
সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। নতুন আর্থিক কাঠামো নিয়ে বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ না হোক, কাল তো ঝামেলা চুকবেই। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও চলমান সংকটের ক্ষত সহজে শুকাবে না। দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক হতে অনেক সময় লাগবে।
গত বৃহস্পতিবার পুরোনো আর্থিক কাঠামোর মধ্যে অস্থায়ী চুক্তি করতে ক্রিকেটারদের প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজকালের মধ্যে ক্রিকেটাররা প্রস্তাব মেনে চুক্তি না করলে সালিসের জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারীর কাছে যাওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছে সিএ। গতকালও আলোচনা চলেছে সিএ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে, আলোচনা হবে আজও। এরই মধ্য কি বরফ গলবে?
ক্লার্ক মনে করেন অস্থায়ী চুক্তিতে রাজি না হলেও ক্রিকেটারদের সালিসের প্রস্তাব মেনে নেওয়া উচিত। কাল অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে ক্লার্ক বলেছেন তাঁর বিশ্বাস, শেষ পর্যন্ত সালিসেই যেতে হবে দুই পক্ষকে, ‘একজন (সাবেক) খেলোয়াড় হিসেবে বলছি সোমবারের (আজ) মধ্যে চুক্তি না হলে সালিসেই যাওয়া উচিত। আমাদের ঝামেলা চুকিয়ে ফেলা দরকার। সালিসে না গেলে এসিএ বোকামি করবে। খেলোয়াড়েরা না বলতে পারে না। তাদের হ্যাঁ বলতে হবে কারণ তাদের খেলতে হবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন আর্থিক কাঠামো মেনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ফল, চুক্তি হারিয়ে ১ জুলাই থেকেই বেকার অস্ট্রেলিয়ার প্রায় ২৩০ জনের মতো ক্রিকেটার। এই ঝামেলাতেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়েছে। আশঙ্কা আছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ, ভারত সফর বাতিল হয়ে যাওয়ারও।
বোর্ড ও ক্রিকেটারদের এই বিরোধ অস্ট্রেলিয়ার ক্রিকেটের বিশাল ক্ষতি করেছে বলেই মনে করছেন ক্লার্ক, ‘সত্যি বলতে কী আমি মনে করি এটা খেলাটার জন্য ভয়ানক ব্যাপার হলো। কোনো সন্দেহ নেই যা কিছু হয়েছে তাতে খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পর্কে আরও প্রভাব ফেলবে।’
১১৫টি টেস্ট খেলা ক্লার্ক মনে করেন অস্ট্রেলীয় ক্রিকেটের স্বার্থেই এখনই খেলায় ফেরা দরকার ক্রিকেটারদের, ‘অ্যাশেজে ইংল্যান্ডকে হারাতে চাইলে এই দলটার একটা ম্যাচও মিস করা উচিত নয়। আমাদের দরকার বাংলাদেশ যাওয়া। আমাদের দরকার ওয়ানডে খেলতে ভারতে যাওয়া। এরপর দরকার নিজেদের সেরাটা খেলে ইংল্যান্ডকে হারানো। আমরা সেটা পারব যদি এর আগে একটা দল হিসেবে কিছু ম্যাচ খেলি।’
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আসল দায়িত্ব কী, তা-ও মনে করিয়ে দিয়েছেন ক্লার্ক, ‘খেলোয়াড়েরা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কিংবা মহাব্যবস্থাপক নয়। ওটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। ঝামেলা মেটানোর, দর-কষাকষির দায়িত্ব সিএ ও খেলোয়াড়দের সংগঠনের। খেলোয়াড়দের দরকার যা তারা সবচেয়ে ভালো পারে সেই ক্রিকেটটা খেলা।’
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছিন্নভাবে নিজেদের মতামত জানাচ্ছেন তা-ও পছন্দ নয় ক্লার্কের। সাবেক অধিনায়ক মনে করেন, বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথের ক্রিকেটারদের মুখপাত্র হয়ে কথা বলা দরকার। এএফপি, ক্রিকইনফো।