>

সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। শুরুটা হয়েছিল বছর চারেক আগে-পরে। কিন্তু শেষটা প্রায় একই সময়ে। কাল কলম্বোর পি সারা ওভালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো কুমার সাঙ্গাকারার। আগের দিন ওভালে শেষ করেছিলেন মাইকেল ক্লার্ক। বিদায়বেলায় শ্রদ্ধা আর শুভকামনায় ভাসছেন দুজনই। তবে এর মধ্যেও দুটি শুভকামনা বার্তার হয়তো আলাদা মাহাত্ম্য থাকবে দুজনের কাছে। সাঙ্গাকারাকে সেই শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ক্লার্ক-বন্দনাটা এসেছে কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের কাছ থেকে।
বছর এগারো আগে তাঁর অভিষেকের সময় ব্যাগি গ্রিন ক্যাপটা পরিয়ে দিয়েছিলেন শেন ওয়ার্ন। মাইকেল ক্লার্কের সঙ্গে বন্ধুত্বেরও সে-ই শুরু। তারপর যত সময় গড়িয়েছে, ক্লার্কের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে ওয়ার্নের। হয়ে উঠেছেন ক্লার্কের সবচেয়ে বড় পরামর্শদাতাও। যখনই ক্লার্কের দিকে সমালোচনার তির ছুটে গেছে, ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি। বন্ধুর বিদায়বেলায় সেই ওয়ার্ন আরও একবার মুখর হয়েছেন ক্লার্ক-বন্দনায়।
পরশু ওভাল টেস্ট শেষের পরই নিজের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছেন ওয়ার্ন। প্রায় ৬ মিনিটের সেই ভিডিও বার্তায় ওয়ার্ন বলেছেন দুজনের বন্ধুত্বের গল্প, ‘আমরা একসঙ্গে হ্যাম্পশায়ারের হয়ে খেলেছি। ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। এমন কোনো দিন যায়নি, যখন আমরা একে অন্যকে মেসেজ পাঠাইনি বা কথা বলিনি।’ প্রিয় বন্ধু ‘পাপ’কে আরেক সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডারের সঙ্গে তুলনা করে ওয়ার্ন বলেছেন, ‘ম্যাচের আগে প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে যত্নবান থাকতেন বোর্ডার। আমার মনে হয় এ ক্ষেত্রে ক্লার্ক বোর্ডারের প্রতিদ্বন্দ্বী।’
ক্লার্কের ব্যাটিং ও অধিনায়কত্বেও মুগ্ধ ওয়ার্ন, ‘তাকে অধিনায়কত্ব করতে দেখাটা আমরা উপভোগ করেছি। সে দারুণ নেতৃত্ব দিয়েছে। তাকে ব্যাটিং করতে দেখাটাও আনন্দদায়ক ছিল। স্পিন ভালো খেলত। যেভাবে সে রান করেছে সেটা ছিল দৃষ্টিনন্দন। ওর নৈপুণ্য আর কল্পনার মিশ্রণ ছিল তাতে।’
কঠিন সময়ে ক্লার্ক যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, ওয়ার্ন সেটিরও স্মৃতিচারণা করেছেন, ‘ফিল হিউজের মৃত্যুর পর সে হিউজের পরিবার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে সামনে এসেছে। ওর প্রিয় বন্ধু, যে ওর ভাইয়ের মতো ছিল, সে রকম একজনের মৃত্যুর পর সে যেভাবে সবকিছু সামাল দিয়েছে আমি মনে করি সেটা অবিশ্বাস্য।’ সিডনি মর্নিং হেরাল্ড।