ক্লার্ক বিতর্কে ম্যাকগিল-ওয়াটসন
মাইকেল ক্লার্ক ঠিক বলেছেন। মাইকেল ক্লার্ক ঠিক বলেননি।
সাবেক অধিনায়কের কথার জেরে এখন বিভক্তিই যেন দেখা দিচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে। এই সপ্তাহে প্রকাশিত তাঁর বই অ্যাশেজ ডায়েরি ২০১৫-তে সাবেক দুই সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস ও ম্যাথু হেইডেনের সঙ্গে সাবেক কোচ জন বুকাননকেও ধুয়ে দিয়েছিলেন ক্লার্ক। নিজের পোষা কুকুরের তুলনা টেনে তীব্রতম আক্রমণটা করেছেন বুকাননকেই।
কাল সেই সূত্র ধরেই বিতর্কে যোগ দিলেন স্টুয়ার্ট ম্যাকগিল ও শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার ম্যাকগিল পক্ষ নিয়েছেন ক্লার্কের। অলরাউন্ডার ওয়াটসনের সহানুভূতি বুকাননের দিকেই।
ম্যাকগিল মনে করেন বুকানন সম্পর্কে ঠিক কথাটাই বলেছেন ক্লার্ক। তাঁর কাছেও যে বুকানন ‘ভাগ্যবান’ এক কোচ! ফক্স স্পোর্টস ৫০০-এর সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাকগিল টেনে এনেছেন ক্লার্কের কুকুর জেরির কথাও, ‘মাইকেল ক্লার্কের কুকুরটা আমি দেখিনি, তবে জন বুকাননকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। ওই অভিজ্ঞতা থেকেই বলছি তার মধ্যে এমন কোনো বিশেষ গুণ দেখিনি যে কারণে তাকে বিশ্বসেরা কোচদের সারিতে রাখা যায়।’
বুকানন কতটা ভাগ্যবান ছিলেন ম্যাকগিল সেটিও ব্যাখ্যা করেছেন, ‘আমি জন বুকাননকে ভাগ্যবানই বলব। সে এমনটা একটা দল পেয়েছিল যেখানে সর্বকালের অন্যতম সেরা তিন ক্রিকেটার খেলত—ম্যাকগ্রা, ওয়ার্ন ও অধিনায়কের ভূমিকায় স্টিভ ওয়াহ। সৌভাগ্য তো একেই বলে।’
তবে শেন ওয়াটসন মনে করেন বুকাননের সমালোচনা করতে গিয়ে ক্লার্ক একটু ‘বেশিই কঠোর’ হয়েছেন। বুকানন কীভাবে তারকাখচিত একটি দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেটা উল্লেখ করেই তাঁর গুরুপ্রণাম, ‘বুকানন কী করেছেন তা নিয়ে আমি মাঝেমধ্যেই ভাবি। তিনি হয়তো খেলোয়াড়দের খেলা শেখাতেন না কিন্তু বড় তারকাদের সামলে তিনি দলকে এগিয়ে নিয়েছেন। বলিষ্ঠ ব্যক্তিত্বসম্পন্ন এতগুলো খেলোয়াড়কে সামলাতে অবশ্যই দক্ষতা লাগে।’
নতুন বইয়ে ক্লার্ক কথা বলেছেন ব্র্যাড হাডিনের অবসর নিয়েও। সর্বশেষ অ্যাশেজের তৃতীয় টেস্টের আগে হাডিনকে কীভাবে বিভ্রান্ত করেছিলেন নির্বাচক রডনি মার্শ ও কোচ ড্যারেন লেম্যান, লিখেছেন সেটাও। অসুস্থ মেয়ের পাশে থাকতে অ্যাশেজের দ্বিতীয় টেস্টটা খেলেননি হাডিন। তাঁর অনুপস্থিতিতে সুযোগ পাওয়া উইকেটকিপার পিটার নেভিল ভালো করে নির্বাচক ও কোচের আস্থা কেড়ে নেন। তৃতীয় টেস্টেও খেলবেন নেভিল, এই সিদ্ধান্তটা অধিনায়ক ক্লার্ককে জানিয়েও দেন মার্শ ও লেম্যান। কিন্তু হাডিন বিষয়টা জানতে চাইলে নাকি বিষয়টা বেমালুম চেপে গিয়েছিলেন মার্শ-লেম্যান দুজনই।
হাডিন পরে জোর করাতেই নাকি লেম্যান বলে দেন তিনি নেভিলকে চাচ্ছেন। ক্রিকইনফো, সিডনি মর্নিং হেরাল্ড।