ক্লাবে রাজনীতি যতটা এগিয়েছে, ক্রিকেট ততটা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শীর্ষ লিগ নানা সময়ে কলঙ্কিত হয়েছে ক্লাব রাজনীতির কারণে। প্রতীকী ছবি
দেশের শীর্ষ লিগ নানা সময়ে কলঙ্কিত হয়েছে ক্লাব রাজনীতির কারণে। প্রতীকী ছবি

বাংলাদেশের ক্রিকেট ঠিক পথেই আছে তো? উত্তর খুঁজেছেন রানা আব্বাস। ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ—

>
  •  শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের আগে মোসাদ্দেক হোসেনকে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলতে ছেড়ে দেওয়া নিয়ে বেশ শোরগোল হয়েছে দেশের ক্রিকেটে।
  •  বাংলাদেশের ক্লাব-সংস্কৃতি কতটা উন্নত হয়েছে সে প্রশ্নও উঠেছে।
  •  বিশেষজ্ঞরা বলছেন, ক্লাব রাজনীতির প্রভাব কিছুতেই জাতীয় দলে পড়া উচিত নয়।

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে সাব্বির রহমানকে খেলিয়ে মোসাদ্দেক হোসেনকে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলতে ছেড়ে দেওয়া নিয়ে বেশ শোরগোল হয়েছে দেশের ক্রিকেটে। এমনও প্রশ্ন উঠেছে, আবাহনীকে সুবিধা দিতেই মিরপুর টেস্টে সুযোগ পেলেন না মোসাদ্দেক! ঘরোয়া ক্রিকেটে আবাহনীর সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ। সমালোচনার তিরটা তাই তাঁর দিকেই বেশি ছোড়া হয়েছে।

এ নিয়ে তীব্র সমালোচনা হওয়ায় মাহমুদ পরে সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘ও (মোসাদ্দেক) ৫৩ বলে ৯ রান (৮) করছে, আমিও দেখেছি। আমারও ক্রিকেটজ্ঞান আছে। ’৮৩ সালে ক্রিকেট খেলা শুরু করেছি। অনেক বছর হয়েছে, চুলও পেকে গেছে এখন। কে পারে, কে পারে না, কখন কাকে দরকার, এসব আমরাও বুঝি।’

আবাহনীকে সুবিধা দিতেই মিরপুর টেস্টে সুযোগ পেলেন না মোসাদ্দেক, এই গুঞ্জনের পক্ষে স্পষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া যাবে না। তবে বাংলাদেশের ক্লাব-সংস্কৃতি কথাটা অবিশ্বাসও করতে দেয় না। বাংলাদেশে যা ক্লাব, তা-ই ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডও চালান ক্লাব কর্মকর্তারাই। ক্ষমতাধর ক্লাবগুলোই এখানে নিয়ন্তা। তাদের ইচ্ছামতোই সব হয়—সুবিধামতো সূচি, মাঠ, আম্পায়ারিং...। ২০১৬ ঢাকা প্রিমিয়ার লিগ ‘বিতর্কিত লিগে’ পরিণত হয়েছিল এভাবেই। রান-উইকেট ছাপিয়ে সেবার সবচেয়ে বেশি আলোচিত ছিল পক্ষপাতমূলক আম্পায়ারিং, লিগ এগিয়েছে একেকটি কেলেঙ্কারি ঘটিয়ে, যাতে বেশি জড়িয়েছে আবাহনীর নাম।

পক্ষপাতমূলক আম্পায়ারিং ঢাকার ক্রিকেটজুড়েই। আম্পায়ারদের পক্ষপাত, পাতানো ম্যাচ ও নিগৃহীত দলগুলোর খেলোয়াড়দের ক্ষোভের উদ্‌গিরণ হিসেবে গত বছর দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ঘটেছে ৪ বলে ৯২ ও ৭ বলে ৬৯ রান দেওয়ার মতো বিস্ফোরক ঘটনা। আন্তর্জাতিকভাবেই আলোচিত এ ঘটনায় পর খেলোয়াড়, কর্মকর্তা, ক্লাব—সবাই বড় শাস্তি পেলেও সবচেয়ে লঘু শাস্তি হয়েছে আম্পায়ারদের। এবার আবার সেই নিষিদ্ধ দুই ক্লাবকে লিগ খেলার প্রস্তুতি নিতে বলেছিল বিসিবি! পরে বিষয়টি সংবাদমাধ্যমে আলোচনা হলে বিসিবি তাদের নিষেধাজ্ঞা বহাল রাখে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিটি সিরিজে হারের পর জাতীয় দলের বাইরে থাকা এক ক্রিকেটার আফসোস নিয়ে বলছিলেন, ‘ফল কেন হচ্ছে না, সেটা নিয়েই সবাই চিন্তিত। কিন্তু গাছের শিকড়টা যে পচে যাচ্ছে, সেটি নিয়ে মনে হয় না কেউ চিন্তিত! প্রথম-দ্বিতীয় বিভাগ ক্রিকেট কীভাবে চলছে, সেটি কি ভালোভাবে দেখা হয় কখনো?’

