ক্লার্ককে পরামর্শ পন্টিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের প্রস্তুতি ম্যাচ, কিন্তু তাঁর জন্য ছিল ফিটনেসের পরীক্ষাও। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করে সেই ফিটনেস পরীক্ষায় ভালোভাবেই উতরে গেলেন মাইকেল ক্লার্ক। কাল মেলবোর্নে l ক্রিকইনফো
দলের প্রস্তুতি ম্যাচ, কিন্তু তাঁর জন্য ছিল ফিটনেসের পরীক্ষাও। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করে সেই ফিটনেস পরীক্ষায় ভালোভাবেই উতরে গেলেন মাইকেল ক্লার্ক। কাল মেলবোর্নে l ক্রিকইনফো

টেস্টে স্টিভেন স্মিথ, ওয়ানডেতে কখনো জর্জ বেইলি কখনো স্মিথ। গত কিছুদিন পালা করে অস্ট্রেলিয়ার নেতৃত্ব সামলেছেন তাঁরা দুজন। যদিও দুই ধরনের ক্রিকেটেই এখনো অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। হ্যামস্ট্রিং চোটের কারণে একসময় বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়৷ এমনকি শঙ্কার মুখে ছিল ক্যারিয়ারও। তবে শেষ পর্যন্ত সেই চোট কাটিয়ে ক্লার্ক ফিরেছেন। বিশ্বকাপেও তাঁর কাঁধেই অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব থাকছে। তবে বিশ্বকাপ শেষে নেতৃত্ব ছেড়ে দিয়ে ওয়ানডে থেকে ক্লার্ককে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন পূর্বসূরি রিকি পন্টিং। এতে করে ক্লার্ক টেস্টে আরও বেশি মনোযোগী হতে পারবেন বলেও বিশ্বাস পন্টিংয়ের।
চোট কাটিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরেই ৩৪ রান করেন ক্লার্ক। কাল আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন, ব্যাট হাতে তাঁর রান ৬৪। বিশ্বকাপেও যে ক্লার্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকছেন সেটা নিয়ে তাই সন্দেহ নেই এখন আর।
তবে বিশ্বকাপের পরেই ক্লার্কের ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং৷ দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং চান ক্লার্ক যাতে ওয়ানডে ছেড়ে দিয়ে টেস্টের দিকে পুরো মনোযোগ দেন, ‘আমি বিশ্বাস করি বিশ্বকাপের পরই স্টিভেন স্মিথের হাতে ওয়ানডের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়ার যথার্থ সময়। ওয়ানডে থেকে অবসর নিলে ক্লার্ক নিজের শরীরটাকে একটু বিশ্রামও দিতে পারবে৷ ও চোটের জন্য ইদানীং এমনিতেই অনেক ওয়ানডে খেলতে পারছে না। তাই এখন ওর টেস্ট ক্রিকেট নিয়েই ভাবা উচিত৷’­ ক্রিকইনফো।