ক্লান্তির সফরটা অবশেষে শেষ!

পরাজয়ের একটা ক্লান্তি আছে। হারের বোঝা বইতে থাকা দলকে তাই ভারাক্রান্ত দেখায়। নিজ দেশের মাটিতে একের পর এক সাফল্যের চূড়া ছুঁয়ে বিদেশ যাত্রার প্রথম পরীক্ষাতেই বাংলাদেশ ব্যর্থ হলো। ৮ ম্যাচের সবগুলোতে হেরে অবশেষে শেষ হলো বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটা।
তিন ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টির পর এবার দুই টেস্ট সিরিজের দুটিতেও শূন্য হাতে ফিরল বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয়ে নিউজিল্যান্ডকে বাংলাদেশ লক্ষ্য দিয়েছিল মাত্র ১০৯ রানের। ঝড়ের বেগে রান তুলে চতুর্থ দিনেই খেলা শেষ করে দিল নিউজিল্যান্ড। ম্যাচ জিতল ৯ উইকেটে।
পুরো এক দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ টেস্টটা হারল কার্যত তিন দিনে। টানা দুবার ওয়ানডেতে ‘বাংলাওয়াশ’ হওয়ার শোধ নিউজিল্যান্ড তুলে নিল এক সফরেই তিনবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে!
এই সফরে বাংলাদেশের প্রাপ্তি যে একেবারেই ছিল না, তাও নয়। কিছু কিছু লড়াইয়ের টুকরো ছবি তো ছিলই। কিন্তু সেই টুকরো ছবিগুলো মিলিয়ে একটা পরিপূর্ণ চিত্র বানাতে পারল না বাংলাদেশ। বিশেষ করে টেস্ট খেলাটায় এক সেশনের ভুল যে শুধরে নিতে না পারলে বড় মাশুল গুনতে হতে পারে, সেটাও নতুন করে শিখল দল। নাকি শিখল না? ভুল থেকে শেখা মানে তো ভুলের পুনরাবৃত্তি নয়।’
এই টেস্টেও তৃতীয় দিন শেষে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু আজ চতুর্থ দিনটাই বাংলাদেশকে একেবারে ছিটকে দিল। প্রথমে ব্যাটে এরপর বোলিংয়ে বাংলাদেশকে হারের মুখে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ২৫৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষ তিন জুটিতে যোগ করল ৯৮ রান। ক্রিকেট জুটি খেলা—নিউজিল্যান্ডের শেষটা দেখেও বুঝল না বাংলাদেশ! অধিনায়কত্ব যে একদমই পছন্দ না, দুই ইনিংসে আউটের ধরন দিয়ে তামিম ইকবাল বুঝিয়ে দিলেন। লাঞ্চের আগে ১০ ওভারে ওই একটাই পতন। কিন্তু চার বিরতির আগে আরও চারটি এবং চা বিরতির পর শেষ পাঁচটি উইকেট হারিয়ে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ৩২ ওভারের মধ্যে শেষ ৯ উইকেট নেই!
সৌম্য সরকারের ৩৬, মাহমুদউল্লাহর ৩৮ ছাড়া মিডল ও লোয়ার মিডল অর্ডারে আর কেউ দাঁড়ালেনই না। অভিষিক্ত তরুণ নাজমুলের ৬০ বলে ১২ হয়ে গেল ক্ষণিকের প্রতিরোধ। সৌম্য-মাহমুদউল্লাহ সেট হয়েও ইনিংস বড় করার দিকে আগ্রহ পেলেন না। বাকিরা তো সেট হওয়ার চেষ্টাও করেননি!
নবম উইকেটে কামরুল-তাসকিনের ৫১ রানের জুটিটাই হয়ে গেল ইনিংসের সর্বোচ্চ। এই সফরে যেটি মাত্র পঞ্চম ফিফটি বা এর বেশি রানের জুটি বাংলাদেশের! ১০৯ রানের লক্ষ্য নিউজিল্যান্ড ছুঁতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল, খেলাটা আজই শেষ করতে পারবে কি না। এ নিয়ে উত্তেজনাও জমতে দিল না স্বাগতিকেরা। ১৯ ওভারেই শেষ করে দিল খেলা!
উন্নতির ছাপ অবশ্যই আছে বাংলাদেশের খেলায়। কিন্তু দায়হীন ব্যাটিংয়ের কদর্য রংটা সেই ছাপগুলোকে আড়াল করে দিচ্ছে। আর তাই ‘উন্নতি’র তৃপ্তির ঢেকুর তোলার বদলে আত্মবিশ্লেষণ বোধ হয় বেশি জরুরি!
একটাই ‘আশা’র কথা, প্রায় এক মাসের দীর্ঘ এই ক্লান্তিকর সফরটা অবশেষে শেষ হলো!
সংক্ষিপ্ত স্কোর
(তৃতীয় দিন শেষে, নিউজিল্যান্ড ১ম ইনিংস ৭ উইকেটে ২৬০)
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯২.৪ ওভারে ৩৫৪ (নিকোলাস ৯৮, টেলর ৭৭, লাথাম ৬৮; সাকিব ৪/৫০, কামরুল ২/৭৮, মেহেদী ২/৫৯, তাসকিন ১/৮৬)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৫২.৫ ওভারে ১৭৩ (মাহমুদউল্লাহ ৩৮, সৌম্য ৩৬, তাসকিন ৩৩, কামরুল ২৫, নাজমুল ১২, তামিম ৮, সাকিব ৮, রুবেল ৭, মিরাজ ৪; ওয়াগনার ৩/৪৪, সাউদি ৩/৪৮, বোল্ট ৩/৫২, গ্রান্ডহোম ১/২৭)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস (লক্ষ্য ১০৯): ১৮.৪ ওভারে ১১১/১ (লাথাম ৪১*, গ্রান্ডহোম ৩৩*, রাভাল ৩৩; কামরুল ১/২১, তাসকিন ০/২১, মিরাজ ০/২৭, সাকিব ০/২৮)।
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: টিম সাউদি।
টেস্ট সিরিজের ফল: নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।