারকে। অভিজ্ঞতাটা অবশ্য খুব সুখের ছিল না। পরশু লর্ডসে রুটের নেতৃত্বে জিতল ইংল্যান্ড, এই লর্ডসেই ২০১৪ সালে এক ম্যাচে ইয়র্কশায়ারের অধিনায়কত্ব করেছিলেন। ৪৭২ রান তাড়া করে ম্যাচটি জিতে নিয়েছিল মিডলসেক্স! তারপরই সতীর্থদের কাছে রুটের নাম হয়ে যায় ‘ক্র্যাপ-টেন’! ক্র্যাপ মানে জানেন তো, জঞ্জাল!

পরশু লর্ডস টেস্টে ইংল্যান্ডকে দুর্দান্তভাবে জিতিয়ে রুট ডাকনামটা গা থেকে খসাতে পারলেন? মুখে হাসি ছড়িয়ে রুট একটু মজাই করে নিলেন, ‘এমন একটি ডাকনাম পাওয়া কিন্তু মন্দ নয়!’ রুট মজাটা করতে পারলেন মনের মধ্যে জয়ের আনন্দটা ছিল বলেই। ইংল্যান্ড দলে অধিনায়কত্বের অভিষেকেই জয়। চার দিনে লর্ডস টেস্ট জয়ের পর সতীর্থদের ধন্যবাদও জানিয়েছেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক।

১৯০ রান করে ইংল্যান্ডের জয়ের ভিত অবশ্য প্রথম ইনিংসে গড়ে দিয়েছিলেন রুট নিজেই। দ্বিতীয় ইনিংসে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক আর উইকেটকিপার জনি বেয়ারস্টো ফিফটি করেছেন। এর সঙ্গে অলরাউন্ডার মঈন আলীর ক্যারিয়ারে প্রথম ম্যাচে ১০ উইকেট পাওয়ায় জয় এসে গেছে সহজেই। তবে ২১১ রানের বিশাল জয়ের কৃতিত্ব রুট দিয়েছেন গোটা দলকে, ‘(সতীর্থদের কাছে) কী চাইব তা আমি বুঝতেই পারছিলাম না। কিন্তু আনন্দের ব্যাপার হলো, আমি তাদের কাছে যা চেয়েছি সেটা করতে তারা উন্মুখ ছিল। আমি চেয়েছিলাম সবাই যেন দায়িত্ব নিয়ে নিজেদের কাজটা প্রতিপক্ষ কিছু করে ফেলার আগেই করে রাখে। সবাই সেটা করেছেও।’

প্রথম ইনিংসে ৫৯ রানে ৪ উইকেট নিয়েছেন মঈন আলী। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে নিয়েছেন ৬ উইকেট। সব মিলিয়ে ১১২ রানে ১০ উইকেট। চতুর্থ ইনিংসে বোলিং করে জয় পেয়েছে এমন ম্যাচগুলোয় ১৯৬৯ সালের পর ইংল্যান্ডের কোনো স্পিনারের সেরা বোলিং। ১৯৬৯ সালে এই লর্ডসেই ডেরেক আন্ডারউড ৩২ রানে নিয়েছিলেন ৭ উইকেট। অসাধারণ বোলিংয়ের জন্য মঈন আলী অধিনায়কের কাছ থেকে বাড়তি প্রশংসাই পেয়েছেন, ‘আক্রমণাত্মক মেজাজে থাকলে মঈনের সেরাটা বেরিয়ে আসে। তাকে খেলাটা তখন কঠিন হয়ে যায়।’

সর্বশেষ ভারত সফরে স্পিনসহায়ক উইকেটেও মঈন আলী এতটা করতে পারেননি। লর্ডসে বল হাতে এমন ভয়ংকর হয়ে ওঠার রহস্য কী? মঈন বলেছেন ভারত সফরের অভিজ্ঞতাই এখানে কাজে লেগেছে, ‘ভারতে আমি হয়তো জোরে বল করার চেষ্টা করেছিলাম। আমার স্বাভাবিক বোলিংয়েই অনেক গতি আছে। ভারত সফরে আমার অ্যাকশন থেকে শিক্ষা পেয়েছি। সাকির (সাকলায়েন মুশতাক) সঙ্গে কথা বলেছি। তাঁর সাহায্য পেয়েছি। এখানে আমার চিন্তাটা ভিন্ন ছিল। ব্যাটসম্যানদের আরও আক্রমণ করতে চেয়েছি। লর্ডসে এমন পারফরম্যান্স করতে পারাটা দারুণ।’

নিজের এই পারফরম্যান্সের কৃতিত্ব পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাকলায়েনকেই দিয়েছেন মঈন, ‘আমি এটা তাঁকে (সাকলায়েন) উৎসর্গ করছি। রুটি (জো রুট) আমাকে ব্যাটসম্যানদের আক্রমণ করতে বলেছিল। শেফও (কুক) তা-ই বলেছিল। এটা নতুন অধিনায়কের অধীনে নতুন শুরুর মতো।’ এএফপি, গার্ডিয়ান।