ক্লাবগুলোর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিবির যে বিভাগটি কাজ করছে সেই সিসিডিএম বেশির ভাগ সময়ই থাকে নিষ্ক্রিয়। সক্রিয় থাকবেই বা কী করে? এটি যাঁরা চালান তাঁরাও কোনো না কোনো শক্তিশালী ক্লাবের সঙ্গে যুক্ত।
বছর দশেক আগের কথা, বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার কিছুদিন পর ঢাকার দুই বড় ক্লাব আবাহনী-মোহামেডানের অনুশীলন দেখতে গিয়েছিলেন জেমি সিডন্স। ম্যাচটা দেখে অস্ট্রেলিয়ান কোচ বিস্মিত, ভীষণ হতাশ হয়েছিলেন। টেস্ট খেলুড়ে একটা দেশের সেরা ক্লাবগুলোর নিজস্ব অনুশীলন-সুবিধা নেই! নেই জিমনেসিয়াম, ফিজিও-ট্রেনার! খেলোয়াড়েরা পানি খাচ্ছেন বালতি থেকে! সিডন্স গেছেন, আরও অনেক ‘সিডন্স’ এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু গত ১০-১১ বছরেও চিত্রটা খুব একটা বদলায়নি। বেশির ভাগ ক্লাবের অনুশীলন সারতে মিরপুরে বিসিবি একাডেমি মাঠটাই ভরসা। কোনো কোনো ক্লাব যায় ফতুল্লায়। শীর্ষ ক্লাবগুলোর এখন ফিটনেস-ট্রেনার থাকলেও খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়ে মূল ভরসা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিম। আর ছোট ক্লাবগুলো এখনো পড়ে আছে আগের জায়গাতেই। ২০১৬ প্রিমিয়ার লিগের দৃশ্যটা মনে পড়ে, বিকেএসপিতে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) হয়ে সেঞ্চুরি করা সালমান হোসেন ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করছিলেন, বারবার ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেও কোনো সাহায্য পাননি। তাঁর দলে যে ফিজিও-ই ছিল না! নিরুপায় হয়ে পাশের মাঠে অনুশীলন করতে আসা ভিক্টোরিয়ার ফিজিওকে ডেকে আনতে হয়েছিল!

নতুন কোনো খেলোয়াড় তুলে আনায় কতটা ভূমিকা রাখছে ক্লাবগুলো? না আছে কোনো যুব বা বয়সভিত্তিক দল, না আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নিজস্ব মাঠ। দলবদলে কোটি কোটি টাকা ঢালতে কোনো দ্বিধা নেই, অথচ এসবের পেছনে সামান্য কিছু টাকা খরচ করতেও তাদের অনীহা!
খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, খেলার মান যতটা বাড়ার কথা ছিল, এসব না হলেও একটি জায়গা ঠিকই আছে—ক্লাব-রাজনীতি। জাতীয় দলের সাবেক কোচ সরওয়ার ইমরান বলছিলেন, ‘আমাদের ক্রিকেট সংস্কৃতি অনেকটা ক্লাবভিত্তিক। ক্লাব সংস্কৃতিতে যেহেতু ভালো কিছু নেই, জাতীয় দলে সেটার প্রভাব পড়বে। জাতীয় দল আগে, ক্লাব পরে—এই সংস্কৃতিটা গড়তে না পারলে নেতিবাচক ঘটনার পুনরাবৃত্তি হবে। আমাদের ক্রিকেট উন্নয়নে ক্লাবগুলোর ভূমিকা অনেক, এটা স্বীকার করতে হবে। সেই ক্লাবস্বার্থ যদি জাতীয় দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা অবশ্যই দুঃখজনক।’

খেলোয়াড়িজীবন থেকেই আবাহনীর সঙ্গে যুক্ত আকরাম খান। টানা দুবার হয়েছেন বিসিবির পরিচালক। বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরামও অনুভব করেন, জাতীয় দলে কখনো ক্লাব রাজনীতির প্রভাব পড়া উচিত নয়, ‘এটার প্রভাব জাতীয় দলে যেন না পড়ে সে চেষ্টাই করি। এই প্রভাবটা পড়লে দেশের ক্রিকেটেরই ক্ষতি হবে। প্রতিভাবান খেলোয়াড়দের জায়গা না দেওয়া, যারা ভালো করে তাদের সুযোগ না দেওয়াটা একটা অপরাধ। আমরা চেষ্টা করি এটা যতটা দূরে সরিয়ে রাখতে। এটা একেবারে না হওয়াটাই সবচেয়ে ভালো।’