ক্লার্ক আছেন, আছে শর্তও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটকে ছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল ঘোষণা। কাল অস্ট্রেলিয়া সেটি ঘোষণা তো করলই, উন্মোচন করল বিশ্বকাপের জার্সিও। সেই জার্সি পরেই কামিন্স, ওয়ার্নার, হ্যাজলউড, ক্লার্ক ও স্টার্করা দাঁড়িয়ে গেলেন ছবি তুলতে l ক্রিকইনফো
আটকে ছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল ঘোষণা। কাল অস্ট্রেলিয়া সেটি ঘোষণা তো করলই, উন্মোচন করল বিশ্বকাপের জার্সিও। সেই জার্সি পরেই কামিন্স, ওয়ার্নার, হ্যাজলউড, ক্লার্ক ও স্টার্করা দাঁড়িয়ে গেলেন ছবি তুলতে l ক্রিকইনফো

দল ঘোষণার চূড়ান্ত সময়সীমা ছিল ৭ জানুয়ারি। অস্ট্রেলিয়া দল জমাও দিয়েছিল সময়মতো। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসিকে অনুরোধ করেছিল, সিডনি টেস্ট শেষ না হওয়া পর্যন্ত যেন সেটি গোপন রাখা হয়। মূল কৌতূহল ছিল অধিনায়ককে নিয়েই। হ্যামস্ট্রিংয়ের চোটে যাঁর বিশ্বকাপ খেলা নিয়ে ছিল ঘোর সংশয়। কিন্তু কাল সিডনিতে দল ঘোষণার সংবাদ সম্মেলনে যখন মাইকেল ক্লার্ককে পাশে নিয়েই বসলেন প্রধান নির্বাচক রডনি মার্শ, সংশয় দূর তখনই। বিশ্বকাপে থাকছেন ক্লার্ক। তবে শর্ত আছে!
শর্ত দ্বিতীয় ম্যাচের আগেই চোট কাটিয়ে ওঠার। অস্ট্রেলিয়া ধরেই নিয়েছে প্রথম ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না তারা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও যদি টস করতে না পারেন ক্লার্ক, তবে আর রাখাই হবে না তাঁকে দলে। পরিবর্তে নেওয়া হবে অন্য কাউকে। ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়েই পর্দা উঠবে বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচটি ৭ দিন পর। এই বড় সময়টা হাতে পাওয়াতেই অধিনায়ককে রাখার ঝুঁকি নিতে পেরেছেন নির্বাচকেরা। ক্লার্ক যদি বেঁধে দেওয়া সময়ে ফিট হতে না পারেন, তাহলে নেতৃত্ব দেবেন জর্জ বেইলি।
এমনিতে আর কোনো চমক নেই দলে। রায়ান হ্যারিসকে রাখা হতে পারে বলে গুঞ্জন ছিল। কিন্তু টেস্টে দলের সবচেয়ে বড় সম্পদ এই চোটপ্রবণ পেসারকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকেরা। টেস্টের পারফরম্যান্সেই বরং জায়গা পেয়েছেন জশ হ্যাজলউড। রাখা হয়েছে আরেক চোটপ্রবণ তরুণ ফাস্ট বোলার প্যাট কামিন্সকে। স্পিনের লড়াইয়ে নাথান লায়নকে হারিয়েছেন জেভিয়ার ডোহার্টি। বৃত্তের বাইরে মাত্র চার ফিল্ডার বলেই আক্রমণাত্মক, কিন্তু খরুচে লায়নের চেয়ে হিসাবি ডোহার্টিকে বেশি উপযোগী মনে হয়েছে নির্বাচকদের।
ক্লার্ক খেলতে না পারলে স্মিথকে নেতৃত্ব দেওয়ার দাবি ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে অনেকের। তবে বেইলিকেই বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন রড মার্শ, ‘মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে যখনই সুযোগ পেয়েছে, জর্জ বেইলি দারুণ নেতৃত্ব দিয়েছে। আর স্টিভ মাত্রই টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়ে ক্লান্ত। ওয়ানডেতে শুধুই মনের আনন্দে খেলুক।’
ক্লার্কের মতোই হ্যামস্ট্রিংয়ের চোটে বাইরে থাকা অলরাউন্ডার মিচেল মার্শও আছেন দলে। নির্বাচকদের আশা, প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন মার্শ। খেলতে দেখা যেতে পারে এমনকি আসন্ন ত্রিদেশীয় সিরিজের দু-একটি ম্যাচেও। সাম্প্রতিক পারফরম্যান্সে খানিকটা সংশয় থাকলেও শেষ পর্যন্ত রাখা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, প্যাট কামিন্স, জেভিয়ার ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন, জশ হ্যাজলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।