
ফিল হিউজের অকালমৃত্যুর শোকটা তাঁর সতীর্থদের মধ্যে সবচেয়ে বেশি ছুঁয়েছে মাইকেল ক্লার্ককে। সেই শোক আর সঙ্গে তাঁর নিজের চোট, অ্যাডিলেডে তাই অস্ট্রেলিয়ান অধিনায়ক খেলবেন কি না, সেটি নিয়ে বেশ বড় সংশয়ই ছিল। ক্লার্কের অনুপস্থিতিতে এ কদিন সংবাদ সম্মেলন সামলেছেন মিচেল জনসন। কাল সেই জনসনই সংবাদ সম্মেলনে এসে দিলেন খবরটা—মাঠে নামার জন্য প্রস্তুত ক্লার্ক। ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন। এ লেখা পাঠকের কাছে পৌঁছানোর আগেই নিশ্চয়ই বিরাট কোহলির সঙ্গে টস করা হয়ে গেছে ক্লার্কের?
হ্যাঁ, কোহলির সঙ্গেই। চিড় ধরা আঙুল নিয়েই অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল নেটে ব্যাটিং করেছেন, কিছুক্ষণ শখ করে বোলিংও করলেন। কিন্তু শেষ পর্যন্ত নিয়মিত অধিনায়ককে আরও কদিন বিশ্রাম দেওয়াই যৌক্তিক মনে করেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। সংবাদ সম্মেলনে এসে সেটা নিশ্চিত করেছেন কোহলি নিজেই, ‘আমিই কাল (আজ) ভারতকে নেতৃত্ব দেব।’
সাদা পোশাকে প্রথমবারের মতো দেশকে নেতৃত্ব দেবেন। এই রোমাঞ্চের পাশাপাশি চ্যালেঞ্জটাও যে বড় সেটা ভালোই জানেন কোহলি। বিশেষ করে অস্ট্রেলিয়ায় পা রাখার পর থেকেই তাদের শুনতে হচ্ছে বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্সের দৈন্যদশার কথা। বারবার উঠে আসছে গত জুলাই-আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের স্মৃতি। এগিয়ে থেকেও ওই সিরিজে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হেরেছিল ভারত। কোহলি অবশ্য স্পষ্ট জানিয়ে দিলেন, ওই স্মৃতি মন থেকে মুছে ফেলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার খেলবেন তাঁরা, ‘ওই দুটি মাস আমাদের জীবনের অন্য সব সময়ের মতোই। আমি জানি না বারবার কেন ওই সিরিজের কথা আসছে। আমাদের দলের বেশির ভাগেরই ওই সিরিজের টেস্ট ও বিভিন্ন সেশনে কী হয়েছিল সেসব মনে নেই। মনে রাখতেও চাই না। পুরোনো স্মৃতি আঁকড়ে থাকলে তো আপনি জীবনে এগোতে পারবেন না।’
অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা অবশ্য সদ্য প্রয়াত বন্ধু হিউজের স্মৃতি নিয়েই মাঠে নামছেন। সম্মান জানাতে অ্যাডিলেড টেস্টের প্রতীকী ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে নাম দেওয়া হয়েছে ফিল হিউজের। শোক সামলে এত জলদি আবার দলকে নেতৃত্ব দিতে ফেরার জন্য অধিনায়ক ক্লার্কের প্রশংসাও করেছেন মিচেল জনসন, ‘এতেই বোঝা যায় ও মানসিকভাবে কতটা শক্ত। সে একজন চমৎকার নেতা, আক্রমণাত্মক নেতা। ওর ফেরাটা আমাদেরও মানসিকভাবে চাঙা করবে।’ এএফপি, রয়টার্স।