ক্লাবগুলো কীভাবে চলবে, সময় এসেছে ভাবার

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে গত বুধবার। ক্যাসিনো চালানোর জন্য ক্লাবের জায়গা ভাড়া দিয়েছেন ক্রিকেট বোর্ড পরিচালক। এ নিয়ে বেশ আলোচনা চলছে ক্রীড়াঙ্গনে। কারণ অভিযোগ শুধু মোহামেডান নয়, আরামবাগ, দিলকুশা, ইয়ংমেনস, ওয়ান্ডারার্স ও ভিক্টোরিয়া ক্লাবের বিপক্ষেও উঠেছে। সবগুলো ক্লাবেই অবৈধভাবে ক্যাসিনো চালানোর প্রমাণ মিলেছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হাউজি ও জুয়া খেলা অনেকটাই স্বাভাবিক ধরে নেওয়া হয়। ক্লাবের দৈনন্দিন খরচ মেটানোর জন্য তাসের বিভিন্ন খেলা ও হাউজির প্রচলন প্রায় সবাই জানেন। কিন্তু তার মাঝেই ক্যাসিনোর এমন আবির্ভাবে নড়েচড়ে বসতে হচ্ছে সবাইকে। ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান অবশ্য এর উল্টো দিকটাও দেখছেন। বর্তমান পরিস্থিতিতে ক্লাব চালানোর জন্য যে প্রয়োজনীয় অর্থ দরকার, সেটা সঠিক উপায়ে আয়ের পথ খোঁজার জন্য ভাবতে বলছেন নাজমুল।
ইউরোপীয় ফুটবলের অনেক ক্লাবই সদস্যদের ভাতা ও স্পনসরের অর্থে চলে। অনেক ক্ষেত্রে কোনো ব্যবসায়িক গোষ্ঠী ক্লাব কিনে নিয়ে পরিচালনা করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব হচ্ছে না। কারণ এখানে ক্লাব চালিয়ে সেটাকে ব্যবসায়িকভাবে লাভজনক করা কঠিন। এ কারণেই ক্লাবগুলো দিন দিন পিছিয়ে পড়ছে বলে ধারণা ক্রিকেট বোর্ড সভাপতির, ‘অর্থ কোথা থেকে আসবে। আগে এক ধরনের স্পনসর ছিল। পাড়ায় মুরুব্বিদের কাছে গেলে টাকা পাওয়া যেত, তাঁরাই চালাতেন। যা দিতেন তা দিয়ে আমরা ক্লাব চালাতে পারতাম। এখন এভাবে ক্লাব চালানো যায় কি না আমি জানি না। আমি তো এখন ক্লাব চালাই না, জানি না। বহু আগের কথা বলছি। যখন ক্লাব চালাতাম তখন এলাকার কয়েকজন ব্যবসায়ী সাপোর্ট দিতেন, সেটা নিয়ে দল চালাতাম। তখন অনেক কম টাকা লাগত। তখন টাকাটা খেলায় মূল ব্যাপার ছিল না। কিন্তু এখন টাকা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর কিছু ক্লাব যখন অনেক টাকা খরচ করে দল বানাতে পারে সে জন্য প্রতিযোগিতায় এখন টিকে থাকা তো অনেক কঠিন।’
বাংলাদেশে ফুটবল ও ক্রিকেটে অনেক ক্লাবই প্রয়োজনীয় অর্থের অভাবে দল গড়তে পারছে না। ইয়ংমেনস ফকিরাপুল ক্লাব যেমন ফুটবলে প্রিমিয়ার লিগে উঠেও অর্থাভাবে খেলেনি। ওদিকে ক্লাব ভবনেই চলেছে ক্যাসিনো। লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু ক্যাসিনোর মতো অবৈধ উপায়েও ক্লাব চালানো বাস্তবসম্মত চিন্তা নয়। নাজমুলও ক্লাবগুলোর এ অসহায়ত্বের কথা জানেন, ‘ক্লাব চালানো এখন কঠিন। এটা বাস্তবতা। আপনি যদি একটা ক্লাব চালাতে যান, ফুটবলে ৬/৭ কোটি টাকা লাগে বলে আমি শুনেছি। ক্রিকেটে ৪/৫ কোটি টাকা লাগে। এটা কিন্তু অনেক টাকা। আগে এই জিনিসটা ছিল না। আগে খেলোয়াড়রা বলতে গেলে বিনা পয়সায় খেলত। আকরাম খানদের সময়ের কথা চিন্তা করেন, আর এখনকার সময়ের কথা চিন্তা করেন। পর্যাপ্ত খেলোয়াড় যদি না থাকে ওদের নিয়ে টানাটানি হবেই। এবং ওদের দর বাড়তেই থাকবে। বিদেশি খেলোয়াড়ের আধিক্য বাড়ছে, খরচ বাড়ছে। এই ক্লাবগুলো কীভাবে চালানো হবে, এটা নিয়ে আমার পক্ষে মন্তব্য করা কঠিন, তাও মনে হয়, সময় এসেছে সবাই মিলে চিন্তা করার এই ক্লাবগুলো কীভাবে পরিচালিত হবে।’